দিল্লি (ভারত) প্রতিবেক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২০:৩৬ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ শীর্ষক পদযাত্রা শুরুর মাত্র কয়েক মিনিট আগে নিজ বাড়ি থেকে আটক হয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। একই সঙ্গে আজ শুক্রবার নগরীর ঐতিহাসিক যন্তর মন্তর এলাকা থেকে আটক করা হয়েছে ছাত্রনেতা নেহা বোরাকে। ছবি: এনডি টিভি
ভারতের রাজধানী দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ শীর্ষক পদযাত্রা শুরুর মাত্র কয়েক মিনিট আগে নিজ বাড়ি থেকে আটক হয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
একই সঙ্গে আজ শুক্রবার নগরীর ঐতিহাসিক যন্তর মন্তর এলাকা থেকে আটক করা হয়েছে ছাত্রনেতা নেহা বোরাকে।
দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ওই সমাবেশের ডাক দিয়েছিল সংগঠনটি। তবে কর্মসূচি শুরুর আগেই ৩১ বছর বয়সী অভিজিৎকে আটক করে দিল্লি পুলিশ। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আটক হলেন তিনি।
এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ করতে মুম্বাই থেকে বিমানে দিল্লিতে নামার পরপরই তাকে আটক করা হয়েছিল।
গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা উড়িয়ে যন্তর মন্তরে প্রবেশের দায়ে সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। বিক্ষোভের কেন্দ্র হিসেবে যন্তর মন্তরের অনুমোদন বাতিলের ঠিক পরদিনই তারা সেখানে গিয়েছিলেন। মূলত সহকর্মীদের আটকের প্রতিবাদ জানাতেই আজকের এই নতুন পদযাত্রার ডাক দিয়েছিল সংগঠনটি।
আজকের আটকের আগে দিল্লি পুলিশ অভিজিতের বাড়িতে গিয়ে কর্মসূচি পালনে বারণ করে একটি নোটিশ দেয়। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৬৩ ধারার অধীনে জারি করা ওই নোটিশে বলা হয়, নগরীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র কনট প্লেস ও এর আশপাশের এলাকায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এ ছাড়া নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলও (এনডিএমসি) প্রস্তাবিত ‘তিরঙ্গা যাত্রা’র কোনো অনুমতি দেয়নি। ফলে কর্মসূচিটি অব্যাহত রাখলে তা বেআইনি হিসেবে গণ্য হবে।
পুলিশের পক্ষ থেকে অভিজিৎকে জানানো হয়, জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়; তবে অনুমতি ছাড়া পদযাত্রা ও জনসমাগম করা নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে ফ্ল্যাগ কোড বা জাতীয় পতাকাবিধি মেনে পতাকার যথাযথ মর্যাদা রক্ষার বিষয়েও তাঁকে সতর্ক করা হয়।
আটকের সময় পুলিশের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। এক পুলিশ কর্মকর্তা তাকে বলেন, “আপনি নয়াদিল্লি যেতে পারবেন না। আমরা আপনাকে আটক করছি।” জবাবে অভিজিৎ প্রশ্ন তোলেন, “নয়াদিল্লি যেতে না পারলেও আমি অন্য কোথাও তো যেতে পারি। আমি কোন আইন ভেঙেছি?”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গায়ে মহাত্মা গান্ধীর ছবিযুক্ত সাদা টি-শার্ট ও জিন্স পরা অভিজিৎ কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে সোফায় বসে আছেন। সামনে কাচের টেবিলে থাকা কাগজপত্র দেখতে দেখতে তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলছেন, “আমার বিরুদ্ধে আপনারা কী অভিযোগ এনেছেন?”
এদিকে ককরোচ যুব আন্দোলনের নেতৃত্বে চলমান বিক্ষোভ ঠেকাতে প্রশাসনের অভিযানের অংশ হিসেবে আজ যন্তর মন্তরের কাছাকাছি এলাকা থেকে ছাত্রনেতা নেহা বোরাকে আটক করা হয়। সপ্তাহান্তে দিল্লির বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি প্রতিহত করতে পুলিশ যে অভিযান শুরু করেছে, তারই অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।