প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১২:১৮ পিএম
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে করা বিক্ষোভ থেকে এক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
দিল্লিতে বিক্ষোভের সময় শিক্ষার্থী, অধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, আইনজীবী ও সাংবাদিকদের আটক করার ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের উদ্বেগ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির দাবি, এ উদ্বেগ ‘অযৌক্তিক এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’।
শনিবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) দিল্লিতে বিক্ষোভের সময় ব্যাপক ধরপাকড়ের ঘটনায় উদ্বেগ জানায়। এর এক দিন পর রবিবার ভারতের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। ককরোচ জনতা পার্টির আয়োজনে বিক্ষোভ চলাকালে এসব ব্যক্তিকে আটক করা হয়।
গত ১২ ঘণ্টার মধ্যে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের মন্তব্যের জবাবে এটি ভারতের দ্বিতীয় প্রতিক্রিয়া। এর আগে শনিবার জেনেভায় জাতিসংঘে ভারতের স্থায়ী মিশন ওই উদ্বেগকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে এবং একে দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়।
এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘নয়াদিল্লিতে গতকালের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের কিছু মন্তব্য আমরা দেখেছি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমাদের সংবিধানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা হয়েছে। শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচার বিভাগ ও মুক্ত গণমাধ্যম এ অধিকার সুরক্ষায় ভূমিকা রাখে।’
দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) পুলিশের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে জয়সওয়াল বলেন, ‘প্রতিটি গণতান্ত্রিক দেশের মতো ভারতেও নাগরিকেরা জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার শর্তে এ অধিকার চর্চা করেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোরভাবে আইন মেনে কাজ করে। যেকোনো অভিযোগের প্রতিকার পেতে সবার জন্য আদালতের দ্বার উন্মুক্ত।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের উদ্বেগ তাই অযৌক্তিক এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের অবস্থানের সমালোচনা করে জয়সওয়াল বলেন, ‘প্রকাশ্য অবস্থান নেওয়ার ক্ষেত্রে দপ্তরটির চরম বাছবিচারমূলক দৃষ্টিভঙ্গিও আমাদের নজরে এসেছে। আমাদের প্রতিবেশী দেশে বিক্ষোভের বিরুদ্ধে সহিংস পদক্ষেপের ঘটনায় তারা নীরব থেকেছে। একইভাবে তাদের নিজস্ব আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নিয়েও কোনো মন্তব্য করেনি। এ ধরনের দ্বৈতনীতি তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে এবং বহুপক্ষীয় ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমিয়ে দেয়।’
এ বক্তব্যে পাকিস্তান ও ফ্রান্সে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের দিকে ইঙ্গিত করেছে ভারত।
এর আগে শনিবার সন্ধ্যায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র থামিন আল-খিতান ভারতের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান জানানো এবং তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, এ অধিকারের ওপর যেকোনো বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার কঠোর মানদণ্ড পূরণ করতে হবে।
শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘দিল্লিতে বড় পরিসরে বিক্ষোভের আগে ও চলাকালে বিক্ষোভকারী, আন্দোলনের নেতা, নাগরিক সমাজের সংগঠনের সদস্য, আইনজীবী ও সাংবাদিকদের গণহারে আটকের খবর নিয়ে আমরা উদ্বিগ্ন।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর জানায়, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার পুরোপুরি সম্মান ও নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার কঠোর শর্ত মানতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও মানবাধিকারবিষয়ক অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে। যাঁদের ইচ্ছামতো বা যথাযথ আইনি ভিত্তি ছাড়া আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।
এ ছাড়া বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপকভাবে প্রকাশিত উদ্বেগের বিষয়গুলো সমাধানে ভারতীয় কর্তৃপক্ষকে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর।