× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিবুতির উপকূলে নৌকা ডুবে ১০৯ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৮:২২ পিএম

আপডেট : ১১ অক্টোবর ২০২৬ ১৮:২৪ পিএম

জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে।  ছবি: এএফপি

জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। ছবি: এএফপি

জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ শিশুও রয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জন।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে।

রবিবার এক বিবৃতিতে আইওএম জানায়, বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাতে তারা জানতে পেরেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের আগ পর্যন্ত কোনো এক সময়ে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে নৌকাটি ডুবে যায়। এলাকাটি এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালি সংলগ্ন এলাকায় অবস্থিত।

নৌকাটিতে ৩০০ জনের বেশি মানুষ ছিলেন। তারা জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে যাত্রা করেছিলেন। দুর্ঘটনার পর ৮০ জনের বেশি মানুষ প্রাণে বেঁচে গেছেন। তাদের সবাই ইথিওপিয়ার নাগরিক। এদিকে নিখোঁজদের উদ্ধারে জিবুতির অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেকজান্দ্রে কোইস্যাক বলেন, ‘আমাদের দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে এবং জরুরি সহায়তা দিচ্ছে।’ তিনি এ ঘটনাকে ‘প্রাণহানির এক ভয়াবহ ঘটনা’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা অভিবাসীদের এই পথে চলাচলের সময় তাদের যেসব ঝুঁকির মুখোমুখি হতে হয়, তারই ভয়াবহ স্মারক। অর্থনৈতিক সুযোগের সন্ধানে তারা এই পথ পাড়ি দিচ্ছেন।’

জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দাব প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২০ কিলোমিটার (১২ দশমিক ৪ মাইল)। আফ্রিকার হর্ন অঞ্চল থেকে হাজার হাজার অভিবাসী এই পথ পাড়ি দিয়ে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই পথটি তাদের জন্য নিয়মিতই প্রাণঘাতী হয়ে উঠছে।

গালফ অঞ্চলের দেশগুলোতে কাজ ও নিরাপত্তার সন্ধানে অনেকে এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং গত মাসে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ায় অস্থিতিশীলতা বাড়লেও অভিবাসীদের এই যাত্রা থামেনি।

আইওএম জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি মানুষ প্রবেশের তথ্য তারা নথিভুক্ত করেছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, গত বছর পাঁচ লাখের বেশি মানুষ এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। এদের মধ্যে অন্তত ৯০০ জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

তবে জিবুতি শুধু অভিবাসীদের যাত্রার স্থান নয়। ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দেশটি থেকে পালিয়েও কয়েক হাজার মানুষ জিবুতিতে আশ্রয় নিচ্ছেন।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা