প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৬:৪০ পিএম
অ্যান্টার্কটিকা মহাদেশ। ছবি: সংগৃহীত
ক্যানসার শনাক্তের খবরটি যেকোনো মানুষের জীবন দেখার দৃষ্টিভঙ্গি আমূল বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে দক্ষিণ-পশ্চিম চীনের ওয়াং ইয়িংয়ের (৬৭) ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে একেবারেই ভিন্নভাবে। মরণঘাতী এই রোগের কথা জানার পর ভেঙে পড়ার বদলে তিনি সিদ্ধান্ত নেন জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি পূরণ করার।
সারা জীবনের সব সঞ্চয় খচর করে এক মাসের জন্য পাড়ি জমান বরফে ঢাকা অ্যান্টার্কটিকায়—উদ্দেশ্য পেঙ্গুইনের ছবি তোলা। তবে দেশে ফেরার পর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় যে ফলাফল মিলল, তা ছিল চিকিৎসকদের কাছেও এক অবিশ্বাস্য বিস্ময়। দেখা গেল, তার ক্যানসারের টিউমারটির আকার আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে!
চীনের সংবাদমাধ্যম সাংহাই মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, পেশায় স্কুল প্রশাসক ওয়াং বহু বছর ধরেই শৌখিন বন্য প্রাণী আলোকচিত্রী হিসেবে পরিচিত। এ পর্যন্ত ক্যামেরাবন্দী করেছেন ১ হাজার ২০০ প্রজাতিরও বেশি পাখি। ২০১৩ সালে ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের একটি স্কুলের চাকরি থেকে অবসরের প্রস্তুতি নেওয়ার সময় তার থাইরয়েড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা কালবিলম্ব না করে তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।
ক্যানসারের খবরে শুরুতে মাথায় আকাশ ভেঙে পড়ে ওয়াংয়ের। তবে অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার ঘোর বিরোধী ছিলেন তিনি। ওয়াংয়ের ভাবনা ছিল, আয়ু যদি ফুরিয়েই আসে, তবে হাসপাতালের চার দেওয়ালে বন্দী না থেকে দূর কোনো প্রান্তে ঘুরে আসাই শ্রেয়। তাই সব ভয় পেছনে ফেলে অ্যান্টার্কটিকায় গিয়ে পেঙ্গুইনের ছবি তোলার পণ করেন তিনি।
এক মাসের ওই অ্যান্টার্কটিকা অভিযানের খরচ ছিল প্রায় দেড় লাখ ইউয়ান (প্রায় ২২ হাজার মার্কিন ডলার), যা ছিল ওয়াংয়ের মোট সঞ্চয়ের চেয়েও বেশি। মেয়ের এই শেষ ইচ্ছা পূরণে তখন পাশে দাঁড়ান তার মা; বাকি খরচের জোগান দেন তিনি।
অ্যান্টার্কটিকায় পৌঁছে ওয়াংয়ের মূল লক্ষ্য ছিল একটি বিশেষ দৃশ্য ফ্রেমে বন্দি করা—মা পেঙ্গুইন পরম মমতায় তার ছানাকে খাবার খাওয়াচ্ছে। তীব্র তুষারঝড় আর মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস হাড়কাঁপানো ঠান্ডায় অন্য পর্যটকেরা যখন তাঁবু বা উষ্ণ আবাসে ফিরে যেতেন, ওয়াং তখন ঘণ্টার পর ঘণ্টা বরফের ওপর দাঁড়িয়ে অপেক্ষা করতেন। অবশেষে তার সেই ধৈর্যের ফল মেলে। সমুদ্র থেকে শিকার শেষে ফিরে আসা মা পেঙ্গুইনের ছানাকে খাওয়ানোর দুর্লভ মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন তিনি।
সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওয়াং বলেন, ‘মা ও ছানার একসঙ্গে পথ চলার সেই অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দী করতে পেরে আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম। দৃশ্যটি আমার হৃদয় ছুঁয়ে যায়।’
অভিযান শেষে দেশে ফিরে ফলোআপ পরীক্ষার জন্য হাসপাতালে যান ওয়াং। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেন, মাত্র এক মাসের ব্যবধানে তার টিউমারটি উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়ে গেছে। চিকিৎসকেরা জানান, আপাতত তার অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই; তবে নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে।
অপ্রত্যাশিত এই ফলাফল ওয়াংয়ের বেঁচে থাকার ইচ্ছাশক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর থেকে বন্য প্রাণী আলোকচিত্রকেই জীবনের প্রধান ব্রত করে নিয়েছেন তিনি। পেনশনের পুরো অর্থ ব্যয় করেছেন আধুনিক ক্যামেরার সরঞ্জাম কিনতে। গত কয়েক বছরে তিনি ঘুরে বেড়িয়েছেন বিশ্বের ৩০টিরও বেশি দেশ। সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র, পেরু ও আফ্রিকার কয়েকটি দেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে তার।
ওয়াং জানান, দেশ-বিদেশে ভ্রমণ আর বৈচিত্র্যময় প্রকৃতির সান্নিধ্য তার জীবনদর্শন বদলে দিয়েছে। জীবনের অনিশ্চয়তাকে এখন তিনি হাসিমুখে মেনে নিতে পারেন; দৈনন্দিন ছোটখাটো বিষয় নিয়ে আর বিচলিত হন না।
কঠিন পরিস্থিতিতেও এমন ইতিবাচক জীবনযাপনের গল্প চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনদের অনেকেই বলছেন, রোগ নিরাময়ে মানসিক শক্তির ভূমিকা অনস্বীকার্য। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই ঘটনাটি প্রমাণ করে, শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক প্রশান্তি কতটা ওতপ্রোতভাবে জড়িত। প্রফুল্ল মন আর মানসিক স্বস্তি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে টিউমারের ক্ষতিকর কোষ ধ্বংসে সহায়তা করে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘থাইরয়েড ক্যানসার সাধারণত খুব বেশি আক্রমণাত্মক হয় না এবং এতে সুস্থতার হার বেশি। তবে এত কম সময়ে তাঁর এমন অভাবনীয় উন্নতি সত্যিই অনুপ্রেরণাদায়ক।’