× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি ধ্বংস হতে পারে, জানাল ল্যানসেট

দ্য গার্ডিয়ান

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:১৪ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার কিংবা পারমাণবিক যুদ্ধের মতো বিপর্যয়ের কারণে আগামী ২১০০ সালের মধ্যে পৃথিবী থেকে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার কিংবা পারমাণবিক যুদ্ধের মতো বিপর্যয়ের কারণে আগামী ২১০০ সালের মধ্যে পৃথিবী থেকে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার কিংবা পারমাণবিক যুদ্ধের মতো বিপর্যয়ের কারণে আগামী ২১০০ সালের মধ্যে পৃথিবী থেকে মানবজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। বৈশ্বিক ঝুঁকিবিষয়ক নতুন এক মূল্যায়নে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।

স্বাস্থ্যবিষয়ক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সাময়িকী দ্য ল্যানসেটের একটি বিশেষজ্ঞ প্যানেল আগামী ৭৫ বছরে মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ১৭টি বড় ঝুঁকির তালিকা তৈরি করেছে। এই তালিকায় শীর্ষে রয়েছে পারমাণবিক যুদ্ধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। এ ছাড়া ধনী দেশগুলোর বিদেশি সহায়তা কাটছাঁট, জলবায়ু সংকট এবং শিশুদের অপুষ্টির মতো বিষয়গুলোও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

‘ল্যানসেট কমিশন অন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি গ্লোবাল থ্রেটস টু হেলথ’-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঝুঁকিগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই এগুলো মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। তবে তারা জোর দিয়ে বলেছেন, প্রতিটি হুমকি মোকাবিলার জন্যই কার্যকর ও বাস্তবসম্মত পথ এখনও খোলা রয়েছে।

কমিশনের সহ-সভাপতি এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন’-এর পরিচালক অধ্যাপক ক্রিস্টোফার মারে বলেন, “আজকের বিশ্বনেতারা যেসব সিদ্ধান্ত নেবেন, তা-ই নির্ধারণ করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও ভবিষ্যৎ কেমন হবে।”

ঝুঁকিগুলোর মাত্রা নির্ধারণ করতে কমিশন দেখেছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে এসব কারণে কত কোটি মানুষের সুস্থ জীবন নষ্ট হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এটিকে বলা হয় ‘ডিজঅ্যাবিলিটি-অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স’ (ডালি—অসুস্থতা, পঙ্গুত্ব বা অকালমৃত্যুর কারণে হারিয়ে যাওয়া সুস্থ জীবনের বছর)।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, আগামী ৭৫ বছরে পারমাণবিক যুদ্ধ কিংবা এআই-চালিত জীবাণু অস্ত্রের (বায়োওয়েপন) মাধ্যমে মানবজাতির পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যদিও এমন ঘটনার আশঙ্কা তুলনামূলকভাবে কম, তবে একবার ঘটে গেলে তা মানবজাতির অস্তিত্ব মুছে দিতে পারে। উদাহরণ হিসেবে বলা হয়, পারমাণবিক সংঘাতের ফলে বায়ুমণ্ডলের ওপরের স্তরে বিপুল পরিমাণ ধূলিকণা জমে সূর্যের আলো আটকে যেতে পারে, যার ফলে চরম বৈশ্বিক দুর্ভিক্ষ দেখা দেবে। অন্যদিকে এআই ব্যবহার করে প্রাণঘাতী জীবাণু অস্ত্র তৈরি করা সম্ভব।

প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত ল্যানসেটের একটি সম্পাদকীয়তে বলা হয়, “এই হুমকিগুলো যদি বাস্তবে রূপ নেয়, তবে তা মানবজাতির জন্য মহাপ্রলয় বয়ে আনবে।”

তালিকায় থাকা অন্যান্য বড় হুমকির মধ্যে রয়েছে—বায়ুদূষণ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস), শিশুদের অপুষ্টি, জলবায়ু বিপর্যয়, প্রচলিত যুদ্ধ, বিদেশি সাহায্য হ্রাস, অ্যালকোহল ও ধূমপান, উচ্চ রক্তচাপ, স্থূলতা, আয়বৈষম্য এবং মানসিক স্বাস্থ্য সংকট।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) সংক্রামক রোগ মহামারিবিদ্যার অধ্যাপক ও কমিশনের সদস্য ইব্রাহিম আবুবকর বলেন, “আমরা মানুষকে ভয় দেখানোর জন্য এই তালিকা করিনি। নীতিনির্ধারকদের এটি বোঝানোই আমাদের লক্ষ্য যে—ভবিষ্যতে এই সংকটগুলো আসছে, তবে সময়মতো সঠিক পদক্ষেপ নিলে বড় ক্ষতি এড়ানো সম্ভব।”

প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের উদাহরণ টেনে বলা হয়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের বদলে ১ দশমিক ৮ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হলে বিশ্বজুড়ে ১৮৯ কোটি বছরের সুস্থ জীবন রক্ষা করা সম্ভব হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো শীর্ষ দাতা দেশগুলো সম্প্রতি বৈদেশিক সহায়তা উল্লেখযোগ্য হারে কমিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক স্বাস্থ্য সহায়তায় এই বড় ধরনের কাটছাঁটের কারণে ২১০০ সালের মধ্যে প্রায় ১৫০ কোটি বছরের সুস্থ জীবন নষ্ট হতে পারে। এর সবচেয়ে বড় শিকার হবে সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের দেশগুলো, যেখানে শিশুদের অপুষ্টির হারও সবচেয়ে বেশি।

বিশ্বের ৩৫ জন শীর্ষ বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত এই কমিশনের পূর্ণাঙ্গ মূল্যায়ন জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এ উপস্থাপন করা হবে। পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রতিবছর এই প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা