নতুন ৩ জায়গা চূড়ান্ত
এনডিটিভি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৭:০৫ পিএম
দিল্লির যন্তর মন্তরে আর কোনো বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি পালন করা যাবে না বলে জানিয়েছে পুলিশ। ফাইল ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক সভা-সমাবেশ ও আন্দোলনের জন্য দীর্ঘদিনের সুপরিচিত স্থান ‘যন্তর মন্তরে’ আর কোনো প্রতিবাদ কর্মসূচি করা যাবে না বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে বিক্ষোভের জন্য নতুন তিনটি স্থান চূড়ান্ত করেছে।
নতুন নির্ধারিত স্থান তিনটি হলো—রামলীলা ময়দান, বুরারি ময়দান ও পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড।
দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের জারি করা এক নির্দেশনায় যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির সুপারিশ অনুযায়ী বিক্ষোভের স্থান হিসেবে যন্তর মন্তরের অনুমোদন বাতিল করা হলো। এর পরিবর্তে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির জন্য রামলীলা ময়দান, বুরারি ময়দান ও পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডকে নতুন স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।’
পুলিশ জানিয়েছে, নতুন নির্ধারিত এই তিন স্থানে কর্মসূচি পালনের ক্ষেত্রে করণীয় ও নিয়মকানুন জানিয়ে শিগগিরই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা সুনির্দিষ্ট কার্যপ্রণালিবিধি প্রকাশ করা হবে।
সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে বিতর্কের জেরে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেন্ট্রাল দিল্লিতে সরব হয় বিরোধী দলগুলো। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) দফায় দফায় বিক্ষোভের মধ্যেই আন্দোলনস্থলের বিষয়ে এমন নতুন সিদ্ধান্ত এলো।
দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়ায় সরকারের এই পদক্ষেপকে গণতান্ত্রিক আন্দোলন দমনের চেষ্টা আখ্যা দিয়ে বিরোধী দলগুলো সমালোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রশাসন সূত্রে বলা হচ্ছে, সেন্ট্রাল দিল্লির যে এলাকায় যন্তর মন্তর অবস্থিত, সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে। নিরাপত্তাঝুঁকি কমানোর পাশাপাশি ওই এলাকার যানজট নিরসনে সাধারণ মানুষের সুবিধার্থেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।