প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০৮:৫৫ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ০০:৫১ এএম
প্রতিরক্ষা খাতের গণ্ডি ছাড়িয়ে প্রযুক্তি, পারমাণবিক বিদ্যুৎ, পরিচ্ছন্ন জ্বালানি, গবেষণা ও শিল্প খাতে ভারতের বিনিয়োগ আকৃষ্ট করতে চায় পোল্যান্ড। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ভারতীয় কোম্পানিগুলোর প্রবেশ ও ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার প্রস্তাব দিয়েছে দেশটি। পোলিশ সরকারের লক্ষ্য, দুই দেশের মধ্যে বাড়তে থাকা রাজনৈতিক সম্পর্ককে কার্যকর বাণিজ্যিক চুক্তি ও শিল্প সহযোগিতায় রূপ দেওয়া।
পোল্যান্ডের অর্থ ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী আন্দ্রেজ ডোমানস্কি ওয়ারশতে স্ট্র্যাটনিউজ গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি জানান, প্রতিরক্ষা, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), প্রযুক্তি এবং জ্বালানি খাত দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে।
ডোমানস্কির মতে, ইউরোপীয় ইউনিয়নের শিল্প ও প্রযুক্তি ব্যবস্থার মধ্যে পোল্যান্ডকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ভারতীয় কোম্পানিগুলো ইউরোপের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে। একই সঙ্গে ভারতীয় বাজারে পোলিশ কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণেরও সুযোগ তৈরি হবে।
ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তবে দেশটির সরকার শুধু বিদেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। বরং এই ব্যয়কে কাজে লাগিয়ে স্থানীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে চায়।
ডোমানস্কি বলেন, ‘আমি সত্যিই চাই, এই অর্থের যতটা সম্ভব পোল্যান্ডের ভেতরেই ব্যয় হোক।’
তিনি ব্যাখ্যা করেন, প্রতিরক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী দেশীয় শিল্পব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ ব্যবস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ, প্রতিষ্ঠিত উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং প্রযুক্তি উন্নয়ন কার্যক্রমকে যুক্ত করতে চায় ওয়ারশ। এতে প্রতিরক্ষা ব্যয় দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং রাজস্ব আয় বাড়ানোর চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে পোলিশ পণ্যের রপ্তানি বাড়াতেও বিদেশি অংশীদার খুঁজছে দেশটি। এ প্রসঙ্গে পোল্যান্ডের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ডব্লিউবি গ্রুপের উদাহরণ দেন ডোমানস্কি। প্রতিষ্ঠানটির তৈরি মনুষ্যবিহীন ব্যবস্থা বা ড্রোন প্রযুক্তি ভারতীয় সশস্ত্র বাহিনী ব্যবহার করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমরা আমাদের পণ্যের জন্য রপ্তানি বাজার খুঁজছি। পাশাপাশি প্রযুক্তি এবং গবেষণা ও উন্নয়ন খাতে সহযোগিতা করতেও আমরা আগ্রহী।’
পোল্যান্ডের দৃষ্টিতে, ভারতের সঙ্গে সহযোগিতা কেবল সামরিক সরঞ্জাম কেনাবেচায় সীমাবদ্ধ থাকার প্রয়োজন নেই। যৌথ প্রযুক্তি উন্নয়ন, গবেষণা এবং শিল্প অংশীদারত্বের মাধ্যমেও দুই দেশ পারস্পরিক সুবিধা নিতে পারে। একই সঙ্গে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে পোল্যান্ডের।
পারমাণবিক বিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ
জ্বালানি খাতেও ভারতীয় বিনিয়োগের বড় সুযোগ দেখছে পোল্যান্ড। দেশটি বৃহৎ আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) স্থাপনের পরিকল্পনা করছে। এ ছাড়া স্থলভাগ ও সমুদ্রভিত্তিক জ্বালানি প্রকল্প, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণ অবকাঠামো উন্নয়নেও বিনিয়োগ বাড়ানো হবে।
ডোমানস্কি বলেন, ‘আমরা বৃহৎ আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি এসএমআরও গড়ে তুলব।’
এসব প্রকল্প বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে। তাই বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মনে করছে ওয়ারশ। ডোমানস্কি জানান, পোল্যান্ড বিভিন্ন প্রকল্পে ইকুইটি বা মালিকানাভিত্তিক বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আরও বেশি অংশগ্রহণ প্রত্যাশা করছে।
ইইউর বাজারে প্রবেশের সুযোগ
