দিল্লি (ভারত) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২২:৩৫ পিএম
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে কড়াকড়ি আরও বাড়াল দিল্লি পুলিশ। ছবি: এনডিটিভি
ভোট চোরকে বাঁচাতে গিয়ে ভারতের জনগণের সঙ্গে যুদ্ধ শুরু করেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার। এমন অভিযোগ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবারও দিল্লিতে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা বলেছেন, এই ‘অগণতান্ত্রিক’ চর্চা রুখে দিতে তারা আন্দোলন অব্যাহত রাখবেন। এদিন বামপন্থী দলগুলো, বিশেষ করে সর্বভারতীয় ছাত্রসংগঠন (এআইএসএ) বিক্ষোভ করে এবং রবিবারও পুলিশ বিক্ষোভ দমনে আন্দোলনকারীদের আটক করে; আটকদের মধ্যে এআইএসএ প্রধান নেতা নেহা বোরাও ছিলেন। এদিকে সোমবার দিল্লিতে বড় বিক্ষোভ সমাবেশ ডেকেছে কংগ্রেস নেতৃত্বাধীনা বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। অন্যদিকে তরুণ প্রজন্মের এই অসন্তোষের মাঝেই চেন্নাইয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তরুণ সমাজকে ভয়ডরহীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
জ্ঞানেশের পদত্যাগ দাবিতে শনিবার বড় বিক্ষোভের কর্মসূচি ছিল সিজেপির। কিন্তু যন্তর মন্তরে তাদের বিক্ষোভ করতে দেয়নি পুলিশ। বিক্ষোভের আগেই বিক্ষোভের মূল নেতাÑ সিজেপির অভিজিৎ দীপকে, ইউটিউবার ধ্রুব রাঠি এবং নেহা বোরাকে আটক করা হয়। চার সাবেক মুখ্যমন্ত্রীসহ অন্তত তিন হাজার প্রতিবাদীকে আটক করে পুলিশ। পরে অবশ্য বেশিরভাগই মুক্তি পান। সিজেপির সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাও শনিবার পুলিশের হাতে আটক হন। রবিবার সকালে তারা মুক্তি পান। তবে তাদের শর্ত দেওয়া হয়েছে, আগামী এক বছর তারা ‘শান্তি ভঙ্গ’ করতে পারবেন না।
মুক্তির পরপরই দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট লেখেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য এক লজ্জাজনক অধ্যায়। এই দেশ আগে কখনও এমন ভীরু ও স্বৈরাচারী নেতা দেখেনি।” রবিবার এক সংবাদ সম্মেলনে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাও সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দাস বলেন, “রাষ্ট্র তার নিজের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এক ব্যক্তিকে বাঁচাতে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে।”
রবিবারের বিক্ষোভ ও ধস্তাধস্তি
রবিবার সকালে দিল্লির কনট প্লেস ও যন্তর মন্তরের আশপাশের এলাকায় আবার জমায়েত হওয়ার চেষ্টা করেন সিজেপি এবং বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠনের সমর্থকরা। এদিন এসএফআই, আইসা ও কংগ্রেসের ছাত্রসংগঠন এনএসইউআইয়ের সমর্থকরাও বিক্ষোভে যোগ দেন।
সন্ধ্যায় কনট প্লেসের কাছে রাজীব চক মেট্রো স্টেশনের সাত নম্বর গেটের সামনে নারীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের অনেককে আটক করে একটি বাসে তুলে নিয়ে যায়। নেত্রী নেহা বোরার নেতৃত্বে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাদেরও আটক করে পুলিশ। এর আগে দুপুরে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হন সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। প্রেস ক্লাবের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং অনেককে প্রিজন ভ্যানে তোলা হয়। এসএফআই দাবি করেছে, তাদের নেত্রী ঐশী ঘোষকেও আটক করা হয়েছে।
বিরোধীদের অভিযোগ ও বিজেপির দাবি
বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতা রাহুল গান্ধী এই বিক্ষোভকে জোরালো সমর্থন জানিয়েছেন। ভোটার তালিকার ‘বিশেষ সংশোধনী’র মাধ্যমে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার ঘটনাকে ‘ভোট চুরি’ আখ্যা দিয়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন তিনি। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, “ভোটার তালিকা থেকে মৃত ও অবৈধ ভোটারদের বাদ দেওয়াই এই সংশোধনীর মূল উদ্দেশ্য। এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই।”
এদিকে সিজেপিকে যন্তর মন্তরে ধরনার অনুমতি না দেওয়ার কারণ ব্যাখ্যা করে রবিবার সাংবাদিক বৈঠক করেছে দিল্লি পুলিশ। দিল্লির ডেপুটি কমিশনার (ডিসি) নেহা যাদব জানান, গত জুলাইয়ে যন্তর মন্তরে অবস্থানের সময় সিজেপি আইন ভেঙেছিল। তাদের জমায়েত থেকে পাথর ছোড়া হয় এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। এ ছাড়া দিল্লির বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় বিনা অনুমতিতে জমায়েত করা বেআইনি বলেও জানান তিনি।
মোদির তরুণদের প্রতি বার্তা
দিল্লিতে যখন তরুণ প্রজন্মের এই প্রবল বিক্ষোভ ও পুলিশের ধরপাকড় চলছে, ঠিক সেই সময়েই চেন্নাইয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেন-জি বা বর্তমান তরুণ প্রজন্মের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘আজ বিশ্ব বিভিন্ন সমস্যার সমাধান খুঁজছে। তোমাদের মতো তরুণদেরই সেই সমাধান দেওয়ার ক্ষমতা রয়েছে।’ কবি ভারতিয়ারের উক্তি স্মরণ করিয়ে মোদি তরুণ সমাজকে নির্ভীকভাবে নতুন আইডিয়া নিয়ে কাজ করার এবং বড় স্বপ্ন দেখার আহ্বান জানান।