× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা: হামলাকারীসহ নিহত ৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৭:৫১ পিএম

ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই গুলিতে সন্দেহভাজন নিহত। ছবি: রয়টার্স

ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই গুলিতে সন্দেহভাজন নিহত। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর বয়সী এক কিশোর বন্দুকধারীর গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। পরে স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর পাল্টা গুলিতে হামলাকারী ওই কিশোরও নিহত হয়। পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত তিন শিশুর বয়স যথাক্রমে ৫, ৮ ও ১১ বছর। এ হামলায় সাত বছর বয়সী এক শিশু এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন; তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারী কিশোর ও হতাহতদের কারও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলাকারীর সঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।

বেন্ড শহরের পুলিশপ্রধান মাইক ক্রান্টজ জানান, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে সিলভার রেইল এলিমেন্টারি স্কুলের তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে ভেতরে ঢোকে বন্দুকধারী ওই কিশোর।

বেন্ড পুলিশ বিভাগের মুখপাত্র শিলা মিলার সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি বার্তা পায় পুলিশ। প্রথমে এক ব্যক্তি ফোন করে জানান, এক বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে লম্বা বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে। ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে লাল রঙের একটি ট্রাকে গুলির চিহ্ন দেখা গেছে। এর কয়েক মিনিটের মাথায় হামলাকারী স্কুলে প্রবেশের খবর পেয়ে জরুরি নম্বরে (৯১১) একের পর এক কল আসতে থাকে।

পুলিশ আরও জানায়, স্থানীয় এক ব্যক্তি ঘটনার শুরুতেই বিষয়টি দেখতে পেয়ে বন্দুকধারীকে ধাওয়া করেন। তিনি স্কুলের ভেতরে ঢুকে পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেন। এ ঘটনার তিন মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং পুরো স্কুলে তল্লাশি চালায়।

আরও বড় ধরনের প্রাণহানি ঠেকিয়ে দেওয়ায় ওই প্রত্যক্ষদর্শীর সাহসিকতার প্রশংসা করেছেন ওরেগনের গভর্নর টিনা কোটেক। তিনি বলেন, ওই ব্যক্তি বীরত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন।

এক বিবৃতিতে স্থানীয় স্কুল ডিস্ট্রিক্টের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা স্টিভেন কুক বলেন, “অর্থহীন এ ট্র্যাজেডিতে আমরা স্তব্ধ ও শোকাহত। আমাদের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।”

হামলার সময় স্কুলটি তাৎক্ষণিক অবরুদ্ধ (লকডাউন) করা হয়। স্থানীয় দ্য বুলেটিন পত্রিকার প্রতিবেদক মাইকেল কোন বিবিসি রেডিও ফোর-এর এক অনুষ্ঠানে জানান, অবরুদ্ধ অবস্থায় অনেক শিক্ষার্থী তাদের অ্যাপল ওয়াচের মাধ্যমে বাইরে থাকা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল।

ক্যাথি শেইল স্মিথ নামের এক শিক্ষক সিএনএনের সহযোগী মাধ্যম কেপিটিভিকে বলেন, বন্দুকধারীকে স্কুলের দিকে আসতে দেখেই তিনি শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করেন। তিনি বলেন, “শিশুদের মুখের আতঙ্কিত চেহারা দেখাটা ভীষণ কষ্টের ছিল। কিছু শিশু প্রার্থনা করছিল, আবার কেউ কেউ অন্যদের সান্ত্বনা দিচ্ছিল। আমার ধারণা, স্কুলের প্রতিটি শিক্ষকই তখন ভেবেছিলেন যে আজই হয়তো তাঁদের শেষ দিন।”

এ ঘটনার পর শোক কাটিয়ে ওঠার জন্য শুক্রবার বেন্ড শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী ও ৪০ জনের বেশি কর্মী রয়েছেন।

কে-১২ স্কুল শুটিং ডেটাবেইস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত বছর স্কুলগুলোতে ২৩৫টি গোলাগুলির ঘটনা ঘটেছে এবং চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৪০টি এ ধরনের ঘটনা ঘটল।

ওরেগনে ১৮ বছরের কম বয়সীদের জন্য বন্দুক কেনা নিষিদ্ধ। তবে শিকারে অংশ নেওয়ার মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে কিশোরদের অস্ত্র রাখার সুযোগ রয়েছে। এ হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও আইন প্রয়োগকারী একাধিক সূত্রের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, হামলাকারী একটি শটগান ব্যবহার করেছিল। অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত সংগঠন ‘এভরিটাউন ফর গান সেফটি’র তথ্যমতে, কঠোর অস্ত্র আইনের তালিকায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ওরেগনের অবস্থান ১২তম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা