প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২২:৪২ পিএম
আটলান্টিক বা প্রশান্তের নাম ট্রাম্প মহাসাগর রাখার প্রস্তাব। ছবি: সংগৃহীত
মানচিত্রে সমুদ্র, মহাসাগর কিংবা প্রণালীর নাম শুধু ভৌগোলিক পরিচয় নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, জাতীয় পরিচয়, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক রাজনীতির নানা সমীকরণ। সেই নামকরণ ঘিরেই এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ কিংবা ‘আমেরিকা মহাসাগর’ রাখার কথা বলেছেন তিনি।
এর আগে হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলার পাশাপাশি কানাডার অন্টারিও হ্রদের নাম ‘আমেরিকা হ্রদ’ রাখার উদ্যোগও নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত শনিবার যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ক্লার্কসভিলে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প মহাসাগরের নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। তবে তার বক্তব্যটি ছিল রসিকতার ছলে। ট্রাম্প বলেন, “আমাদের উপসাগর আছে। আমাদের একটি সুন্দর হ্রদ আছে। আমাদের একটি মহাসাগরও দরকার। তাই আমি ভাবছিলাম, আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের যেকোনো একটির নাম ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকা মহাসাগর’ কিংবা এ রকম কিছু রাখা যায়।”
এর আগে গত ২ সেপ্টেম্বর হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রসঙ্গও তুলেছিলেন তিনি।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। এ ছাড়া গত ২৮ আগস্ট কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে অন্টারিও হ্রদের নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সরকারি ভৌগোলিক নামকরণ ব্যবস্থায় নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও কানাডা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, হ্রদটির নাম অন্টারিও হ্রদই থাকবে; অতীতেও, বর্তমানে এবং ভবিষ্যতেও। গত বছর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগও নিয়েছিলেন ট্রাম্প।
এ পদক্ষেপ মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক বিতর্কের জন্ম দেয়। প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম মহাসাগর, আর আটলান্টিক মহাসাগরও আন্তর্জাতিক ভূগোলের সুপ্রতিষ্ঠিত একটি নাম। এসব জলভাগের নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে আপাতত তার বক্তব্য ও রাজনৈতিক রসিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
তথ্যসূত্র : দি ইনডিপেনডেন্ট, এপি ও ট্রুথ সোশ্যাল