সিএনএনের বিশ্লেষণ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ২২:০৪ পিএম
২০১৫ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের মারিব প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর সামরিক যান বহর। এদিকে শনিবার রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: স্ট্রিংগার/ইপিএ (ইউরোপিয়ান প্রেসফোটো এজেন্সি)
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবার ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। হুতিরা সৌদি আরবের মক্কা ও মদিনা ছাড়া অন্যান্য বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেছে।
হামলার কারণে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। হামলার পর সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, ১০ অক্টোবরের হামলা বিমানবন্দরের যাত্রীদের টার্মিনালকে নিশানা করে চালানো হয়েছিল। এতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের প্রথাগত নিয়ম অনুযায়ী এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ। আল-মালিকি জোর দিয়ে বলেন, জোটের যৌথ বাহিনী কমান্ড আন্তর্জাতিক মানবিক আইন ও যুদ্ধের নিয়ম অনুসারে এই হামলার চূড়ান্ত ও কঠোর জবাব দেবে। বার্তা সংস্থা সিএনএন তাদের বিশ্লেষণে বলছে, ভুল হিসাব-নিকাশে ইয়েমেনে ফের সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব।
বিশ্লেষণে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর তেলনির্ভর অর্থনীতি থেকে বের হয়ে আসতে চেয়েছিলেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটিকে অর্থনৈতিকভাবে রূপান্তরের স্বপ্ন দেখেছিলেন তিনি। মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার স্বপ্নে বিভোর হয়ে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ, পর্যটনের বিকাশ এবং বড় বড় আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজনসহ নানা পদক্ষেপ নেন সালমান। কিন্তু একাধিক রাজনৈতিক ও সামরিক ভুল হিসাব-নিকাশের কারণে আবারও ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়ছে রিয়াদ। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সালমানের স্বপ্নের অর্থনৈতিক রূপান্তরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সিএনএন বলছে, গত বছরের শেষ দিকে ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মদদপুষ্ট বাহিনীর গাড়িবহরে সৌদি বিমান হামলার পর এক দশকের যৌথ জোটে ভাঙন ধরা শুরু করে। এর জেরে আবুধাবি ইয়েমেন থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। এতে সৌদি আরবকে একাই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমিরাতের এই প্রস্থান পুরো অঞ্চলকে হতবাক করে দেয়। আরব আমিরাতের সেনাদের চলে যাওয়া যুদ্ধক্ষেত্রে মারাত্মক শূন্যতা তৈরি করে। আমিরাতের সুশৃঙ্খল কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার যে দক্ষতা ছিল, সৌদি আরব তা পূরণ করতে ব্যর্থ হয়। ফলে হঠাৎ বদলানো রণকৌশলে মাঠে থাকা হাজার হাজার যোদ্ধা দিশেহারা হয়ে পড়েন।
প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের সেনা প্রত্যাহারের মাত্র আট সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়। বিশ্লেষকদের মতে, ঘটনাটির সময়কাল সৌদি আরবের জন্য ছিল অত্যন্ত প্রতিকূল। জুলাই মাসে খামেনির জানাজায় অংশ নিতে যাওয়া হুতি প্রতিনিধিদের বহনকারী একটি যাত্রীবাহী বিমানের অবতরণ ঠেকাতে সানা বিমানবন্দরে বিমান হামলা চালায় সৌদি আরব। জবাবে হুতিরা যুদ্ধবিরতি ভেঙে দিয়ে বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত অঞ্চল দখল করে নেয় এবং সৌদি আরবের তেল অবকাঠামো ও পাইপলাইনে বিধ্বংসী আক্রমণ শুরু করে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক আহমেদ নাগি সিএনএনকে বলেন, সৌদি আরব হুতিদের এমন সর্বাত্মক আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। আর মাঠের মিত্রদের সঙ্গেও তাদের সমন্বয়ের বড় ধরনের ঘাটতি ছিল।
সৌদি আরবের আরেকটি বড় ভুল হিসাব ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের অন্ধ নির্ভরতা। রিয়াদের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি সত্ত্বেও ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতিতে ভাটা পড়েছে। গত মাসে মোহাম্মদ বিন সালমান দুইবার ট্রাম্পের সঙ্গে কথা বলে হুতিদের ওপর হামলার অনুরোধ জানান। কিন্তু ট্রাম্প সেই অনুরোধ সরাসরি নাকচ করে দেন। উল্টো যুক্তরাষ্ট্র ওমানে হুতিদের সঙ্গে বৈঠক করে লোহিত সাগরে নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে।
এ সম্পর্কে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র্যাটনি সিএনএনকে বলেন, সৌদি সামরিক বাহিনী কখনোই একা বড় যুদ্ধ লড়ার মতো করে গড়ে ওঠেনি। আগে এমন সংকটে মার্কিন সহায়তা পাওয়া যেত, কিন্তু এখন সবকিছুই নির্ভর করে ট্রাম্পের ব্যক্তিগত খেয়ালখুশির ওপর— যা সৌদি আরবকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
এমন পরিস্থিতিতে মিসর ও আমিরাতের সঙ্গে আলোচনার পাশাপাশি তুরস্ক ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা জোট গড়ে তোলে সৌদি আরব। ইয়েমেনে বিমান হামলায় ব্রিটেন সৌদি যুদ্ধবিমানকে মাঝআকাশে জ্বালানি সহায়তা দিচ্ছে এবং শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা গোয়েন্দা তথ্য সরবরাহ করছেন। তা সত্ত্বেও বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, বাইরের সাহায্য বা প্রাথমিক কিছু অগ্রগতি এই দীর্ঘস্থায়ী সংঘাত থামাতে পারবে না। সংঘাত থামাতে তারা তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছেন। ১. যুদ্ধের মাঠের পক্ষগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধের নিষ্পত্তি হতে হবে। ২. যুদ্ধে একটি ঐক্যবদ্ধ কমান্ড প্রতিষ্ঠা করতে হবে। ৩. যুদ্ধের পাশাপাশি সংকট সমাধানে কূটনীতির পথে হাঁটতে হবে। তা না হলে ইয়েমেনে যুদ্ধের চোরাবালি থেকে সৌদি আরবের সহজে বেরিয়ে আসার কোনো উপায় নেই।