বিবিসি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২০:৪৪ পিএম
যৌথ সংবাদ সম্মেলনে আইনজীবী প্রশান্ত ভূষণ, শিক্ষার্থী নেত্রী নেহা বোরা ও ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে। ছবি: বিবিসি
ককরোচ জনতা পার্টির(সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে মোদি সরকারের ব্যাপক সমালোচনা করে একটি ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
তিনি বলেন, “নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।”
গত কয়েক দিনে সিজেপি কর্মী, বামপন্থী ছাত্র সংগঠন, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যদের ওপর পুলিশের নেয়া কড়া পদক্ষেপ ও আটকের ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, “আপনারা যদি এ ধরনের মানুষদের আটক করতেই চান তাহলে জরুরি অবস্থা ঘোষণা করুন। আর কতকাল আপনারা মানুষকে বোকা বানিয়ে রাখবেন?”
মাত্র দুইদিন আগে, সিজেপির কো-কনভেনর আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস জাতীয় পতাকা নিয়ে যন্তর মন্তরে পৌঁছানোর কারণে গ্রেপ্তার হন।
পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
এর উদাহরণ টেনে দীপকে বলেন, “জাতীয় পতাকা ওড়ানো কবে থেকে অপরাধ হয়ে গেল? ব্রিটিশ আমলে এমনটি ঘটতো, আর এখন মোদি ও শাহের পুলিশও একই কাজ করছে। আজ এমন একটা সময় এসেছে যে আমাদের নিজেদের দেশেই জাতীয় পতাকা ওড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে না।”
তিনি প্রশ্ন তোলেন, “নরেন্দ্র মোদির কাছে ঠিক কী কারণে জ্ঞানেশ কুমার জাতীয় পতাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন?”
“তারা নিজেদের প্রদেশে জাতীয় পতাকা ওড়াননি। তাই আশুতোষ ও সৌরভ যখন জাতীয় পতাকা ওড়াল, তখন আপনাদের তো সমস্যা হওয়ারই কথা” বলেন তিনি।
অভিজিত দীপকে বলেন, “এই দেশ গান্ধীর আদর্শ এবং বাবা সাহেবের সংবিধান অনুযায়ী চলবে।”
যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে তুলে দেওয়া এবং সিজেপি নেতাদের গ্রেপ্তারের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী শুক্রবার, ১৬ই অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে।
গত মাসের শেষের দিকে সিজেপি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। পরে এই প্রতিবাদ সমাবেশে শুরু হয়।