প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ০৯:৩০ এএম
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলাকালে এআইএসএ প্রধান নেহা বোরাকে আটক করে দিল্লি পুলিশ। ছবি: পিটিআই
ভারতের রাজধানী দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা ওড়াও) বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা মুক্তি পেয়েছেন।
আটকের প্রায় ১২ ঘণ্টা পর শনিবার ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দিল্লির কনট প্লেস এলাকায় নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে আগাম সতর্কতামূলক হেফাজতে নেয় পুলিশ। প্রায় ১২ ঘণ্টার বিক্ষোভ ও দেশজুড়ে সমালোচনার পর নেহাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এআইএসএর সাবেক নেতা ও বর্তমানে সিপিআই (এমএল)-এর সঙ্গে যুক্ত এন সাই বালাজি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নিয়ে অভিজিৎকে আটক করা হয়। শনিবার দিনের পরবর্তী সময়ে তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে হাজির করা হবে।
অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় নেহা বোরার আটক-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
খোঁজ নেই অভিজিতের
এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎকে কোথায় রাখা হয়েছে, তা জানা যাচ্ছে না। এমনকি আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং লেখেন, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। তবে তার অবস্থান এখনও অজানা।
ভয় সৃষ্টির কৌশল বললেন নেহা
মুক্তি পাওয়ার পর নেহা বোরা অভিযোগ করেন, ভারতে দীর্ঘদিন ধরেই কোনো বৈধ কারণ ছাড়াই মানুষকে আটক করে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। চলমান আন্দোলনেও এমন ঘটনা প্রতিদিন ঘটছে বলে দাবি করেন তিনি।
নেহা বলেন, “বিক্ষোভকারীদের আটক করে পরদিন সকাল বা সন্ধ্যায় ছেড়ে দেওয়ার ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে”।
তার মতে, এ ধরনের আটকের মাধ্যমে সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করা হচ্ছে।
তিনি বলেন, “আজ আমি নিজেই এমন একটি ঘটনার উদাহরণ দেখেছি, যা থেকে বোঝা যায় কেন এ ধরনের বেআইনি আটক করা হয়, এর উদ্দেশ্য কী এবং কীভাবে সাধারণ নাগরিকদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয়”।
অভিজিৎ দীপকে এবং আটক অন্য বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ারও দাবি জানিয়ে নেহা বলেন, “এসব মানুষ সাধারণ নাগরিক, যারা কেবল জবাবদিহি ও ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন”।
তাদের রাতভর থানায় আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় দুই নেতাকে আটক করার পর তাদের অবস্থান এবং আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এআইএসএ ও সিজেপি।
সিজেপির অভিযোগ, অভিজিৎ দীপকেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি আইনজীবীদের সঙ্গেও কথা বলতে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, এআইএসএর দাবি, নেহা বোরাকে মঙ্গোলপুরীতে অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্সের কার্যালয়ে একা আটকে রাখা হয়েছিল।
তথ্যসূত্র: দ্য হিন্দু, এনডিটিভি