ভারতীয় কোম্পানিগুলোর জন্য পোল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবেশের একটি সম্ভাবনাময় প্রবেশদ্বার হিসেবেও তুলে ধরেন পোলিশ অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ইউরোপীয় ইউনিয়নে সম্প্রসারণে আগ্রহী ভারতীয় কোম্পানিগুলোর জন্য পোল্যান্ড পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে পারে।’
ডোমানস্কি স্বীকার করেন, ইউরোপের বাজারে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। তবে পোল্যান্ডের শিল্প ও প্রযুক্তিগত অবকাঠামো ভারতীয় কোম্পানিগুলোকে ইউরোপীয় বাজারে কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে পারে। বিনিময়ে ভারতীয় বাজারে প্রবেশ ও ব্যবসা সম্প্রসারণে পোলিশ প্রতিষ্ঠানগুলোর জন্যও নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন খাতের সন্ধান
পোল্যান্ডের অর্থনৈতিক অগ্রগতিও দেশটির বিনিয়োগ আকর্ষণের উদ্যোগকে শক্তিশালী করছে। ডোমানস্কি বলেন, শক্তিশালী ভোক্তা চাহিদা, মজুরি বৃদ্ধি এবং বিনিয়োগের কারণে অর্থনীতি ইতিবাচক ধারায় রয়েছে। ইউরোজোনের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতিও পোল্যান্ডের প্রবৃদ্ধিতে সহায়ক হচ্ছে। আগামী কয়েক প্রান্তিকেও দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশের বেশি থাকতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে দেশীয় শিল্পের বিকাশ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমূল্য সংযোজনকারী উৎপাদন খাতের সম্প্রসারণকে গুরুত্বপূর্ণ মনে করছে ওয়ারশ।
ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি নিরাপত্তা
ইউক্রেন যুদ্ধ পোল্যান্ডের অর্থনৈতিক ও নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। রাশিয়ার আগ্রাসনকে ‘একটি বিশাল ট্র্যাজেডি’ এবং ‘রাশিয়ার নৃশংস, ক্ষমার অযোগ্য আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেন ডোমানস্কি। মস্কোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা, বিশেষ করে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের কার্যক্রম ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ডোমানস্কির দাবি, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতির ওপর চাপ বাড়ছে। দেশটির দুর্বল প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতিকে তিনি এর প্রভাবের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
যুদ্ধের অবসান প্রসঙ্গে তিনি বলেন, কোন শর্তে সমঝোতা গ্রহণযোগ্য হবে, সে সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে। তাঁর ভাষায়, ‘এটি নেতাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এরপর কোনটি তাদের কাছে গ্রহণযোগ্য, তা ইউক্রেনকেই নির্ধারণ করতে হবে। আমাদের বা অন্য কোনো দেশের নয়।’
ডোমানস্কি জানান, পোল্যান্ড শান্তিপ্রক্রিয়ার অংশ হিসেবে থাকতে চায়। যুদ্ধের অবসান ঘটলে ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা কমবে। ইউক্রেনের প্রতিবেশী দেশ এবং গুরুত্বপূর্ণ সরবরাহ ও পরিবহনকেন্দ্র হিসেবে পোল্যান্ড দেশটির পুনর্গঠন কার্যক্রম থেকেও অর্থনৈতিক সুবিধা পেতে পারে।
জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে পোল্যান্ডের কৌশলও বিদেশি বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত। ডোমানস্কি বলেন, নরওয়ে, যুক্তরাষ্ট্র ও কাতার থেকে বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি গ্যাস অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে তাঁর দেশ। যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, আগেই জ্বালানির উৎস বহুমুখী করার উদ্যোগ নেওয়ায় রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হয়েছে।
সব মিলিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা এবং দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধিকে একই কৌশলের আওতায় আনতে চায় পোল্যান্ড। এ লক্ষ্য অর্জনে ভারতকে সম্ভাবনাময় বিনিয়োগকারী, প্রযুক্তিগত অংশীদার এবং পোলিশ পণ্য ও সেবার গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করছে দেশটি।
প্রতিরক্ষা, পারমাণবিক বিদ্যুৎ, পরিচ্ছন্ন জ্বালানি ও গবেষণার মতো খাতে সহযোগিতার সুযোগ থাকলেও এখন মূল চ্যালেঞ্জ হলো দুই দেশের রাজনৈতিক সদিচ্ছাকে বাস্তব বিনিয়োগ, যৌথ উদ্যোগ ও বাণিজ্যিক চুক্তিতে রূপ দেওয়া।