× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ‘ক্ষমতা বদলের’ ষড়যন্ত্রের অভিযোগ

‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার বক্তব্যে রাহুলকে বিজেপির নিশানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২০:৩৮ পিএম

যৌথ সংবাদ সম্মেলনে আইনজীবী প্রশান্ত ভূষণ, শিক্ষার্থী নেত্রী নেহা বোরা ও ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে। ছবি: ইন্ডিয়া টুড

যৌথ সংবাদ সম্মেলনে আইনজীবী প্রশান্ত ভূষণ, শিক্ষার্থী নেত্রী নেহা বোরা ও ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে। ছবি: ইন্ডিয়া টুড

বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে ভারতে প্রেরণা নেওয়ার কথা বলে এবং ‘ক্ষমতা বদলের’ (রেজিম চেঞ্জ) ডাক দিয়ে ক্ষমতাসীন দল বিজেপির তীব্র তোপের মুখে পড়েছেন দেশটির শিক্ষার্থী নেত্রী নেহা বোরা ও বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। 

এই দুই নেতার বক্তব্যকে হাতিয়ার করে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতে ‘বাংলাদেশের মতো অরাজকতা’ তৈরির মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি ও সাম্প্রতিক বিভিন্ন ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নেহা বোরা বাংলাদেশের বৃহত্তম বামপন্থী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (এসএসএফ) এক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

বিজেপির প্রকাশ করা ওই ভিডিওতে নেহা বোরাকে বলতে শোনা যায়, “ভারতে এখন জেন-জি প্রজন্মের যে আন্দোলন আমরা দেখছি, তা প্রথম শুরু হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন।”

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে চলমান বিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের মতো ভারতেও তরুণরা এখন গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই করছে। তিনি আরও বলেন, “আমরা আপনাদের প্রতি সংহতি জানাই এবং আপনাদের নেতৃত্ব দেওয়া আন্দোলন থেকে প্রেরণা ও শিক্ষা নিচ্ছি। আপনারা সেখানে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই করছেন, এ দেশের তরুণ প্রজন্মও আজ একই লড়াই করছে।”

এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই পরের দিন নেহা বোরা ও রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ প্রকাশ্যেই ক্ষমতা বদলের পক্ষে কথা বলেন। তিনি বলেন, “অবশ্যই ক্ষমতা বদল হবে। আমরা সবাই ক্ষমতা বদল চাই। এতে ভুল কী আছে?”

এই দুই নেতার বক্তব্যকে রাহুল গান্ধীর রাজনৈতিক কৌশলের অংশ দাবি করে আক্রমণ জোরদার করেছে বিজেপি। দলটির দাবি, রাহুল গান্ধীর সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন এবং ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকগুলোতে নেহা বোরা ও প্রশান্ত ভূষণ নিয়মিত উপস্থিত থাকছেন।

বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি এক সংবাদ সম্মেলনে বলেন, “এটি প্রকাশ্যে ক্ষমতা বদল চাওয়ার স্বীকারোক্তি। রাহুল গান্ধী ও তার সহযোগীরা ভারতীয় গণতন্ত্রের জন্য বড় হুমকি।” তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধীর লক্ষ্য কোনো রাজনৈতিক প্রতিরোধ নয়, বরং বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।

প্রদীপ ভান্ডারি আরও বলেন, “বাংলাদেশে বিশৃঙ্খলা ও জনতার সাহায্য নিয়ে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংসের চেষ্টা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল ক্ষমতা বদল। রাহুল গান্ধী নেহা বোরাকে তার আন্দোলনের মুখ বানিয়েছেন, যার অর্থ বোরার বক্তব্য ও রাহুলের চিন্তা একই।”

বিজেপির তথ্যপ্রযুক্তি (আইটি) সেলের প্রধান দীপক মাসকে বলেন, এই বক্তব্যগুলো রাজপথে নৈরাজ্য নামানোর স্পষ্ট ইঙ্গিত। তার অভিযোগ, নির্বাচন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘মব রুল’ বা উচ্ছৃঙ্খল জনতার শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেওয়ার পর রক্তক্ষয়ী পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন।

বিজেপির তোলা এই অভিযোগ নিয়ে নেহা বোরা কিংবা রাহুল গান্ধী এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে কংগ্রেস নেতা রশিদ আলভী ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করে বলেছেন, সরকার তরুণ বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে এখন গণতন্ত্রের দোহাই দিচ্ছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা