প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২১:৪৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ০০:২৫ এএম
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত। ছবি: বিবিসি
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে দফায় দফায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আফগানিস্তানের তালেবান সরকারের দাবি, এই সংঘর্ষে অন্তত সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তবে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, আফগান বাহিনীর বিনা উসকানিতে চালানো হামলার পাল্টা জবাবে তাদের কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আজ রবিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আফগানিস্তানের তালেবান সরকারনিয়ন্ত্রিত বার্তা সংস্থা ‘বাখতার নিউজ এজেন্সি’র বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটির পাকতিয়া প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাদের কয়েক ঘণ্টা ধরে তুমুল গোলাগুলি চলে। তালেবান সরকারি সূত্রের বরাতে বাখতার জানিয়েছে, এ সংঘর্ষে কমপক্ষে সাতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তবে এই তথ্যটি বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে দেশটির সরকারি গণমাধ্যম ‘রেডিও পাকিস্তান’ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের আপার কুররাম এলাকায় তালেবান বাহিনীর বিনা উসকানিতে চালানো গুলির মোক্ষম জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। তাদের জোরালো পাল্টা হামলায় তালেবান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং আফগান কর্মকর্তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলেও রেডিও পাকিস্তানের প্রতিবেদনে দাবি করা হয়।
অন্যদিকে তালেবান সরকারের নিরাপত্তা সূত্র বিবিসি পশতুকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বিবিসি পশতুর কাছে একটি ভিডিও পাঠিয়েছে, যাতে দেখা গেছে তালেবান বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে রকেট ও কামানের গোলা নিক্ষেপ করছেন।
এর আগে গত ১ অক্টোবর পাকিস্তান সরকার দাবি করেছিল, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বাহিনী আফগানিস্তানের দুটি জায়গায় কথিত জঙ্গি আস্তানায় সফল অভিযান চালিয়েছে। ওই হামলায় অন্তত ২২ জন জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করে ইসলামাবাদ।
তবে পাকিস্তানের সেই দাবি প্রত্যাখ্যান করেছিল তালেবান সরকার। তাদের অভিযোগ ছিল, পাকিস্তানি বাহিনী কোনো জঙ্গি আস্তানায় নয়, বরং আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে বেসামরিক নাগরিকদের বাড়িঘরে হামলা চালিয়েছে। ওই হামলায় নারী ও শিশুসহ নয়জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ১১ জন আহত হন বলে দাবি করেছিল তালেবান কর্তৃপক্ষ।