জাহাঙ্গীর সুর
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ২০:৫৩ পিএম
ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আইনজ্ঞ ও মানবাধিকার যোদ্ধা নাভানেথাম নাভি পিল্লাই। ছবি: সংগৃহীত
বর্তমান বিশ্ব যখন ক্রমে সামরিক দম্ভ, রাজনৈতিক ভীতি প্রদর্শন এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবজ্ঞায় আচ্ছন্ন, ঠিক তখনই এক অভাবনীয় ও যুগান্তকারী সিদ্ধান্ত জানাল নরওয়ের নোবেল কমিটি। এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আইনজ্ঞ ও মানবাধিকার যোদ্ধা নাভানেথাম নাভি পিল্লাই। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিতে অসামান্য সাহসিকতা ও সততার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। বর্ণবাদের চরম নিগ্রহ থেকে উঠে এসে নেলসন ম্যান্ডেলার আইনজীবী হিসেবে শুরু হওয়া তার এই পথচলা আজ বিশ্বশান্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে।
এ প্রসঙ্গে প্রতিদিনের বাংলাদেশকে দেওয়া সাক্ষাৎকারে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রধান ও ইউনেস্কো চেয়ার অধ্যাপক ড. অশোক সোয়াইন বলেছেন, ‘ক্রমে সামরিক শক্তি, রাজনৈতিক ভীতি প্রদর্শন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবজ্ঞার দ্বারা পরিচালিত এই বিশ্বে নাভি পিল্লাইয়ের চেয়ে যোগ্যতর কোনো প্রার্থী নির্বাচনের কথা কল্পনা করা কঠিন।’
নোবেল কমিটির মতে, ১২৫ বছরের ইতিহাসে এবার এমন একজনকে পুরস্কৃত করা হয়েছে, যিনি আন্তর্জাতিক আইনের পরিধি ও প্রভাবকে ব্যাপকভাবে বিস্তৃত করেছেন। বিশ্ব যখন আইনের শাসন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করতে দেখছে, তখন নাভি পিল্লাইয়ের মতো সাহসী ও দৃঢ়চেতা মানুষের বড় প্রয়োজন। নোবেল কমিটি বিশ্বকে মনে করিয়ে দিতে চায়, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার অপরিহার্য।
তার এই ন্যায়বিচারের দর্শন সম্পর্কে ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক সোয়াইন শুক্রবার হোয়াটসঅ্যাপে এই প্রতিবেদককে বলেন, ‘পিল্লাইয়ের কাছে ন্যায়বিচার কোনো ক্ষমতাবান নেতার বদান্যতা কিংবা তাদের অপছন্দের সরকারগুলোর ধ্বংসের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না। বরং এর ভিত্তি হতে হবে এমন সব নীতি, যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য।’
দক্ষিণ আফ্রিকার ডারবানে বর্ণবাদ শাসনামলে এক ভারতীয় তামিল পরিবারে জন্ম নেন নাভি পিল্লাই। গভীর কাঠামোগত বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এক আইনি পথপ্রদর্শক হিসেবে। নেলসন ম্যান্ডেলার মতো বর্ণবাদবিরোধীদের আইনি সুরক্ষা দেওয়ার মাধ্যমে তার যে সংগ্রাম শুরু হয়েছিল, তা পরবর্তীতে গড়ায় আন্তর্জাতিক বিচারালয়ে। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্ট, রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটিআর) ও আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ছিলেন।
রুয়ান্ডা ট্রাইব্যুনালে পিল্লাই এক যুগান্তকারী আইনি সিদ্ধান্ত প্রতিষ্ঠায় মূল ভূমিকা রাখেন। তিনি প্রমাণ করেন, ধর্ষণ ও যৌন সহিংসতাও মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার পর্যায়ে পড়ে। একই মামলায় তার প্রভাবে প্রথমবারের মতো কোনো আসামির বিরুদ্ধে কেবল অপপ্রচার ছড়ানোর মাধ্যমে গণহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়। বর্তমানে তিনি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলায়ও বিচারক হিসেবে নিয়োজিত আছেন।
