× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে আগুন ছড়িয়ে গেল…

সিয়াম সারোয়ার জামিল, দিল্লি (ভারত) থেকে

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ০৯:৫৬ এএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে শনিবার রাজধানী বিক্ষোভকারী ককরোচ জনতা পার্টির এক সমর্থককে আটক করছে পুলিশ। ছবি: এএফপি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে শনিবার রাজধানী বিক্ষোভকারী ককরোচ জনতা পার্টির এক সমর্থককে আটক করছে পুলিশ। ছবি: এএফপি

প্রতিবাদী কণ্ঠস্বরকে এত ভয় ক্ষমতাসীন সরকারের? ভারতে নরেন্দ্র মোদির সরকার খোঁড়া যুক্তি দেখিয়ে যন্তর-মন্তরে সমবেত হতে দেয়নি বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে। ‘ভোটচোর’ প্রধান নির্বাচন কমিশনারকে সপদে বহাল রাখতে গিয়ে গতকাল রাজধানী দিল্লিতে চরম চড়াও হলো বিজেপির শাসনযন্ত্র।

বিকল্প বিক্ষোভস্থল থেকে প্রতিবাদীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া ধস্তাধস্তি ছিল বেনজির। হাতকড়া পরানোর ক্ষমতাও প্রয়োগ হলো। গণহারে গ্রেপ্তার করা হলো ছয় হাজারের বেশি আন্দোলনকারীকে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সামাজিক মাধ্যমে জনপ্রিয় মুখ ধ্রুব রাঠি, সর্বভারতীয় ছাত্রসংগঠনের প্রধান নেত্রী নেহা বোরাকে নেওয়া হয় পুলিশ হেফাজতে।

আন্দোলনে অংশ নেওয়া বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদেরও আটক করে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলার ‍দৃশ্য দেখা গেছে; অন্তত চারজন সাবেক মুখ্যমন্ত্রী আটক হয়েছেন। কিন্তু এতে হিতে বিপরীত ঘটেছেÑ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সবখানে। জ্ঞানেশ কুমার হটাও আন্দোলন এখন ‘মোদি হটাও, ভারত বাঁচাও’ আন্দোলনে রূপ নিচ্ছে। যন্তর-মন্তরে জড়ো হওয়ার সুযোগ না পাওয়া আরশোলারা এখন ছড়িয়ে পড়ছে ভারতের বহু রাজ্যে, আরও শক্তি-সমর্থন নিয়ে।

সিজেপির দাবিÑ ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে ভোটকৌশলের অংশ হিসেবে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এই কারণে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছে। এই দাবিতে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে নয়াদিল্লি। প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা জারি করা হয়। বিভিন্ন প্রবেশপথে বসানো হয় ব্যারিকেড। সাংবাদিকদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়। যন্তর-মন্তরের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার সকালে দিল্লিতে পৌঁছনোর পর বিমানবন্দরেই আটক হন সিজেপির নেতা দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও রত্না সিং। দীপকের অনুপস্থিতিতে আন্দোলনের নেতৃত্বভার পেয়েছেন আজিঙ্ক্যা শিন্ডে। এর আগে সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠিকে।

বিক্ষোভ শুরু হওয়ার আগেই সিপিআই (এম)-এর একাধিক শীর্ষ নেতাকে আটক করা হয় বলে দলের তরফে অভিযোগ করা হয়। আটক হয়েছেন দলের সাধারণ সম্পাদক এমএ বেবি, বৃন্দা কারাট, এমভি গোবিন্দন ও পিকে শ্রীমতী। সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়, অবশ্য তাদের দ্রুতই ছেড়ে দেওয়া হয়। 


যন্তর-মন্তরে প্রবেশের পথে বাধা তৈরি হওয়ায় আন্দোলনকারীদের একাংশ দিল্লি হাট এলাকায় জমায়েত হওয়ার চেষ্টা করে। নেহা বোরার আহ্বানে সেখানে বিক্ষোভ শুরু হয়। পাশাপাশি বিজেপির দপ্তরের বাইরেও বিক্ষিপ্তভাবে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। দুপুরের আগে জনপথ এলাকার রিগাল হোটেলের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। সেখানে লাঠিচার্জ করা হয়েছে। অন্যদিকে বাংলা সাহিব গুরুদ্বারের কাছে জমায়েতের চেষ্টা করা শতাধিক মানুষকেও পুলিশ আটক করে। 

শনিবার দুপুরে দিল্লিতে নিজের বাসভবনের সামনে ধরনায় বসেছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সেখান থেকেই আটক করা হয়। আটক অপর তিন সাবেক মুখ্যমন্ত্রী হলেন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, ত্রিপুরার মানিক সরকার ও কেরালার পিনারাই বিজয়ন। সন্ধ্যায় মমতা ও কয়েক ঘণ্টা ব্যবধানে কেজরিওয়ালকে ছেড়ে দেওয়া হয়। রাতে নেহা বোরাকেও ছেড়ে দেওয়া হয়েছে। এদিন দীপকের দাদি মারা গেছেন; দিল্লি পুলিশ বলেছে, তাকে শেষকৃত্যে অংশ নিতে বাড়ি ফেরার যাত্রায় পুলিশ সহায়তা করতে প্রস্তুত।

আটক ‘আরশোলাদের’ আজ রবিবারের মধ্যে মুক্তি না দেওয়া হলে প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সোনম ওয়াংচুক। লাদাখের এই পরিবেশ ও সমাজসৈনিক অবশ্য স্পষ্ট করেননি তার কর্মসূচির ধরন কী হবে। এর আগে জুলাইয়ে নিট প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে সিজেপির আন্দোলনে শামিল হয়েছিলেন তিনি। সেবার ওই আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

এদিকে তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘এই লোকগুলোর মূল বৈশিষ্ট্য হলো কাপুরুষতা। নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশ কুমার ও অজিত দোভালÑ এই গল্পের খলনায়কেরাÑ ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে, তাদের চারপাশের জায়গা ছোট হয়ে আসছে। আমরা সেই জায়গা ছোট করে আনছি।’

কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’ আগামীকাল সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক দিয়েছে।

তবে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলছে, ভারত কোনো ‘ব্যানানা রিপাবলিক’ নয়। দলটির মুখপাত্র ও সংসদ সদস্য রবি সঙ্কর সিজেপি, কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা প্রতিবাদের বিরুদ্ধে নয়। কিন্তু ভোটে হেরে গিয়ে রাজপথের আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন, তা আমরা হতে দেব না কিছুতেই।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যবারের মতো এবারও চটজলদি মন্তব্য করা থেকে নিজেকে নিবৃত রেখেছেন।

এই দাগ সহজে মুছবে না

দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শ্যাম কুমার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “ভোট কারচুপি নিয়ে প্রতিবাদকারীদের ধরপাকড় ভারতের গণতন্ত্রের সামনে একাধিক গুরুতর প্রশ্ন তুলে ধরেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার প্রশ্ন”।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরকে কেন্দ্র করে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। তার অভিমত, নির্বাচন কমিশনের দায়িত্ব কোনো রাজনৈতিক সরকারের স্বার্থ রক্ষা করা নয়, বরং সংবিধান ও ভোটারের অধিকার রক্ষা করা।

অধ্যাপক শ্যাম কুমার বলেন, “উদ্বেগজনক ব্যাপার হলো, প্রতিবাদ কর্মসূচির আগে থেকেই দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা এবং ধরপাকড়ের খবর সামনে এসেছে। প্রশ্ন হলো, সরকার যদি নিজের গণতান্ত্রিক অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী হয়, তবে শান্তিপূর্ণ প্রতিবাদকে বাধা দেওয়ার প্রয়োজন কেন?”

তিনি আরও বলেন, “গণতন্ত্রে ক্ষমতা স্থায়ী নয়। স্থায়ী হওয়া উচিত সংবিধান, জনগণের অধিকার ও জবাবদিহি। ভারতের নির্বাচন কমিশন যে কাণ্ড ঘটিয়েছে, তা প্রশ্নবিদ্ধ। এবং এই দাগ সহজে যাবে, এরকম সম্ভাবনা নেই”।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা