৩৬৫ দিনের চ্যালেঞ্জ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৬:০৫ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ১৬:০৬ পিএম
মিস্টার বিস্ট ও ভারতের মায়া গুপ্তের হৃদয়স্পর্শী সাক্ষাতের মুহূর্ত; অনলাইনে যা ছুঁয়েছে ৬ কোটিরও বেশি মানুষের মন। ছবি: ভিড়িও থেকে নেওয়া
বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে দেখা করার দীর্ঘ এক বছরের প্রচেষ্টা সফল হয়েছে ভারতের মায়া গুপ্তের। ৩৬৫ দিনের চ্যালেঞ্জ সম্পন্ন করার পর এই ইন্টারনেট তারকার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। শুধু দেখাই নয়, মায়ার সমাজসেবামূলক কাজের সহায়তায় তাকে ১০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৩৪ হাজার টাকার বেশি) উপহারও দিয়েছেন মিস্টার বিস্ট।
ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মায়া গুপ্ত। বিশ্বের অন্যতম শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্টের দেখা পাওয়ার লক্ষ্য নিয়ে তিনি এই চ্যালেঞ্জ শুরু করেছিলেন। মিস্টার বিস্টের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘@mayaforbeast’ থেকে নিয়মিত ভিডিও শেয়ার করতেন এবং তাকে ট্যাগ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই প্রচেষ্টা ক্রমেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
তবে মায়ার এই চ্যালেঞ্জ কেবল মিস্টার বিস্টের সঙ্গে সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পুরো এক বছর ধরে তিনি নিজ এলাকার সুবিধাবঞ্চিত ও ক্ষুধার্ত মানুষদের নিয়মিত খাবার সরবরাহ করেছেন। চ্যালেঞ্জের অগ্রগতির পাশাপাশি এই সেবামূলক কাজের ভিডিও-ও তিনি ইনস্টাগ্রামে তুলে ধরতেন।
মায়ার এই মানবিক উদ্যোগ অবশেষে মিস্টার বিস্টের নজরে আসে। সাক্ষাতের সময় এই ইউটিউবার জানান, তিনি মায়ার ভিডিওগুলো নিয়মিত দেখছিলেন এবং অন্যদের সাহায্য করার ক্ষেত্রে তার এমন কাজে তিনি মুগ্ধ হয়েছেন।
ভিডিওতে মিস্টার বিস্ট বলেন, “ইনি মায়া, যিনি গত এক বছর ধরে তার এলাকার স্থানীয় মানুষদের খাইয়েছেন এবং সব ভিডিওতে আমাকে ট্যাগ করেছেন।” মায়ার ভালো কাজের প্রশংসা করে তিনি আরও বলেন, এই কাজের জন্য তিনি মায়াকে একটি উপহার দিতে চান।
এরপরই মিস্টার বিস্ট মায়ার কাজের সমর্থনে তাকে ১০ হাজার ডলার উপহার দিয়ে চমকে দেন। উপহার পেয়ে মায়া জানান, এই অর্থ পুরোপুরি নিজের জন্য না রেখে তিনি অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন এবং অসহায় মানুষদের সহায়তা করার কাজ অব্যাহত রাখবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সাক্ষাতের হৃদয়স্পর্শী ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে ভিডিওটি ৬ কোটিরও বেশিবার দেখা হয়েছে। নেটিজেনরা মায়ার দৃঢ় সংকল্প ও মানবিকতার প্রশংসা করার পাশাপাশি তার এই উদ্যোগের স্বীকৃতি দেওয়ায় মিস্টার বিস্টের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেছেন।