× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুথিদের হামলায় সৌদি-পাকিস্তান জোট, চাপে পড়তে পারে ইরানের সঙ্গে সম্পর্ক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৩৯ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ০১:২৩ এএম

হুথিদের হামলায় সৌদি-পাকিস্তান জোট, চাপে পড়তে পারে ইরানের সঙ্গে সম্পর্ক

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা পাকিস্তানের জন্য নতুন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি করেছে। দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় সামরিকভাবে কতটা জড়াবে ইসলামাবাদ, তা নিয়ে তৈরি হয়েছে দ্বিধা। বিশ্লেষকদের আশঙ্কা, রিয়াদের প্রতি প্রতিরক্ষা অঙ্গীকার পূরণ করতে গিয়ে পাকিস্তান প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক কূটনীতিতেও।

পাকিস্তানের এই সংকটের কেন্দ্রে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ সম্পর্ক। একদিকে সৌদি আরবের সঙ্গে দেশটির দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা ও আর্থিক অংশীদারত্ব, অন্যদিকে ইরানের সঙ্গে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক কূটনৈতিক সহযোগিতা।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, সদস্যদেশগুলোর যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। চলতি মাসে সৌদি ভূখণ্ডে হামলার পর দেশগুলো সম্মিলিত প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবায়নে সম্মত হয়েছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের পিএইচডি গবেষক উমের করিম আনাদোলুকে বলেন, সৌদি আরবের প্রতিরক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়ার পর পাকিস্তানের পক্ষে নিষ্ক্রিয় থাকা সম্ভব নয়। তবে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে রক্ষা করতে গিয়ে তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা এবং ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সৌদি আরবের সঙ্গে জোট, ইরানের সঙ্গে ভারসাম্য

পাকিস্তানের কাছে সৌদি আরবের গুরুত্ব শুধু সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। বৈদেশিক অর্থায়নের চাপ সামাল দিতে ইসলামাবাদকে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা দিয়েছে রিয়াদ। গত এপ্রিলে সৌদি আরব পাকিস্তানকে অতিরিক্ত ৩ বিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে বিদ্যমান ৫ বিলিয়ন ডলারের আমানতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তও জানানো হয়।

অন্যদিকে, ভৌগোলিক অবস্থানের কারণে ইরানের সঙ্গে সুসম্পর্ক পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে ৯০৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ফলে জঙ্গিবাদ, চোরাচালান এবং সীমান্ত অতিক্রমকারী তৎপরতা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

তবে দুই দেশের সম্পর্কে সহযোগিতার পাশাপাশি অবিশ্বাসও রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে উভয় দেশই একে অপরের ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালায়।

এরপরও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা অব্যাহত রয়েছে। গত আগস্টে দুই দেশ বাণিজ্য সম্প্রসারণ, শুল্ক ব্যবস্থাপনার সমন্বয়, জ্বালানি সহযোগিতা এবং যৌথ সীমান্তবাজার চালুর বিষয়ে সম্মত হয়। বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনও তাদের লক্ষ্য।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ডের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তাবিষয়ক অধ্যাপক ক্রিস্টোফ ব্লুথ বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বাস্তববাদী সহযোগিতা ও কৌশলগত সতর্কতার সমন্বয়ে পরিচালিত হয়। ইরান গুরুত্বপূর্ণ প্রতিবেশী হলেও সৌদি আরব বা চীনের মতো কৌশলগত মিত্র নয়।

তার মতে, প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে, তবে তা অবধারিতভাবে সম্পর্কের সম্পূর্ণ বিচ্ছেদ ঘটাবে না।

তিনি বলেন, “মূল প্রশ্ন হলো চুক্তিটি কীভাবে বাস্তবায়ন করা হয়। এটি যদি ইরানবিরোধী বা হুথিবিরোধী কার্যকর সামরিক জোট হিসেবে বিবেচিত হয়, তাহলে ইসলামাবাদ-তেহরান সম্পর্কে গুরুতর ক্ষতি হবে।”

প্রতিরক্ষামূলক সহযোগিতা, নাকি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ?

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা নিয়ে ইরানের আইনপ্রণেতারা সমালোচনা করেছেন। সম্ভাব্য বড় পরিসরের পাকিস্তানি সেনা মোতায়েনের খবর নিয়ে চলতি মাসে উদ্বেগ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি আশা প্রকাশ করেন, খবরটি কেবল গুজব।

অধ্যাপক ব্লুথের মতে, এ বিষয়ে ইরানের প্রতিক্রিয়ায় ভিন্নতা রয়েছে। দেশটির কিছু আইনপ্রণেতা চুক্তিভুক্ত কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো চুক্তিটিকে সরাসরি ইরানবিরোধী হিসেবে বিবেচনা করছে না বলে ইঙ্গিত দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বও আশ্বাস দেওয়ার চেষ্টা করেছে। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, প্রতিরক্ষা চুক্তিটি “সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো দেশের বিরুদ্ধে নয়”। পরদিন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, দেশটির সেনারা সৌদি ভূখণ্ড রক্ষায় কাজ করবে; ইয়েমেনে প্রবেশ করে হুথিদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা নেই। শুক্রবার মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে উল্লেখযোগ্যসংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে পাকিস্তান।

ব্লুথের ধারণা, পাকিস্তানের স্থলযুদ্ধে সরাসরি অংশ নেওয়ার সম্ভাবনা কম। বরং বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রশিক্ষণ এবং সৌদি ভূখণ্ড সুরক্ষার মতো কাজে দেশটির অংশগ্রহণ সীমাবদ্ধ থাকতে পারে।

তিনি বলেন, পাকিস্তান দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী দেওয়ার বিষয়ে সম্মত হলেও সেনাসদস্যের সংখ্যা ও তাঁদের নির্দিষ্ট দায়িত্ব এখনো প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষামূলক ভূমিকা ইরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করলেও তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু হলে বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি হতে পারে।

উমের করিম বলেন, সৌদি আরবে পাকিস্তানের বিদ্যমান সামরিক উপস্থিতিই রিয়াদের পাশে থাকার অঙ্গীকারের প্রমাণ। তাঁর মতে, হুথিদের বিরুদ্ধে পাকিস্তান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়বে কি না, তা এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি আরও বলেন, পাকিস্তানের সামরিক সম্পৃক্ততাকে ইরান ইতিবাচকভাবে দেখছে না। তেহরান আনুষ্ঠানিক যোগাযোগের বাইরে বিভিন্ন মাধ্যমে অসন্তোষ প্রকাশ করতে পারে এবং পাকিস্তানের অভ্যন্তরে ইরানপন্থী গোষ্ঠীগুলোকে সক্রিয় করার চেষ্টা করতে পারে।

তবে ইসলামাবাদের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আরহামা সিদ্দিকা প্রতিরক্ষামূলক সহযোগিতা ও আক্রমণাত্মক সামরিক অভিযানের মধ্যে পার্থক্যের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তান স্পষ্ট করেছে যে চুক্তিটি প্রতিরক্ষামূলক এবং এর আওতায় ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই। বরং বৃহত্তর সংঘাত এড়ানো এবং ইরানের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে ইসলামাবাদের সংযম ও আলোচনার মাধ্যমে সমাধান উৎসাহিত করা উচিত।

সীমান্ত নিরাপত্তা ও অর্থনীতিতে ঝুঁকি

ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি পাকিস্তানের নিরাপত্তা ও অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।

উমের করিমের মতে, দুই দেশের সীমান্তেই নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হলেও পরিস্থিতিতে অতিরিক্ত প্রভাব তুলনামূলক সীমিত হতে পারে। অর্থনৈতিক সম্পর্ক এখনো দুর্বল হওয়ায় জ্বালানি সহযোগিতার ওপরও বড় ধরনের প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।

তবে অধ্যাপক ব্লুথ সতর্ক করে বলেছেন, তেহরানের সঙ্গে সম্পর্কের অবনতি হলে গোয়েন্দা তথ্য বিনিময় ও সীমান্ত ব্যবস্থাপনা দুর্বল হয়ে পড়তে পারে। এতে পাকিস্তানের বেলুচিস্তান এবং ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের মধ্যবর্তী সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপরতা বাড়ানোর সুযোগ পাবে।

তিনি বলেন, এর ফলে পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রদায়িক উত্তেজনাও বাড়তে পারে। সীমান্ত বাণিজ্য, স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা এবং ইরান থেকে বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প ও বৃহত্তর জ্বালানি সহযোগিতার সম্ভাবনাও বাধাগ্রস্ত হতে পারে।

ব্লুথের ভাষায়, পাকিস্তানের জন্য প্রধান বিপদ প্রচলিত অর্থে যুদ্ধ নয়; বরং “আরও অস্থিতিশীল সীমান্ত, বিদ্রোহী তৎপরতা বৃদ্ধি এবং নিরাপত্তাঝুঁকির বিস্তার”।

আরহামা সিদ্দিকাও সতর্ক করে বলেন, দুই দেশের সহযোগিতা দুর্বল হলে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলো বিদ্যমান দুর্বলতার সুযোগ নিতে পারে। এতে বাণিজ্য, সীমান্তবাজার, যোগাযোগব্যবস্থা ও জ্বালানি প্রকল্প ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

তাঁর মতে, সীমান্তপারের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তান ও ইরানের মধ্যে ধারাবাহিক নিরাপত্তা সমন্বয় অপরিহার্য। সীমান্তে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হলে কোনো দেশই লাভবান হবে না। তাই কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ বজায় রাখা জরুরি।

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে মধ্যস্থতার ভূমিকাও ঝুঁকিতে

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা অঙ্গীকারের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত জুনে ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার উদ্যোগে ভূমিকা রাখে পাকিস্তান। একই মাসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফরের সময় ইসলামাবাদের মধ্যস্থতার ওপর আস্থা পুনর্ব্যক্ত করা হয়েছিল বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কিন্তু উমের করিমের মতে, হুথিদের হামলা এবং ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের সঙ্গে নিরাপত্তা অঙ্গীকারের সংঘাত বাড়ছে।

অধ্যাপক ব্লুথ অবশ্য মনে করেন, মধ্যস্থতা করতে হলে সব পক্ষের সঙ্গে সম্পূর্ণ সমদূরত্ব বজায় রাখা অপরিহার্য নয়। পাকিস্তানসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান এখনো বার্তা আদান-প্রদানে আগ্রহী থাকায় দেশটির সঙ্গে ইসলামাবাদের আস্থা পুরোপুরি ভেঙে পড়েনি।

তিনি বলেন, পাকিস্তানকে সৌদি আরবের প্রতি প্রতিরক্ষা অঙ্গীকার প্রতিরক্ষামূলক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, তেহরানের সঙ্গে সরাসরি পরামর্শ অব্যাহত রাখতে হবে এবং হুথিদের সঙ্গে রাজনৈতিক আলোচনাকে সমর্থন করতে হবে।

তাঁর মতে, পাকিস্তানি সেনারা যদি হুথি বা ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক অভিযানে অংশ নেয়, তাহলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

আরহামা সিদ্দিকার মতে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা থাকলেই পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা স্বয়ংক্রিয়ভাবে বাধাগ্রস্ত হবে, এমন নয়। তবে কার্যকর মধ্যস্থতার জন্য সব পক্ষের আস্থা, বিশ্বাসযোগ্যতা এবং যোগাযোগের পথ খোলা রাখা জরুরি।

উমের করিম এ বিষয়ে আরও হতাশাবাদী। তাঁর মতে, ইয়েমেন সংঘাতে জড়িয়ে পড়ার পাশাপাশি পাকিস্তানের পক্ষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হবে।

তিনি বলেন, “এটি অত্যন্ত কঠিন হয়ে পড়বে। শেষ পর্যন্ত পাকিস্তানকে একটি পক্ষ বেছে নিতে হতে পারে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা