প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২২:৪১ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ১১:১২ এএম
ভারতে প্রাকৃতিক গ্যাসচালিত অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন কারখানাকে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর উৎপাদনকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় বছরে প্রায় ১১ লাখ টন গ্রিন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা গড়ে তোলা হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করবে এএম গ্রিন অ্যামোনিয়া (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড। এডিবির ভাষ্য অনুযায়ী, এটি বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য জ্বালানিনির্ভর অ্যামোনিয়া উৎপাদনকেন্দ্রগুলোর একটি হতে যাচ্ছে।
এ প্রকল্পের মধ্য দিয়ে ‘অ্যাকশন ফর ক্রিয়েটিং এনার্জি সিকিউরিটি ফর লং-টার্ম রেজিলিয়েন্স’ (অ্যাক্সেল) উদ্যোগের আওতায় প্রথম বিনিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে।
প্রকল্পটির অর্থায়নের অংশ হিসেবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে এবং এডিবির পরিচালনায় ‘লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড-২’ থেকে ১০ কোটি ডলার ঋণ দেওয়া হবে।
এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ভারত অনেক কম কার্বন নিঃসরণে অ্যামোনিয়া উৎপাদন করতে পারবে। একই সঙ্গে বৃহৎ পরিসরে উৎপাদনের সক্ষমতা এ শিল্পের কাঠামো পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
২০২৬ সালের মে মাসে এডিবি ও জাপান যৌথভাবে অ্যাক্সেল উদ্যোগ চালু করে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ক্রমবর্ধমান জ্বালানির মূল্য মোকাবিলা এবং অধিক স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।
অ্যাক্সেল উদ্যোগে দুটি প্রধান কর্মধারা রয়েছে। প্রথমটির লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানসহ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর স্বল্পমেয়াদি তারল্যসংকট মোকাবিলায় সহায়তা করা। অন্যদিকে, দীর্ঘমেয়াদি কর্মধারায় জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং আরও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে গ্রিন অ্যামোনিয়া উৎপাদন প্রচলিত জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎপাদনের তুলনায় কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করতে পারে। একই সঙ্গে শিল্প ও কৃষিতে ব্যবহৃত অ্যামোনিয়া উৎপাদনে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।