সামরিক সংঘাত
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:২১ পিএম
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ভয়াবহ নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। বিমানবন্দরে টানা হামলা ও প্রাণহানির ঘটনার পর রিয়াদের সুরক্ষার বিষয়ে মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) মঙ্গলবার থেকে প্রকাশ্যে আসেননি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, উচ্চমাত্রার নিরাপত্তাবেষ্টিত রিয়াদের একাধিক গোপনীয় বাংকারযুক্ত রাজপ্রাসাদে তাকে পালাক্রমে অবস্থান বদল করানো হচ্ছে।
সৌদি আরবের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর হুতি বাহিনীর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এতে বিমানবন্দরটির অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত ও তিন শতাধিক আহত হন। পরবর্তী দিন রবিবারও হামলায় এক ব্যক্তি প্রাণ হারান। এ অবস্থায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের সুরক্ষা নিশ্চিত ও যাচাইয়ের লক্ষ্যে কার্যক্রম ১৭ অক্টোবর রাত ৯টা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। এ কারণে রিয়াদের আকাশ ফাঁকা করে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ফলে দেশটিতে আটকা পড়া হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
এদিকে মর্মান্তিক এই ঘটনার আগে সৌদি সরকার কোনো ধরনের পাবলিক সতর্কবার্তা জারি না করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরের শেষদিক থেকেই হুতি হামলা বাড়লেও দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ মোবাইল ফোনে জরুরি বার্তা পাঠানো বন্ধ রেখেছিল। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতিতেও দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘সবকিছু স্বাভাবিক রয়েছে’, এমন ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা করছিল রিয়াদ। তবে কোনো পূর্বাভাস ছাড়াই বিমানবন্দরে এমন ভয়াবহ হামলার ঘটনা সাধারণ মানুষ ও বিদেশি নাগরিকদের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
সামরিক বিশেষজ্ঞদের মতে, হুতিদের নিচ দিয়ে উড়ে আসা ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে শনাক্ত করা রিয়াদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে সৌদি আরব ইতোমধ্যে তাদের ক্ষেপণাস্ত্ররোধী ভাণ্ডারের বড় অংশ ব্যবহার করে ফেলেছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ড. বুরচু ওজচেলিক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, সৌদির বিমান প্রতিরক্ষাব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ না হলেও এটি চরম চাপের মুখে রয়েছে। ঘাটতি মেটাতে রিয়াদ এরই মধ্যে ব্রিটেন, ফ্রান্স, পাকিস্তান ও মিসরের কাছে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আবেদন করেছে। যুক্তরাষ্ট্রও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যেভাবে আঞ্চলিক মিত্রদের দিয়ে স্বল্প খরচের অস্ত্র ব্যবহার করিয়ে বড় ধরনের ক্ষতি করে থাকেÑ হুতিও ঠিক সেই ‘অসম যুদ্ধকৌশল’ অবলম্বন করছে। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র রিয়াদের প্রাণকেন্দ্রে গিয়ে আঘাত হানায় সৌদির অর্থনৈতিক সুনাম ও বিদেশি বিনিয়োগ মারাত্মক ধাক্কা খাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, সামরিক জবাব নিশ্চিত করা ও নিজের নিরাপত্তা রক্ষাÑ সব মিলিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন নজিরবিহীন চাপের মুখোমুখি।