× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মমতা, কেজরিওয়াল, দীপকে, নেহাসহ আটক প্রায় ৫ হাজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১৭:৩৮ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ১৮:০২ পিএম

অভিজিৎ দীপকে, ছাত্রনেতা নেহা বোরা, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ  শনিবার প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

অভিজিৎ দীপকে, ছাত্রনেতা নেহা বোরা, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ শনিবার প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দমনে রাজধানী দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার দিনভর অভিযানে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, ছাত্রনেতা নেহা বোরা, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ চার সাবেক মুখ্যমন্ত্রী।

আটক অন্য দুই সাবেক মুখ্যমন্ত্রী হলেন ত্রিপুরার মানিক সরকার ও কেরালার পিনারাই বিজয়ন। এ ছাড়া ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশের সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিংকেও আটক করেছে পুলিশ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে বিক্ষোভকারীরা। তবে নির্বাচন কমিশন ও বিজেপি অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

শনিবার বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বসানো হয়েছে ব্যারিকেড এবং কাঁটাতারের প্রতিবন্ধক।

কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। বন্ধ করে দেওয়া হয় কয়েক ডজন মেট্রো স্টেশন ও বাজার। বিক্ষোভের নির্ধারিত স্থান জন্তর মন্তর আগেই ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, পুলিশ বিক্ষোভকারীদের আটক করে নিয়ে গেলেও নতুন নতুন বিক্ষোভকারী সেখানে জড়ো হতে থাকেন।

বিমানবন্দরে আটক দীপকে, একই দিনে দাদির মৃত্যু

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামার আগেই আটক করে পুলিশ। তিনি মুম্বাই থেকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও নেতা আশুতোষ রানকার সঙ্গে দিল্লিতে আসা মাত্রই তাদের আটক করে পুলিশ।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দীপকের আটকের দিনই মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় তাঁদের পৈতৃক গ্রামে তার ৮৫ বছর বয়সী দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা যান।

দাদির মৃত্যুর খবর পেয়ে দীপকের বাবা ভগবান ও মা অনিতা গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। তবে দীপকেকে মৃত্যুসংবাদ জানানো হয়েছে কি না, তাকে মুক্তি দেওয়া হবে কি না কিংবা শেষকৃত্যে অংশ নিতে মহারাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাসার সামনে থেকে আটক কেজরিওয়াল

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে তার লোধি এস্টেটের বাসার সামনে থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।


এর মধ্য দিয়ে বিক্ষোভ ঘিরে আটক সাবেক মুখ্যমন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর আগে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মানিক সরকার ও কেরালার পিনারাই বিজয়নকে আটক করার খবর প্রকাশিত হয়।

এদিকে বিক্ষোভে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন ছাত্রনেতা নেহা বোরা, যিনি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) জাতীয় সভাপতি। আন্দোলন ঘিরে আরও কয়েকজন রাজনৈতিক কর্মী ও বিরোধী নেতাকে আটক করার খবর পাওয়া গেছে।

বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় দুটি ডিজিটাল সংবাদমাধ্যমের চার সাংবাদিককে সাময়িকভাবে আটক করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন। রয়টার্সের এক সাংবাদিককেও কিছু সময়ের জন্য আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ করা কয়েকজন আইনজীবীকেও আটক করে পরে মুক্তি দেওয়া হয়েছে।

আটক বিজেপি নেতার মেয়েও

বিক্ষোভ চলাকালে বিজেপির উত্তর প্রদেশের সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিংকেও আটক করা হয়েছে।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যশস্বিনী লেখেন, ‘পার্কে বসে থাকার কারণে আটক করা হয়েছে”।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন যশস্বিনী। সে সময় সিজেপির প্রচারেও সক্রিয়ভাবে সমর্থন জানিয়েছিলেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা