সৌদি আরামকোর সদর দপ্তরে তেলের ট্যাঙ্ক। ছবি: রয়টার্স
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
মঙ্গলবারের এ হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন জরুরি বিভাগের কর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
সৌদি সংবাদ সংস্থা এসপিএর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে অবস্থানরত কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল হুথিরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে উল্লেখ করেন।
ইয়েমেনের রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। এর পরপরই পাল্টা হুঁশিয়ারি দেয় হুথিরা। সানায় হামলা হলে সৌদি রাজধানী রিয়াদে কঠোর ও যন্ত্রণাদায়ক জবাব দেওয়া হবে বলে জানান ইয়াহিয়া সারি।
এদিকে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব। সৌদি সংবাদ সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, রিয়াদের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। এর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সানা ও হোদেইদাহ অঞ্চলের তেল স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জোটের দাবি, হুথিরা এসব স্থাপনা ও ভূগর্ভস্থ জ্বালানি ডিপো ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সরঞ্জাম সংরক্ষণে ব্যবহার করছে।
অন্যদিকে, ইয়েমেনের তায়েজ অঞ্চলে হুথিদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী। সেখানে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এদিকে, সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনাকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। পরিস্থিতির কারণে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি আরব ও পার্শ্ববর্তী কয়েকটি দেশে ফ্লাইট স্থগিত করেছে বলে জানিয়েছে এসপিএ।