প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২২:২৪ পিএম
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের বর্বরোচিত হামলায় বিদেশি সাংবাদিকসহ কয়েকজন ফিলিস্তিনি-আমেরিকান নাগরিক আহত হন। ছবি: বিবিসি
অধিকৃত পশ্চিম তীরে বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে মুখোশধারী কয়েক ডজন কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী। এ হামলায় মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক নারী ফটোসাংবাদিক এবং চারজন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান নাগরিকসহ অন্তত ১২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলাকারীরা জলপাইবাগানে আগুন দেওয়ার পাশাপাশি অন্তত তিনটি গাড়িতেও অগ্নিসংযোগ করেছে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের আবু ফালাহ গ্রামের কৃষিজমিতে সংঘটিত এই সহিংসতা প্রত্যক্ষ করেছে বিবিসির একটি দল। সকালে সেখানে গিয়ে দেখা যায়, সরু পাহাড়ি পথ দিয়ে রক্তাক্ত জলপাইচাষিদের নিয়ে দ্রুত এলাকা ছাড়ছে একের পর এক গাড়ি। আশপাশের বাগানগুলো থেকে তখনো কালো ধোঁয়া উড়ছিল।
হামলায় গুরুতর আহত হয়েছেন দ্য ওয়াশিংটন পোস্ট-এর মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিন। পেশাগত দায়িত্ব পালনের সময় একদল বসতি স্থাপনকারী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, “ওরা হঠাৎ আমার ওপর চড়াও হয়। আমি মাটিতে পড়ে গেলে তারা এলোপাতাড়ি লাথি মারতে থাকে। আমি আমার ক্যামেরা ও ব্যাগ বাঁচানোর চেষ্টা করছিলাম। মাথায় হেলমেট ও গায়ে প্রতিরক্ষামূলক ফ্ল্যাক জ্যাকেট থাকায় কোনোমতে রক্ষা পাই। এরপর তারা আমাকে টেনে দাঁড় করায় এবং আবারও লাথি মারে। অন্তত ১০ মিনিট ধরে এভাবে নির্যাতন চালানো হয়।”
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওয়াশিংটন পোস্ট-এর নির্বাহী সম্পাদক ম্যাট মারে। এক বিবৃতিতে তিনি বলেন, দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এই ধরনের অযাচিত হামলায় তারা ক্ষুব্ধ। লেভিন স্পষ্টতই সাংবাদিক হিসেবে শনাক্তযোগ্য ছিলেন। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
হামলায় আহত ব্যক্তিদের মধ্যে মাজদি ফহিদ নামের ফিলিস্তিনি বংশোদ্ভূত এক আমেরিকান নাগরিকও রয়েছেন। রক্তাক্ত অবস্থায় গাড়ির পেছনের আসনে বসে তিনি বলেন, “আমরা জলপাই তুলছিলাম। এমন সময় প্রায় ১৫ জন বন্দুক, পাথর ও বিশেষ অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার মাথা ও ঘাড়ে আঘাত করেছে।”
পাশের তুরমুস আইয়া গ্রামের স্থানীয় পরিষদ সদস্য ইয়াসের আলকাম জানান, বসতি স্থাপনকারীরা পেরেকযুক্ত লাঠি দিয়ে মাজদির মাথায় আঘাত করায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। হামলায় মাজদির বয়োবৃদ্ধ মা-ও আহত হয়েছেন। অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, জলপাই তোলার সময় কোনো সুযোগ না দিয়েই তাদের ওপর আক্রমণ করা হয় এবং তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।
আবু ফালাহ এলাকার জমির মালিক আমিন খলিল জানান, তার জমিটি এখন সাতটি অবৈধ ইসরায়েলি বসতি ও আউটপোস্ট দিয়ে ঘেরা। হামলা থেকে বাঁচতে তিনটি গ্রামের মানুষ একসঙ্গে জড়ো হয়ে জলপাই তুলছিলেন। তবে কালো পোশাক পরা কয়েক ডজন বসতি স্থাপনকারী পাহাড় থেকে নেমে এসে জলপাইগাছে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। বসতি স্থাপনকারীদের প্রতিহত করতে ফিলিস্তিনিরা আতশবাজি ব্যবহার করেন।
পরে ইসরায়েলি বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকেরা পিছু হটলে পুরো মাঠজুড়ে তাজা গুলির শব্দ শোনা যায়। তবে এই গুলি বসতি স্থাপনকারীরা ছুড়েছে নাকি ইসরায়েলি সেনারা, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে সংঘর্ষ থামাতে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের জমিতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পশ্চিম তীরে যেকোনো পক্ষের অপরাধমূলক সহিংসতার নিন্দা জানায় ওয়াশিংটন। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের গ্রেপ্তার ও বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, সহিংসতার খবর পেয়ে সেখানে সেনা পাঠানো হয়েছিল। সংঘর্ষে এক নারী সাংবাদিক আহত হয়েছেন এবং সামগ্রিক ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
জাতিসংঘের তথ্যমতে, চলতি বছর পশ্চিম তীরে জলপাই তোলার মৌসুমে কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় এখন পর্যন্ত এক ফিলিস্তিনি নিহত এবং ১২০ জনেরও বেশি আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, গত দুই সপ্তাহে যে পরিমাণ হামলার ঘটনা ঘটেছে, তা গত বছরের পুরো মৌসুমের মোট হামলার চেয়েও বেশি। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতিই অবৈধ।