প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৮:৩১ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬ ১৮:৩৭ পিএম
যানজট এড়াতে আকাশে উড়ে অফিসে যান জ্যাকব হাটজলার। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
প্রতিদিনের কর্মস্থলে যাতায়াত অনেকের জন্যই এক ক্লান্তিকর অভিজ্ঞতা। দীর্ঘ যানজটে আটকে নষ্ট হয় মূল্যবান সময় ও কর্মশক্তি। তবে এই ভোগান্তি এড়াতে অভিনব এক উপায় খুঁজে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। রাস্তায় গাড়ি চালানো কিংবা বাসে চড়ার বদলে তিনি আকাশে উড়ে কর্মস্থলে পৌঁছান। আর এতে তার সময় লাগে মাত্র ২০ মিনিট।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর বাসিন্দা ওই ব্যক্তির নাম জ্যাকব হাটজলার। পেশায় তিনি একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। কর্মস্থলে যাওয়ার জন্য তার কোনো রানওয়ের প্রয়োজন হয় না; শুধু ওড়ার শখ ও কিছুটা সাহসের ওপর ভর করে তিনি ব্যবহার করেন ‘প্যারামোটর’। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার এই ব্যতিক্রমী যাত্রার ভিডিও ছড়িয়ে পড়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে যায়।
প্যারামোটরে যাতায়াত প্রসঙ্গে হাটজলার জানান, এটি মূলত প্রপেলারযুক্ত ব্যাকপ্যাকের মতো একটি প্যারাগ্লাইডার। পিঠে একটি ছোট মোটর ও প্রপেলার বেঁধে নিয়ে পায়ে হেঁটে দৌড়ে আকাশে উড়তে হয়। তিনি জানান, ওড়ার জন্য তিনি ‘প্যারাজেট ম্যাভেরিক’-এর সঙ্গে ১৮ মিটারের ‘ওজোন সিরোকো ৩’ উইং ব্যবহার করেন, যা তার গতি ও নিয়ন্ত্রণে চমৎকার ভারসাম্য দেয়।
যাত্রার বিস্তারিত বর্ণনা দিয়ে হাটজলার বলেন, প্রথমে তিনি নিজের অ্যাপার্টমেন্ট ভবনের সামনের রাস্তায় হেঁটে যান। সেখানে উইং প্রস্তুত করে মোটরের উড্ডয়ন-পূর্ব পরীক্ষা সেরে নেন। এরপর শুরু হয় আকাশযাত্রা।
তিনি বলেন, ‘কন্ট্রোল টাওয়ারে পৌঁছাতে আমার মাত্র ২০ মিনিট সময় লাগে। তবে নির্দিষ্ট আকাশসীমায় (ক্লাস ডেল্টা এয়ারস্পেস) প্রবেশের আগে টাওয়ারের সঙ্গে দ্বিমুখী বেতার যোগাযোগ নিশ্চিত করতে হয়।’
আকাশে ওড়ার পর হাটজলার টাওয়ারে দায়িত্বরত সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দরের দক্ষিণ পাশে কম উচ্চতায় অবতরণের অনুমতি চান। টাওয়ার থেকে সাড়া দিয়ে জানানো হয়, ‘প্যারামোটর পাপা জুলিয়েট, অনুরোধ অনুযায়ী অনুমতি দেওয়া হলো। নিজ ঝুঁকিতে অবতরণ করুন। সতর্ক থাকুন, বাতাস শান্ত রয়েছে।’ এরপর তিনি সেখানে নিরাপদে অবতরণ করেন।
ব্যতিক্রমী এই যাতায়াতের ভিডিওটি ইনস্টাগ্রামে এখন পর্যন্ত ১ কোটি ৩৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে। জমা পড়েছে হাজার হাজার মন্তব্য। অনেকেই হাটজলারের এমন বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন।
ভিডিওর নিচে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটি সত্যিই অসাধারণ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অফিসে যাতায়াতের এমন চমৎকার উপায় আমি আগে দেখিনি। আমিও যদি এভাবে অফিসে যেতে পারতাম!’ অন্য এক ব্যক্তি লিখেছেন, তিনি ভেবেছিলেন বাতাসে এভাবে ওড়া সম্ভব নয়, তবে ভিডিওটি তার ধারণা বদলে দিয়েছে। আরেক ব্যবহারকারী জানতে চান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তিনি কীভাবে উড়বেন এবং এর জন্য আইনগত অনুমতি কীভাবে পাওয়া যায়।