× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

আয়োজকসহ গ্রেপ্তার ৭

এনডিটিভি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:৩৫ পিএম

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলনের ঘটনার পর বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে দর্শনার্থীদের জুতা-স্যান্ডেল। ছবি: পিটিআই

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলনের ঘটনার পর বাইরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে দর্শনার্থীদের জুতা-স্যান্ডেল। ছবি: পিটিআই

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় একটি পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। পদদলনের মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মণ্ডপ পরিচালনা কমিটির কর্মকর্তাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর মুঠোফোনে ধারণ করা ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, নিচু ছাদবিশিষ্ট একটি অত্যন্ত সংকীর্ণ ও ব্যারিকেড দেওয়া গলিপথে বহু মানুষ আটকা পড়েছেন। সেখানে নারী ও শিশুরা বাঁচার জন্য আর্তনাদ করছেন। ভিডিওতে দেখা যায়, ভিড় এতটাই ছিল যে মানুষের নড়াচড়া করার কোনো জায়গা ছিল না। পদদলন থেকে বাঁচতে কিছু মানুষকে দেয়াল আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করতে দেখা যায়।

ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, তুমুল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বিপুলসংখ্যক মানুষ হুড়মুড় করে মণ্ডপের ভেতরে ঢুকছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর দিন শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে কলকাতার জনবহুল ‘চোরবাগান দুর্গাপূজা’ মণ্ডপে ভারী বৃষ্টির মধ্যে এ পদদলনের ঘটনা ঘটে। নিহত ১৯ জনের মধ্যে ১৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।

আয়োজকসহ গ্রেপ্তার ৭

এ ঘটনায় কলকাতা পুলিশ স্বপ্রণোদিত হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে (কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার) ধারায় একটি মামলা দায়ের করার পর আয়োজকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চোরবাগান দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক রাজকুমার সিউদা, সহসভাপতি শান্তনু দুবে, বাঁশের কাঠামো তৈরির কাজে যুক্ত বিপ্লব মুখোপাধ্যায়, ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কৌশিক সাহা ও পিন্টু দে এবং বেসরকারি নিরাপত্তাকর্মীদের ইনচার্জ সুমন চক্রবর্তী ও রাজেশ পাল।

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, আয়োজকদের পক্ষ থেকে করা একটি ঘোষণার জেরেই দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়েছিল।

মুখ্যমন্ত্রী বলেন, “ঘটনাস্থলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, পূজা আয়োজকদের লাউডস্পিকারে করা একটি ঘোষণার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।” তবে লাউডস্পিকারে ঠিক কী ঘোষণা দেওয়া হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

বিজেপির এই নেতা আরও জানান, নিহতদের মধ্যে দুজনের পরিবারের সদস্যরা দাবি করেছেন—মণ্ডপ এলাকায় বেসরকারি নিরাপত্তাকর্মীদের বাঁশি বাজানোর কারণে সেখানে অপেক্ষমাণ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই একসঙ্গে এগোনোর চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়।

‘থিমের চেয়ে মানুষের জীবনের মূল্য বেশি’

ঘটনার পর সব থিমভিত্তিক দুর্গাপূজার আয়োজকদের মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং প্রয়োজনীয়সংখ্যক প্রবেশ ও প্রস্থানপথ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘থিম পূজার নামে বহু মণ্ডপেই আলো কম রাখা হয়।’ আয়োজকদের কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, ‘থিমের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি।’

বড় মণ্ডপগুলোতে প্রবেশ সাময়িক বন্ধ

পদদলনে প্রাণহানির এই ঘটনার পর কলকাতার বেশ কয়েকটি প্রধান দুর্গাপূজা মণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, বিপুল দর্শনার্থী সমাগম হয় এমন মণ্ডপ—যেমন ‘টালা প্রত্যয়’, ‘আলিপুর সর্বজনীন’, ‘চেতলা অগ্রণী’ এবং ‘বালিগঞ্জ সর্বজনীন’-এ দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে।

চলতি বছর কলকাতা শহরজুড়ে প্রায় ৩ হাজার ৫০০ দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা