প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৮:২১ পিএম
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ছবি: পাকিস্তান টুড্যে
সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও পবিত্র দুই মসজিদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তিনি বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির (এমজেডিএ) কোনো সদস্য দেশের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ হামলা হলে সম্মিলিতভাবে তার জবাব দেওয়া হবে।
সোমবার ইন্ডিপেনডেন্ট আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আহমেদ শরীফ চৌধুরী বলেন, “সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা এবং পবিত্র দুই মসজিদ- মসজিদুল হারাম ও মসজিদে নববির নিরাপত্তা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। এসব ক্ষেত্রে কোনো আপসের সুযোগ নেই। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সৌদি আরবকে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে”।
সম্প্রতি সৌদি আরবের ওপর হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলা ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তানের এই বক্তব্য সামনে এসেছে।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিরক্ষামূলক অবস্থান তুলে ধরে পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেন, “এই জোটের কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য নেই। এর মূল লক্ষ্য সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা”।
তিনি বলেন, “তিন দেশের যেকোনো একটির বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জবাব সম্মিলিতভাবে দেওয়া হবে। এই প্রতিরোধব্যবস্থা কার্যকর হলে সংঘাত এড়ানো সম্ভব হবে। তবে তা ব্যর্থ হলে তিন দেশকে তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করে প্রতিরোধক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে”।
সৌদি আরবকে পাকিস্তানের সামরিক সহায়তার ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, সামরিক সহযোগিতার কৌশলগত ও পরিচালনাগত বিষয়গুলো সাধারণত প্রকাশ করা হয় না।