প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২২:৩১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ২২:৩৩ পিএম
খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের উপকণ্ঠে বাড়া এলাকায় পিটিআইয়ের এক প্রতিবাদ মিছিলে সমর্থকদের উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত তুলে অভিবাদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী আফ্রিদি। ৭ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গভর্নর শাসন ও জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশিরভাগ সাবেক প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য। পাঁচ দিন ধরে ১৬ মন্ত্রী, ছয় উপদেষ্টা, আট বিশেষ সহকারী ও ২৩ সংসদীয় সচিবের খোঁজ পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কেন্দ্র সরকারের জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। খবর ডন ও এক্সেপ্রেস ট্রিবিউনের।
খবরে বলা হয়, ১০ অক্টোবর রাতে জরুরি অবস্থা জারির খবর ছড়িয়ে পড়ার পর সাবেক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির ঘনিষ্ঠ নেতারা তার কাছ থেকে দূরে সরে যান। পরদিন তাকে নিরাপদ হেফাজতে নেওয়ার সময়ও ঘনিষ্ঠ সহযোগীদের কাউকে সেখানে পাওয়া যায়নি।
১১ অক্টোবর মুখ্যমন্ত্রীর বাসভবনে আফ্রিদির সঙ্গে বৈঠক করেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় তিনি পিটিআই নেতৃত্বের আচরণে হতাশা প্রকাশ করেন। দীর্ঘ মিছিল, সরকারের সঙ্গে আলোচনা এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি নিয়েও তার সঙ্গে কথা হয়।
পিটিআইয়ের দাবি, প্রাদেশিক পরিষদের আট সদস্য ও জাতীয় পরিষদের তিন সদস্য নিখোঁজ রয়েছেন। দলটির দুই মন্ত্রী ফজল শাকুর ও ডা. আমজাদ আলিকে গভর্নর শাসন জারির আগেই অপহরণ করা হয়েছিল।
জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কেন্দ্র সরকারের জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। গত বুধবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে এ বিষয়ে একটি প্রস্তাব পাস হওয়ার কিছুক্ষণের মধ্যে সিনেটও ওই পদক্ষেপে অনুমোদন দেয়।
সন্ত্রাসবিরোধী লড়াই থেকে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃতভাবে সরে দাঁড়ানোর’ অভিযোগ তুলে গত রবিবার খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারি করে কেন্দ্রীয় সরকার। প্রদেশটিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় ছিল। দলের প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ আরও কয়েকটি ইস্যুতে কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছে পিটিআই।