× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের মেডগ বাঁধের ঝুঁকি মোকাবিলায় জাপান-ভারতের যৌথ প্রস্তুতির তাগিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৬:৪২ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ০১:১০ এএম

চীনের মেডগ বাঁধের ঝুঁকি মোকাবিলায় জাপান-ভারতের যৌথ প্রস্তুতির তাগিদ

এশিয়ার অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প চীনের মেডগ বাঁধকে ঘিরে পরিবেশগত, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ভারত ও জাপানকে যৌথভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। হিমালয়ের ভূমিকম্পপ্রবণ ও ভঙ্গুর ভূপ্রকৃতিতে নির্মাণাধীন এ প্রকল্পের সম্ভাব্য প্রভাব ভারতের উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের নদী অববাহিকা পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণধর্মী নিবন্ধে বলা হয়েছে, চীনের তিব্বত অঞ্চলে ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মিতব্য মেডগ জলবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য উৎপাদনক্ষমতা প্রায় ৬০ গিগাওয়াট। এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি হয়ে উঠতে পারে। তবে প্রকল্পটির অবস্থান এমন একটি ভূতাত্ত্বিকভাবে জটিল অঞ্চলে, যেখানে সক্রিয় ভূচ্যুতি, খাড়া পাহাড়ি ঢাল, হিমবাহ, ভূমিধস ও শক্তিশালী নদীপ্রবাহ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি করেছে।

ইয়ারলুং সাংপো নদী ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশের পর সিয়াং নামে পরিচিত। পরে এটি ব্রহ্মপুত্র নদব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়েছে। ফলে তিব্বতে নদীর প্রবাহ, পানির পরিমাণ কিংবা পলি পরিবহনে বড় ধরনের পরিবর্তন হলে তার প্রভাব সীমান্ত পেরিয়ে ভারত ও বাংলাদেশে পড়তে পারে।

নিবন্ধে বলা হয়েছে, মেডগ প্রকল্প নিয়ে উদ্বেগের বিষয় শুধু বাঁধের প্রকৌশলগত নিরাপত্তা নয়; বরং আশপাশের পাহাড়, হিমবাহ, জলাধার ও নদীব্যবস্থা একযোগে বড় ধরনের দুর্যোগ মোকাবিলা করতে পারবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে তিব্বতের নিংচি এলাকায় ভূমিকম্পের পর দেড় হাজারের বেশি ভূমিধস এবং অস্থায়ী জলাধার সৃষ্টির ঘটনা এ অঞ্চলের ভূতাত্ত্বিক ঝুঁকির বিষয়টি সামনে এনেছিল বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

মেডগের আশপাশে বড় ধরনের ভূমিকম্প হলে পাহাড়ের ঢাল ধসে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে কিংবা বিপুল পরিমাণ পানি আকস্মিকভাবে নিচের দিকে নেমে আসতে পারে। ইতালির ১৯৬৩ সালের ভায়োন্ট বাঁধ বিপর্যয়ের উদাহরণ টেনে নিবন্ধে বলা হয়েছে, বাঁধের কাঠামো সম্পূর্ণ ভেঙে না পড়লেও ভূমিধসের কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে। তাই প্রকল্পটির ভূমিকম্প-সহনশীলতা, পরিবেশগত প্রভাব ও সম্ভাব্য দুর্যোগ নিয়ে স্বাধীন মূল্যায়ন এবং স্বচ্ছ তথ্য পর্যবেক্ষণ জরুরি।

জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। হিমালয়ের হিমবাহ গলে যাচ্ছে, হিমবাহের পানিতে সৃষ্ট হ্রদের আয়তন বাড়ছে এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হচ্ছে। এসব পরিবর্তনের সঙ্গে ভূমিকম্প, ভূমিধস ও বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের প্রভাব যুক্ত হলে নদীর পানিপ্রবাহের পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে উঠতে পারে।

তবে মেডগ বাঁধ নিশ্চিতভাবে বিপর্যয় ঘটাবে—এমন কোনো প্রমাণ নেই। নিবন্ধে বলা হয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতির ব্যাপকতা বিবেচনায় নিয়ে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রাসঙ্গিক তথ্য বিনিময় এবং স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়নের সুযোগ ছাড়া শুধু প্রকৌশলগত নিরাপত্তার আশ্বাস যথেষ্ট নয়।

ভারতের ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় অরুণাচল প্রদেশ ও আসাম। ব্রহ্মপুত্র নদ এই দুই অঞ্চলের কৃষি, পরিবহন, জীববৈচিত্র্য এবং লাখো মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে যুক্ত। নদীর পানিপ্রবাহে আকস্মিক পরিবর্তন হলে বসতি, সেতু, সড়ক, সেচব্যবস্থা ও জলবিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে।

নদীর পলি পরিবহনব্যবস্থায় পরিবর্তন এলে নদীখাত, কৃষিজমির উর্বরতা ও জলজ বাস্তুতন্ত্রেও প্রভাব পড়তে পারে। বিপন্ন গাঙ্গেয় শুশুকের আবাসস্থলও এ ধরনের পরিবর্তনের ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশের ক্ষেত্রে বন্যা, নদীভাঙন, পলির প্রাপ্যতা ও মিঠাপানির নিরাপত্তা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে। তবে এসব প্রভাবের মাত্রা নির্ভর করবে বাঁধ পরিচালনা, মৌসুমি পরিস্থিতি এবং নদীর নিম্ন অববাহিকার জলপ্রবাহের ওপর।

ভারত-জাপান অবকাঠামো সহযোগিতায় নতুন চ্যালেঞ্জ

মেডগ প্রকল্পের প্রভাব শুধু পানি নিরাপত্তায় সীমাবদ্ধ নয়; এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে। এ অঞ্চলে সড়ক যোগাযোগ, টেকসই উন্নয়ন ও অবকাঠামো আধুনিকায়নে জাপান গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উদ্যোগে সহায়তা দেওয়া হয়েছে। এসব উদ্যোগ ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠায় ভারত-জাপানের অভিন্ন লক্ষ্যকে সমর্থন করে।

নিবন্ধে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের ভৌগোলিক ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে সেখানে জাপানের সরাসরি অবকাঠামো কার্যক্রম সীমিত হলেও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন অরুণাচলকে ভারতের অন্যান্য অংশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার বৃহত্তর পরিকল্পনায় ভূমিকা রাখছে।

কিন্তু ব্রহ্মপুত্র অববাহিকার পরিবেশগত স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হলে এসব বিনিয়োগের সুফলও ঝুঁকিতে পড়তে পারে। ভয়াবহ বন্যা, নদীর পলি প্রবাহে পরিবর্তন কিংবা দীর্ঘমেয়াদি জলপ্রবাহের অস্থিতিশীলতা সড়ক ও পরিবহন করিডর ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ার পাশাপাশি বাণিজ্য ব্যাহত হওয়া এবং বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

যৌথ দুর্যোগ মোকাবিলা উদ্যোগের প্রস্তাব

এ পরিস্থিতিতে ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নির্মাণ, দুর্যোগ প্রস্তুতি, নদী ব্যবস্থাপনা ও আগাম সতর্কীকরণ প্রযুক্তিতে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত ও জাপান যৌথভাবে একটি হিমালয় অবকাঠামো সহনশীলতা উদ্যোগ গড়ে তুলতে পারে বলে নিবন্ধে প্রস্তাব করা হয়েছে।

এ উদ্যোগের আওতায় স্যাটেলাইটের মাধ্যমে ভূমিধস পর্যবেক্ষণ, ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়ন, হিমবাহের হ্রদ পর্যবেক্ষণ, নদীর পানিপ্রবাহের মডেল তৈরি এবং জলবায়ু পরিবর্তন সহনশীল অবকাঠামো নির্মাণের কাজ করা যেতে পারে। পাশাপাশি ব্রহ্মপুত্র অববাহিকায় শক্তিশালী সেতু, নিরাপদ পরিবহন করিডর, জরুরি সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং তাৎক্ষণিক বন্যা সতর্কীকরণ প্রযুক্তি গড়ে তুলতে জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তা কাজে লাগানোর সুপারিশ করা হয়েছে।

এ ধরনের সহযোগিতা ভারত-জাপান বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারত্বকে দুর্যোগ মোকাবিলা ও পরিবেশগত নিরাপত্তার বাস্তব ভিত্তি দিতে পারে।

নিবন্ধে বাংলাদেশকেও এ উদ্যোগের অংশ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবহন অবকাঠামো, শিল্প যোগাযোগ ও মাতারবাড়ী উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতা রয়েছে বাংলাদেশে। ব্রহ্মপুত্র-যমুনা নদীব্যবস্থায় বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিলে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ কারণে ভারত, জাপান ও বাংলাদেশকে নিয়ে দুর্যোগ প্রস্তুতি, অবকাঠামোর স্থিতিস্থাপকতা এবং বৈজ্ঞানিক তথ্য বিনিময়কেন্দ্রিক একটি ত্রিপক্ষীয় কাঠামো গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরাসরি ভূরাজনৈতিক বিরোধে না জড়িয়ে অভিন্ন পরিবেশগত ঝুঁকি মোকাবিলার সুযোগ তৈরি হতে পারে।

চীনের কাছে স্বচ্ছতা ও তথ্য বিনিময়ের আহ্বান

নিবন্ধে বলা হয়েছে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অধিকার চীনের রয়েছে। তবে যেসব প্রকল্পের প্রভাব আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অন্য দেশের পরিবেশ ও জননিরাপত্তাকে প্রভাবিত করতে পারে, সেগুলোর ক্ষেত্রে স্বচ্ছতা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পরামর্শ এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

মেডগ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ও পরিচালনা-সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিনিময় এবং স্বাধীন বৈজ্ঞানিক মূল্যায়নের সুযোগ দেওয়ার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থা সুরক্ষিত রাখতে শুধু সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়; এসব অবকাঠামোর সঙ্গে যুক্ত নদী ও পরিবেশব্যবস্থার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। হিমালয়ে ভবিষ্যতের কোনো বড় দুর্যোগ ভারতের সীমান্তের বাইরেও শুরু হতে পারে, কিন্তু তার প্রভাব পড়তে পারে ভারত ও জাপানের যৌথভাবে গড়ে তোলা অবকাঠামোর ওপর।

নিবন্ধের উপসংহারে বলা হয়েছে, চীনের উন্নয়ন ও প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে পরস্পরবিরোধী হিসেবে দেখার প্রয়োজন নেই। বরং অভিন্ন ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, সময়মতো তথ্য বিনিময়, যৌথ পর্যবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এতে নদীর নিম্ন অববাহিকার মানুষের জীবন ও জীবিকা সুরক্ষার পাশাপাশি আঞ্চলিক অবকাঠামো উন্নয়নেও আস্থা বাড়বে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা