ইংল্যান্ডে
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১২:০৫ পিএম
কীভাবে ওই ব্যক্তি বাঘের খাঁচায় প্রবেশ করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ছবি: ইন্ডিয়া টুডে
যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডে একটি বন্যপ্রাণী পার্কে বাঘের খাঁচায় ঢুকে হামলার শিকার হয়ে এক দর্শনার্থীর মৃত্যু হয়েছে।
দক্ষিণ ইয়র্কশায়ায় শনিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ডনকাস্টার শহরের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে। বাঘের খাঁচায় এক ব্যক্তি প্রবেশ করেছেন- এমন খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাসেবার কর্মীরা সেখানে ছুটে যান। তবে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
কীভাবে ওই ব্যক্তি বাঘের খাঁচায় প্রবেশ করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় বাঘটি আহত হয়নি এবং পুরো সময় খাঁচার ভেতরেই ছিল। এ ঘটনায় পার্কের অন্যান্য দর্শনার্থী বা সাধারণ মানুষের জন্য কোনো বাড়তি ঝুঁকি নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর পুরো পার্ক খালি করে দেওয়া হয়। শনিবার রাতেও ঘটনাস্থলে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন।
এক বিবৃতিতে পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিবারকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা তাদের সহায়তা করছেন। এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনার আগে ওই ব্যক্তিকে বাঘের খাঁচার ভেতরে দেখা গেছে- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়েও পুলিশ অবগত রয়েছে। তবে ভিডিওটি যেন কেউ শেয়ার না করেন, সে জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
ঘটনার সময় পরিবারের সদস্যদের সঙ্গে পার্কে বেড়াতে গিয়েছিলেন ৩৯ বছর বয়সী কারমেল পেলহ্যাম। তার বাড়ি ওয়ার্কসপ এলাকায়। পার্কের কর্মীরা তাদের জানান, একটি ঘটনার কারণে পুরো পার্ক খালি করা হচ্ছে।
পেলহ্যাম জানান, তিনি গুলির শব্দের মতো কিছু শুনেছিলেন। এ সময় আকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সকেও চক্কর দিতে দেখেন তিনি। বাঘের খাঁচার ওপর বড় একটি কালো ত্রিপলও দেখতে পান।
তবে পরিস্থিতি সামাল দিতে পার্কের কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। তার ভাষায়, পুরো উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম অত্যন্ত সুসংগঠিতভাবে পরিচালনা করা হয়েছে।
বন্ধ পার্ক
গুরুতর এই ঘটনার পর ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার পর্যন্ত পার্কটি বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পার্কের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ঠিক কী ঘটেছিল, তা জানতে পুলিশের সঙ্গে কাজ করছে পার্ক কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও বলা হয়, দর্শনার্থী, কর্মী ও প্রাণীদের নিরাপত্তা এবং সুস্থতা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক ২০০৯ সালে যাত্রা শুরু করে। ২০১১ সালে পার্কটিতে বিপন্ন প্রজাতির আমুর বাঘের জন্য বিশেষ আবাসস্থল ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ চালু করা হয়। সাইবেরিয়ান বাঘ নামেও পরিচিত এই বাঘের জন্য তৈরি আবাসস্থলটির আয়তন প্রায় শূন্য দশমিক চার হেক্টর বা দুই একর।
পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি উঁচু পর্যবেক্ষণপথ রয়েছে। এই পথ থেকে দর্শনার্থীরা বাঘদের বনভূমি ও তৃণভূমিতে বিচরণ করতে এবং জলপ্রপাতের পানিতে খেলতে দেখতে পারেন।
চাঞ্চল্যকর এ ঘটনার পর কীভাবে ওই ব্যক্তি বাঘের খাঁচায় প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: আল জাজিরা/বিবিসি