× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎকেন্দ্রে হামলা অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির

দ্য গার্ডিয়ান

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২০:৩১ পিএম

রবিবার খারকিভের একটি আবাসিক এলাকায় রুশ হামলার পর পুড়ছে গাড়ি। ছবি: আন্দ্রি মারিয়েঙ্কো/এপি

রবিবার খারকিভের একটি আবাসিক এলাকায় রুশ হামলার পর পুড়ছে গাড়ি। ছবি: আন্দ্রি মারিয়েঙ্কো/এপি

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার হামলা অব্যাহত থাকলে কিয়েভও পাল্টা আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন শীতকালে মস্কো যদি জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মত না হয়, তবে ইউক্রেনও এর জবাব দেবে।

সোমবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তাদের এক সমাবেশে জেলেনস্কি বলেন, “রাশিয়া যদি এই শীতে জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তবে আমরাও পাল্টা জবাব দেব।”

তেল শোধনাগারে ইউক্রেনের হামলা চালানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিয়েভের বিরোধের মধ্যেই জেলেনস্কির এই বক্তব্য এল। এই বিরোধে ইউরোপীয় নেতারা কিয়েভের পাশে দাঁড়িয়েছেন।

এর আগে রবিবার ট্রাম্প কিয়েভ ও মস্কোর মধ্যে একটি ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা দেন। তবে জেলেনস্কি জানান, কোনো পক্ষই এমন যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। সোমবার তিনি বলেন, ট্রাম্প যখন এই পোস্ট দিয়েছিলেন, ঠিক তখনই কিয়েভে রাশিয়ার ‘শাহেদ’ ড্রোন হামলা চলছিল। ফলে ট্রাম্পের ওই ঘোষণায় তিনি বিস্মিত হয়েছেন।

ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই খারকিভের একটি বিদ্যুৎকেন্দ্রে লক্ষ্যভিত্তিক হামলা চালায় রাশিয়া। এতে কিয়েভের বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ প্রসঙ্গে মস্কোর ভূমিকা নিয়ে কটাক্ষ করে জেলেনস্কি বলেন, “এটা স্পষ্ট যে পুতিন ট্রুথ সোশ্যাল পড়েন না।”

শীতের তীব্রতা বাড়ার আগেই বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কমাতে একটি জ্বালানি যুদ্ধবিরতির সমঝোতা চায় ইউক্রেন। তবে ইউক্রেনের অবকাঠামোয় হামলা বন্ধে রাশিয়া এখন পর্যন্ত কোনো আগ্রহ দেখায়নি।

এ বিরোধে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে ইউরোপীয় নেতারা বলেছেন, দুই দেশের জ্বালানি অবকাঠামোয় চলমান হামলার জন্য রাশিয়াই দায়ী। সোমবার ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, “জ্বালানি যুদ্ধবিরতি যদি কার্যকর হয়, তবে আমরা সেটিকে স্বাগত জানাই। কিন্তু রাশিয়াও যে এটি মেনে চলবে, তেমন কোনো লক্ষণ আমরা এখনো দেখতে পাচ্ছি না।”

একই সঙ্গে রুশ ডিজেল আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বাল্টিক অঞ্চলের মন্ত্রীরা। ২০২২ সালে ইউক্রেনে পুতিনের পূর্ণমাত্রার আগ্রাসনের শাস্তি হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেসতুতিস বুদ্রিস বলেন, “এই সিদ্ধান্ত জ্বালানি পণ্যের সংকট মোকাবিলা কিংবা রাশিয়ার বিষয়ে আটলান্টিকের উভয় তীরের ঐক্যের ক্ষেত্রে কোনো কাজেই আসবে না। এটি কোনো ইউরোপীয় পথ নয়। আমাদের পথ হলো চাপ বাড়ানো, কারণ আমরা এরই মধ্যে দেখেছি কীভাবে এটি কাজ করে।”

শীতের মাসগুলো সামনে রেখে ইউক্রেনের অবকাঠামোয় জেটচালিত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা বাড়িয়েছে রাশিয়া। যুদ্ধের স্বাভাবিক সময়ের তুলনায় এবার অনেক আগেই দেশটিতে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে।

এদিকে তেল শোধনাগারে হামলা বন্ধে ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিষয়ে কাজা কালাস বলেন, এই চুক্তি মূলত রাশিয়াকেই সুবিধা দেবে; কারণ রাশিয়ার তেল শোধনাগারের সংখ্যা অনেক বেশি।

ইরানের যুদ্ধ এবং পরবর্তীতে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে ধাক্কা লেগেছে, তা এড়িয়ে গিয়ে ডিজেলের চড়া মূল্যের জন্য ইউক্রেনের হামলাকেই দায়ী করেছেন ট্রাম্প।

ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে এই বিরোধের সূত্রপাত হয় গত শুক্রবার, যখন ট্রাম্প রাশিয়ান ডিজেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। তিনি দাবি করেন, এই পদক্ষেপের ফলে আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই বিশ্ববাজারে ও দেশের ভেতরে জ্বালানির দাম কমে আসবে।

ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জেলেনস্কি এটিকে ‘দুর্বল’ পদক্ষেপ বলে আখ্যা দেন। তিনি বলেন, এর ফলে পুতিন অতিরিক্ত ‘বিলিয়ন’ ডলার রাজস্ব পাবেন, যা তাকে যুদ্ধ আরও জোরদার করতে সাহায্য করবে। এর প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ ট্রাম্প বলেন, রাশিয়ার শোধনাগারে হামলা ইউক্রেনের “একেবারেই বন্ধ করা উচিত”। এমনকি গত শনিবার তিনি দাবি করেন, ইউক্রেনের এখন একজন “নতুন নেতা” প্রয়োজন।

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে জেলেনস্কি বলেন, নেতা নির্বাচন করাটা ইউক্রেনের জনগণের বিষয়। তবে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি জানান, পুতিন যদি পূর্ণাঙ্গ ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হন, তবেই ট্রাম্পের দাবি মেনে ইউক্রেনে নির্বাচন অনুষ্ঠানে তিনি প্রস্তুত আছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা