× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলন ঠেকাতে দিল্লিতে ‘লকডাউন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১২:৫৩ পিএম

বিক্ষোভকে সামনে রেখে মধ্য নয়াদিল্লির বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস

বিক্ষোভকে সামনে রেখে মধ্য নয়াদিল্লির বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। ছবি: হিন্দুস্তান টাইমস

নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে তরুণদের বিক্ষোভ ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। ঠিক যেন সেই করোনাকালীন সময়ের মতো লকডাউন। তবে এই লকডাউন অনেক অঘোষিতই।

হাজারো নিরাপত্তাকর্মীর টহল, সড়কে ব্যারিকেড এবং পরিবহন ও টেলিযোগাযোগ সেবায় বিধিনিষেধের মধ্যে শনিবার দিল্লিতে শত শত বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

‘ককরোচ’ যুব আন্দোলন নামে পরিচিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা এ বিক্ষোভের লক্ষ্য প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ নিশ্চিত করা। ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনকারীরা এ কর্মসূচির ডাক দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় কয়েক ডজন তরুণ বিক্ষোভকারীকে ধাওয়া করে আটক করে পুলিশ। তাদের মধ্যে কারও কারও পিঠে ব্যাকপ্যাক ছিল। পরে তাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ওই এলাকায় প্রায় ২০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

দিল্লির বাইরে থেকেও বিক্ষোভের সমর্থকদের আটক করা হয়েছে। তাদের মধ্যে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি রয়েছেন বলে জানিয়েছে পুলিশের একজন মুখপাত্র।

মেট্রো বন্ধ, ইন্টারনেট স্থগিত, পথে পথে তল্লাশি

বিক্ষোভ মোকাবিলায় দিল্লির বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে একাধিক মেট্রো স্টেশন ও বাজার। মোবাইল ইন্টারনেট সেবাও স্থগিত করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দিল্লিতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাসে উঠে যাত্রীদের পরিচয় ও বিক্ষোভে অংশ নেওয়ার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনেও তল্লাশি চালানো হচ্ছে।

সড়কে ব্যারিকেড ও কংক্রিটের প্রতিবন্ধক বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কাঁদানে গ্যাস নিক্ষেপের সরঞ্জামযুক্ত দাঙ্গা নিয়ন্ত্রণের যানও মোতায়েন করা হয়েছে।

‘মোদি তরুণদের এত ভয় পান কেন?’

বিক্ষোভের ডাক দেওয়া ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে সরকারের কঠোর পদক্ষেপের সমালোচনা করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘দেশের তরুণদের, দেশের মানুষকে প্রধানমন্ত্রী এত ভয় পান কেন?’

রেল, মেট্রো, ইন্টারনেট ও সড়ক চলাচলে বিধিনিষেধ আরোপের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দীপকের ভাষায়, এসব পদক্ষেপ সরকারের ভয়েরই বহিঃপ্রকাশ।


যদিও শেষমেষ তিনি আন্দোলনে যোগ দিতে পারেনি। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর, বিমানে থাকতেই তাকে আটক করে পুলিশ। আটক হয়েছেন সিজেপির সহ-আহ্বায়কসহ শীর্ষ নেতারা।

এর আগে, শনিবার সকাল ১০টায় দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান জন্তর মন্তরে সমবেত হওয়ার ঘোষণা দেয় সিজেপি।

তবে শুক্রবার দিল্লি পুলিশ জানিয়ে দেয়, এ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে কর্তৃপক্ষ।

পুলিশের দাবি, জনসমাগম নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভিড় ঠেকানো, জনশৃঙ্খলা বজায় রাখা এবং বিক্ষোভকারীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িক ও সতর্কতামূলক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অন্যদিকে, ককরোচ জনতা পার্টির নেতারা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছেন, আন্দোলন করতে অনুমতির প্রয়োজন নেই।

ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার বিতর্ক

‘গণতন্ত্র বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ বিক্ষোভকে মোদি সরকারের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা সংশোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সিদ্ধান্ত নিয়ে তার অধীনস্থ কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন ও মতবিরোধ দেখা দিয়েছিল। তালিকা থেকে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার বিষয়টি ঘিরে বিতর্ক আরও জোরালো হয়। ১৩ কোটি মানুষের এ সংখ্যা জাপানের মোট জনসংখ্যার চেয়েও বেশি।

বিরোধী দলগুলোর অভিযোগ, নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের মধ্যে যোগসাজশের মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনি ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বিজেপি।

তাদের দাবি, সাম্প্রতিক কয়েকটি রাজ্য নির্বাচনে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা ফলাফলে প্রভাব ফেলেছে।

তবে নির্বাচন কমিশন ও বিজেপি উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা