× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দায়িত্ব নেওয়ার ৫ দিনেই চাকরিচ্যুত ট্রাম্পের প্রেসসচিব কেটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১২:১৮ পিএম

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেটি যাকারায়া। ছবি: নিউ ইয়র্ক টাইমস

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেটি যাকারায়া। ছবি: নিউ ইয়র্ক টাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেসসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বিদায় নিতে হলো কেটি যাকারায়াকে।

শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা তার চাকরি থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরে শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেও হোয়াইট হাউস ছাড়ার কথা জানান যাকারায়া।

বিদায়বেলায় ট্রাম্পের প্রশংসা করে যাকারায়া লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একজন দয়ালু, অসাধারণ, উদার, চিন্তাশীল, উদ্যমী ও পরিশ্রমী মানুষ। আরও বেশি আমেরিকান তাঁর প্রতি শ্রদ্ধাশীল হলে ভালো লাগত। তাঁর মতো করে আর কেউ কখনো আমেরিকাকে মহান করতে পারবেন না।’

তিনি আরও লেখেন, ট্রাম্পের হয়ে কাজ করতে পারা তার জন্য সম্মানের।

প্রথম সংবাদ সম্মেলনেই বিতর্কের শুরু

প্রেসিডেন্টের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার হিসেবে পরিচিত ছিলেন যাকারায়া। তবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনেই সমালোচনার মুখে পড়েন তিনি। মঙ্গলবার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলন চলে মাত্র ১৪ মিনিট। সেখানে ট্রাম্পের সাফল্য তুলে ধরতে গিয়ে প্রস্তুত করা বক্তব্য পড়লেও সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তার উপস্থাপনা নিয়ে সমালোচনা হয়।

বিশেষ করে, মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রতিনিধির প্রশ্ন নেওয়ার পর তিনি মঞ্চ ছেড়ে চলে যাওয়ায় হোয়াইট হাউসের সাংবাদিকদের মধ্যে বিস্ময় তৈরি হয়। ওই তিনটি সংবাদমাধ্যমের মধ্যে রক্ষণশীল ঘরানার সংবাদমাধ্যমও ছিল।

সংবাদ সম্মেলনে একটি উল্লেখযোগ্য ভুলও করেন জাকারিয়া। বক্তব্যের একপর্যায়ে নিজের স্বামীকে ‘প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করেন তিনি।

আইনজীবী পরিচয় নিয়েও প্রশ্ন

প্রথম সংবাদ সম্মেলনের পর যাকারায়ার শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত পরিচয় নিয়ে বিতর্ক শুরু হয়। তিনি ক্যালিফোর্নিয়ার পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে স্নাতক হলেও আইনজীবী হিসেবে পেশাগত সনদ অর্জনের বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তিনি নিজেই নিশ্চিত করেন, একবার পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিলেন।

ট্রাম্প তাকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দিলেও যাকারায়ার আইন পেশার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। নিজেকে ‘লইয়ার’ বলার পক্ষে যুক্তি দিয়ে তিনি দাবি করেন, ‘লইয়ার’ ও ‘অ্যাটর্নি’ শব্দ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। তার ব্যাখ্যায়, অ্যাটর্নি বলতে আইন পেশায় কাজ করার আনুষ্ঠানিক অনুমতিপ্রাপ্ত ব্যক্তিকে বোঝানো হয়।

তবে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। হোয়াইট হাউসও তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণায় তাকে অ্যাটর্নি হিসেবে উল্লেখ করেছিল।

ফক্স নিউজের সাক্ষাৎকারেও অস্বস্তি

সমালোচনা সামাল দিতে গত কয়েক দিনে বিভিন্ন সংবাদমাধ্যমে কথা বলেন যাকারায়া। বৃহস্পতিবার রাতে ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি তার প্রথম সংবাদ সম্মেলন নিয়ে সরাসরি প্রশ্ন করেন, ‘কী হয়েছিল?’

যাকারায়া ব্যাখ্যা দেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনের প্রস্তুতির জন্য তিনি খুব বেশি সময় পাননি। এ ছাড়া তিনি দাবি করেন, যেসব সংবাদমাধ্যমের প্রশ্ন নিয়েছিলেন, তার মধ্যে ডেইলি মেইলকে রক্ষণশীল সংবাদমাধ্যম হিসেবে সাধারণত বিবেচনা করা হয় না।

তবে হ্যানিটি তার ‘লইয়ার’ পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “লইয়ার ও অ্যাটর্নির মধ্যে পার্থক্য নিয়ে এত দীর্ঘ ব্যাখ্যায় যাওয়ার প্রয়োজন কী? আমার মনে হয় না, অধিকাংশ মানুষ এই দুটির মধ্যে খুব একটা পার্থক্য দেখেন”।


তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা