প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২১:২৮ পিএম
সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। ছবি: বিবিসি
সৌদি আরবের বিমানবন্দর এবং তেল ও গ্যাস স্থাপনায় প্রাণঘাতী হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল (ডব্লিউপিসি) এনার্জি কংগ্রেসে সোমবার সৌদি জ্বালানিমন্ত্রী বলেন, “সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনা অত্যন্ত গুরুতর। আমাদের জবাবও সমানভাবে কঠোর হতে হবে।”
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এর ঠিক এক দিন আগে শনিবার ওই বিমানবন্দরের অন্য একটি টার্মিনালে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই হামলায় ১৩ জন নিহত হন এবং বিমানবন্দরটির সংশ্লিষ্ট টার্মিনালটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এদিকে হুথিদের দাবি, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি আরবের ‘নৃশংস আগ্রাসনের’ জবাবেই তারা এসব পাল্টা হামলা চালিয়েছে।
অন্যদিকে হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাজধানী সানার একটি আবাসিক বাড়িতে সৌদি জোটের বিমান হামলায় এক শিশু নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।
ইয়েমেনের লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন এলাকায় হুথিদের বিরুদ্ধে লড়াইরত সরকারপন্থী বাহিনীকে বিমান সহায়তা দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
২০১৪ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ইয়েমেন ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। ওই বছর হুথিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করে।
পরে ২০১৫ সালে সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। সে বছর সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সরকারের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক হস্তক্ষেপ করে।