প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৬:৪৩ পিএম
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত মঙ্গলবার কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থকরা একটি মিছিলে অংশ নেন। ছবি: এএফপি
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। একই সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর খান এবং সাবেক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার নিরাপত্তাসংক্রান্ত সংবিধানের দুটি ধারা অনুযায়ী খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়। এর ফলে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে গেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনি মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খাইবার পাখতুনখাওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
শাহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার সদস্যরা পরিস্থিতি পর্যালোচনা করে ‘সন্ত্রাসবিরোধী লড়াই থেকে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃতভাবে দূরে সরে থাকার’ বিষয়টি আমলে নিয়েছেন।
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, জরুরি অবস্থা জারি হলে কেন্দ্রীয় সরকার কোনো প্রাদেশিক সরকারের আংশিক বা পুরো কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। তবে খাইবার পাখতুনখাওয়া কীভাবে পরিচালিত হবে, প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে তা স্পষ্ট করা হয়নি।
জরুরি অবস্থা জারির ঘোষণার পরপরই পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর এবং প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো। তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকলেও দেশজুড়ে এখনো ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
পিটিআইয়ের মিছিলটি প্রথমে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সরকার ও পিটিআই নেতৃত্বের মধ্যে আলোচনার সুযোগ দিতে তা পিছিয়ে ৪ অক্টোবর করা হয়।
তবে পাকিস্তান সরকার জানিয়েছে, পিটিআইয়ের ওই মিছিলকে ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না। বিক্ষোভকারীদের ঠেকাতে কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছে সরকার। রাজধানীতে প্রবেশের প্রধান সড়কগুলো বন্ধ করতে কনটেইনার দিয়ে ব্যারিকেডও তৈরি করা হয়েছে।
পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি বলেছেন, জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের ফলে দেশে আরও ‘রক্তপাত, অস্থিতিশীলতা ও অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি’ হতে পারে। রয়টার্সকে তিনি বলেন, আলোচনার সুযোগ এখনো রয়েছে। তবে সরকারের সর্বশেষ সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, তারা কখনোই আলোচনায় বসতে চায়নি।
সূত্র: আল জাজিরা