নাভি পিল্লাইয়ের সবচেয়ে সাহসী ভূমিকা দেখা গেছে ফিলিস্তিন ইস্যুতে। তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরাশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে তার এই অবিচল ভূমিকার কথা উল্লেখ করে অধ্যাপক সোয়াইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য গঠিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে পিল্লাই আমাদের সময়ের রাজনৈতিকভাবে সবচেয়ে সংবেদনশীল মানবাধিকার সংকটের মোকাবিলা করেছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই কমিশন সিদ্ধান্তে উপনীত হয় যে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। রাজনৈতিক চাপ যতই থাকুক না কেন, ফিলিস্তিনিদের জীবন অন্যান্য জনগোষ্ঠীর চেয়ে কম আইনি সুরক্ষা পাবেÑ এমনটি মেনে নিতে পিল্লাই সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন।’
নোবেল কমিটির এই সিদ্ধান্ত বর্তমান বিশ্বরাজনীতির এক চরম বৈপরীত্যকেও সামনে এনেছে। শ্বেতাঙ্গদের বর্ণবাদী শাসনে পিষ্ট হওয়া এক নারীর এই বিশ্বজয়ের নেপথ্যের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক সোয়াইন বলেন, ‘এমন একজন নারী আজ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কার গ্রহণ করছেন, যার পরিবার একসময় শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শাসনে নিগৃহীত হয়েছিল; অথচ ঠিক একই সময়ে ওয়াশিংটন সেই ঐতিহাসিকভাবে সুবিধাপ্রাপ্ত সংখ্যালঘুর বংশধরদেরই এমনভাবে তুলে ধরছে, যেন তারাই এখন ব্যতিক্রমী মানবিক মনোযোগ পাওয়ার সবচেয়ে বেশি দাবিদার।’
আধুনিক বিশ্বে আন্তর্জাতিক আইনি নীতির অন্যতম শ্রেষ্ঠ রক্ষক হিসেবে নাভি পিল্লাইয়ের অবস্থান আজ প্রশ্নাতীত। আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্রের সঙ্গে পুরোপুরি সাযুজ্য রেখে এই বছরের পুরস্কার এমন এক মানুষের হাতে উঠল, যিনি রাষ্ট্রনেতাদের জবাবদিহির আওতায় এনেছেন এবং সংঘাতের শিকার মানুষদের মনে আশা জাগিয়েছেন। বিশ্বশান্তি ও মানবাধিকারের প্রতি নাভি পিল্লাইয়ের এই আপসহীন অঙ্গীকার, আইনের শাসনের মাধ্যমে সংঘাত সমাধানের এক নতুন আশার আলো হয়ে জ্বলছে।
১২৫ বছর আগে যখন প্রথম নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়, তখন থেকেই নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আইনের মাধ্যমে সংঘাত সমাধানের ওপর জোর দিয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের পর আন্তর্জাতিক আইনি কাঠামোর পরিসর বিস্তৃত হলেও নিয়মভিত্তিক এই বিশ্বব্যবস্থা কখনোই নিখুঁত ছিল না। পরাশক্তিগুলো প্রায়ই নিজেদের দায় এড়িয়ে গেছে। এমনকি অপরাধী বা ভুক্তভোগীর পরিচয়ের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক আইনের ফলাফলও ভিন্ন হয়েছে। তা সত্ত্বেও সংঘাতের বদলে বিশ্ব ক্রমে কূটনীতি ও আইনি প্রক্রিয়ার দিকে ঝুঁকছে। নোবেল কমিটির মতে, বিচারকরা হলেন শৃঙ্খলা ও বিশৃঙ্খলার মাঝের ‘সূক্ষ্ম রক্ষারেখার’ অতন্দ্র প্রহরী। এবারের পুরস্কারে ভূষিত নাভি পিল্লাই মূলত এই বিচারিক সাহসিকতা ও ভ্রাতৃত্ববোধেরই এক উজ্জ্বল প্রতীক।