লুৎফুর রহমান, কুয়েত
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৬:০৭ পিএম
কুয়েত এয়ারওয়েজের একটি উড়োজাহান। ফাইল ছবি
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
এর পরিপ্রেক্ষিতে রবিবার কুয়েত ও রিয়াদের মধ্যে নির্ধারিত দুটি ফ্লাইট বাতিল করেছে কুয়েত এয়ারওয়েজ।
বাতিল হওয়া ফ্লাইট দুটি হলো—কুয়েত থেকে রিয়াদগামী ‘কেইউ৭৭৫’ (KU775) এবং রিয়াদ থেকে কুয়েতগামী ফিরতি ফ্লাইট ‘কেইউ৭৭৬’ (KU776)।
সাময়িক এই অচলাবস্থার মধ্যে সংশ্লিষ্ট সব যাত্রীকে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সতর্ক ও হালনাগাদ তথ্য জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
যাত্রীদের সুবিধার্থে টিকিট বুকিংয়ের সময় দেওয়া ফোন নম্বরে সরাসরি নোটিফিকেশন ও খুদে বার্তা (এসএমএস) পাঠানো হচ্ছে। এ ছাড়া কুয়েত এয়ারওয়েজের অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন যোগাযোগ চ্যানেলে নজর রেখেও যাত্রীরা তথ্য সংগ্রহ করতে পারবেন।
কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো নতুন তথ্য দ্রুত যাত্রীদের জানাতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করা হচ্ছে।