× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে মারা গেলেন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০৯:৪১ এএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ২৩:২৫ পিএম

পাকিস্তানে মারা গেলেন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসী

পাকিস্তানের লাহোরে মারা গেছেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বৈশ্বিক সন্ত্রাসী মুহাম্মদ সারওয়ার। রোববার বাড়ি থেকে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানায়নি পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ (পিএমএমএল)। দলটির পাঞ্জাব শাখার সভাপতি ছিলেন সারওয়ার।

পিএমএমএলের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে সারওয়ার হঠাৎ লুটিয়ে পড়েন এবং মারা যান। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম ২৪নিউজএইচডি টিভি জানিয়েছে, সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

পিএমএমএল হলো ২০০৮ সালের মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত হাফিজ সাঈদের সংগঠন জামাত-উদ-দাওয়ার রাজনৈতিক শাখা। একাধিক সন্ত্রাসে অর্থায়নের মামলায় দণ্ডিত হওয়ার পর ২০১৯ সাল থেকে সাঈদ লাহোরের কোট লাখপত কারাগারে বন্দী রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সারওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিএমএমএলের নেতারা। তাঁদের মধ্যে রয়েছেন খালিদ মাসুদ সিন্ধু, সাইফুল্লাহ কাসুরি, হাফিজ তালহা সাঈদ, ইয়াকুব শেখ, খালিদ নায়েক গুজ্জর ও মুজাম্মিল ইকবাল হাশমি।

মুজাম্মিল ইকবাল হাশমি বলেন, “মুহাম্মদ সারওয়ারের মৃত্যুতে দল একজন শক্তিশালী ও নির্ভীক নেতাকে হারিয়েছে।”

রোববার গভীর রাতে লাহোরের চুবুরজি এলাকায় জামাত-উদ-দাওয়ার সদর দপ্তর জামিয়া আল-কাদসিয়ায় সারওয়ারের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ছিলেন সারওয়ার

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) সারওয়ার ও লস্কর-ই-তৈয়বার (এলইটি) আরেক জ্যেষ্ঠ নেতা শহীদ মাহমুদকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’ (এসডিজিটি) হিসেবে তালিকাভুক্ত করে।

লস্কর-ই-তৈয়বার অর্থ সংগ্রহ ও সহায়তা নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। ওএফএসি জানিয়েছিল, সংগঠনটির পক্ষে বা হয়ে কাজ করার কারণে তাঁদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এখতিয়ারভুক্ত তাঁদের সব সম্পদ এবং সম্পদে তাঁদের স্বার্থ অবরুদ্ধ করা হয়।

ওএফএসি সে সময় বলেছিল, সারওয়ার ও মাহমুদ লস্কর-ই-তৈয়বার কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য অর্থ সংগ্রহ ও স্থানান্তরের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্য ছিল সংগঠনটির কর্মকাণ্ড প্রকাশ্যে আনার পাশাপাশি এর আর্থিক নেটওয়ার্ক এবং প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালানোর সক্ষমতা ব্যাহত করা।

ওএফএসির তথ্য অনুযায়ী, সারওয়ার এক দশকেরও বেশি সময় ধরে লাহোরে লস্কর-ই-তৈয়বার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠনটিতে তিনি বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদেও ছিলেন। অন্তত ২০১৫ সালের জানুয়ারি থেকে তিনি লস্কর-ই-তৈয়বার লাহোর শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা