× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিইসির পদত্যাগ দাবি

বিক্ষোভ অব্যাহত, ধরপাকড়ও চলছে

দিল্লি (ভারত) প্রতিবেক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:৩২ পিএম

ভোটার তালিকা সংশোধন বিতর্কে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে সুপ্রিম কোর্ট অভিমুখে ‘চলো দিল্লি গণতন্ত্র পদযাত্রা’য় অংশ নিয়েছেন বিক্ষোভকারীরা। ছবি: আইএএনএস/কামার সিবতাইন

ভোটার তালিকা সংশোধন বিতর্কে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে সুপ্রিম কোর্ট অভিমুখে ‘চলো দিল্লি গণতন্ত্র পদযাত্রা’য় অংশ নিয়েছেন বিক্ষোভকারীরা। ছবি: আইএএনএস/কামার সিবতাইন

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকা সংশোধনে ‘অনিয়মের’ অভিযোগে ভারতের রাজধানী দিল্লির পাশাপাশি মঙ্গলবার পাটনায় বড় গণ-আন্দোলন হয়েছে। সকালে ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতারা রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরের কঠোর নিরাপত্তা-বেষ্টনী ও ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার পর তাদের আটক করে পুলিশ। 

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভোটার তালিকা নিয়ে বিতর্ক না হয় এখনকার ঘটনা, রাহুল গান্ধীর অধীনে কংগ্রেস তো সেই কবে থেকে সব নির্বাচনেই হারছে। খবর এনডিটিভি ও বিবিসির।

মঙ্গলবার সকালে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নির্দেশ ও আহ্বানে দলের শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসসহ বেশ কয়েকজন কর্মী পুলিশি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে যন্তর মন্তরের ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশ করেন। ঐতিহাসিক এই প্রতিবাদস্থলকে সম্প্রতি সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে অন্য তিনটি স্থান নির্ধারণ করে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি সেগুলোতে আন্দোলন করলে ভাড়া দিতে হবেÑ এমন নিয়মও করছে ক্ষমতাসীন বিজেপি সরকার। 

বিবিসির খবরে বলা হয়, নির্দেশ অমান্য করে প্রতিবাদস্থলে পৌঁছে স্লোগান দিতে শুরু করেন সিজেপি নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। আটকের পরও প্রিজন ভ্যান থেকেই সামাজিক মাধ্যমে লড়াই চালিয়ে যাওয়ার হুংকার দেন আন্দোলনকারীরা। এর আগে পাটনার গান্ধী ময়দানেও বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে ব্যাপক ধস্তাধস্তি ও আটকের ঘটনা ঘটে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট চুরির গুরুতর অভিযোগ এনে সোমবারই সুপ্রিম কোর্টে যৌথভাবে মামলা করেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গেসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা। তবে শীর্ষ আদালত থেকে জানানো হয়েছে, ওই আবেদনে আদালত ফি বাবদ ২২০০ টাকার স্বল্পতা এবং অনুমোদনপত্র ও পরিচয়পত্র সংক্রান্ত মোট ১৪টি ‘ত্রুটি’ রয়েছে। এসব ত্রুটি সংশোধনের পর মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে। এই আইনি লড়াইয়ের পাশাপাশি বিরোধী নেতাদের সঙ্গে এক উচ্চ চা-চক্রে অংশ নিয়ে রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের একতরফা ও অনিয়মিত কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন কোনোভাবেই থামবে না।

শাহের পাল্টা আক্রমণ ও মোদির বার্তা 

বিরোধীদের এই চাপের মুখেও অবস্থান শক্ত রেখেছে শাসক দল বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, কংগ্রেস নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনা ঢাকতেই ভোটার তালিকা বিতর্ককে সামনে আনছে। গুজরাটের সাম্প্রতিক পৌর নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ ও ভোটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির সঙ্গেই রয়েছে। 

এদিকে, দিল্লিরই একটি আন্তর্জাতিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের গণতান্ত্রিক বৈচিত্র্য ও খোলামেলা বিতর্ক চর্চার প্রশংসা করে দেশকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, ‘ভারতই গণতন্ত্রের জননী। এখানে মানুষ বিভিন্ন বিষয়ে খোলামেলাভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেন।’ তিনি আরও বলেন, ‘ক্ষমতা রয়েছে বলেই নাগরিকদের শাসনব্যবস্থার ওপর নির্ভরশীল করা সরকারের লক্ষ্য নয়। বরং উদ্দেশ্য হওয়া উচিত তাদের ক্ষমতায়নে। ভারত সেই পথেই হাঁটছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা