× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামরিক সংঘাত

হুতিদের হামলার প্রভাব বিশ্ব অর্থনীতিতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২২:৪৬ পিএম

ইয়ামেনের হুথি গোষ্ঠী। ছবি: বিবিসি

ইয়ামেনের হুথি গোষ্ঠী। ছবি: বিবিসি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে শুরু করেছে। জ্বালানি সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া ও উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব এড়াতে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ও আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে এই সংকটের মোকাবিলা করতে হবে। খবর আল জাজিরার। 

সাম্প্রতিক সময়ে কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কদিন ধারাবাহিক হামলার পর ধাহরানে অবস্থিত সৌদি আরামকো তেল স্থাপনা এবং রিয়াদের একটি শোধনাগারেও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। মূলত ইয়েমেনের সানা ও পশ্চিমাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোটের অব্যাহত বিমান হামলার জবাবে এই ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়েছে হুতিরা।

এই হামলার জবাবে সৌদি আরব ও তাদের মিত্ররা বহুমুখী সামরিক কৌশল গ্রহণ করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সৌদি নেতৃত্বাধীন জোটের এই সামরিক অভিযানের প্রথম ধাপে হুতিদের মূল সামরিক শক্তি, অস্ত্রাগার, ট্যাংক ও সাঁজোয়া যানগুলো ধ্বংস করার ওপর জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে হুতিদের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণকে দুর্বল করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দুর্গম পাহাড়ি অঞ্চলে হুতিদের মোকাবিলায় বিশেষায়িত সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে।

হুতিদের এই ধারাবাহিক হামলার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ শৃঙ্খল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন ও সরবরাহ অঞ্চলে এই ধরনের দীর্ঘমেয়াদি সংঘাত বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিকে শ্লথ করে দিতে পারে। বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় আঘাত হানার কারণে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্যেও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও সুরক্ষায় ইসলামাবাদের অনড় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে, পাকিস্তান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ এড়িয়ে সংলাপ ও কূটনীতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

তবে এই সংঘাতের সবচেয়ে মর্মান্তিক প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। ইয়েমেনের চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, দেশটিতে প্রায় ৮ লাখ মানুষের জীবন রক্ষাকারী খাদ্য সহায়তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে তাইজ শহরে সড়ক অবরুদ্ধ থাকায় এবং তীব্র লড়াইয়ের কারণে শত শত পরিবার চরম খাদ্য সংকটে পড়েছে। ইয়েমেনের এক কোটি ৮০ লাখের বেশি মানুষ বর্তমানে পর্যাপ্ত খাবারের অভাবে রয়েছে, যা পুরো অঞ্চলটিকে এক গভীর মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা