ব্যাপক ধরপাকড়, ইন্টারন্টে বন্ধ
প্রবাস প্রতিবেদক, দিল্লি (ভারত)
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২২:৫২ পিএম
বিক্ষোভ প্রতিহত করতে কড়াকড়ি: ৯ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন। ছবি: এনডিটিভি
ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা গণবিক্ষোভ শনিবার।
বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করায় নয়াদিল্লির যন্তর-মন্তরে তাদের এদিন সমবেত আন্দোলন করার কথা রয়েছে। এতে বিরোধী দলগুলোও অংশ নিচ্ছে। এই বিক্ষোভ ঠেকাতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দিল্লি পুলিশ।
এরই মধ্যে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর বিক্ষোভপূর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে, ব্যারিকেড বসানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়কে। তবে পুলিশের অনুমতি না পেলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।
বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। দলটির নেতৃত্বে থাকা তরুণ আন্দোলনকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন। তাদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে, যা নাগরিকদের ভোটাধিকার এবং নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
আয়োজকদের দাবি, দেশজুড়ে ভোটকৌশলের অংশ হিসেবে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে মুসলিমরাই বেশি। তবে এই সংখ্যা ও এর পেছনের কারণ নিয়ে বিতর্ক রয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, সংশোধন প্রক্রিয়ায় খসড়া তালিকায় চিহ্নিত নামগুলোর বিষয়টি চূড়ান্ত নয়; যাদের নাম ভুলভাবে বাদ পড়েছে, তাদের পুনরায় তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ, এই প্রক্রিয়া বিরোধী দল ও সংখ্যালঘু জনগোষ্ঠীর সমর্থকদের ভোটাধিকার ক্ষুণ্ন করতে পারে।
বিক্ষোভের কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে নয়াদিল্লির যন্তর-মন্তর। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, ১০ অক্টোবরের কর্মসূচির জন্য আয়োজকদের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের ভাষ্য, নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে কর্মসূচির বিষয়ে জানানো হয়েছিল। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জমায়েত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। বিক্ষোভ মোকাবিলায় নয়াদিল্লি জেলায় ৩৭টি স্থানে অবরোধ ও নিরাপত্তা নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে। টলস্টয় রোড, অশোকা রোড, জনপথ ও সংসদ মার্গের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে। গত ২০ জুলাই সিজেপির সংসদ অভিমুখী মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে এবার আরও কঠোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।
বিক্ষোভের প্রভাব পড়ছে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায়ও। শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে আসা-যাওয়া করা ট্রেনের চলাচল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৯টা থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। এছাড়া মধ্য দিল্লির হোটেল, গেস্টহাউস ও অন্যান্য আবাসনে নতুন অতিথি গ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে।
এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্র ও বামপন্থী যুবসংগঠনও সমর্থন জানিয়েছে। কংগ্রেস-সিপিএমসহ বিরোধী রাজনৈতিক দলগুলো ভোটার তালিকা সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিরোধী জোটের নেতারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বিষয়টি তুলে ধরার উদ্যোগ নিয়েছেন।
‘মাছি মারতে কামান দাগা যায় না’
শনিবারের কর্মসূচি ঘিরে দিল্লিতে ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, নিরাপত্তার স্বার্থে বিধিনিষেধ আরোপ করা যেতে পারে, কিন্তু তার ফলে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ বন্ধ করা যায় না। প্রধান বিচারপতি বলেন, দিল্লির বিভিন্ন প্রান্তে কাজের জন্য যাতায়াতকারী হাজার হাজার মানুষের কথা বিবেচনা করা প্রয়োজন। সকলের নিজস্ব যানবাহন নেই। তাই নিরাপত্তার অজুহাতে গণপরিবহন সম্পূর্ণ বন্ধ করা বাস্তবসম্মত নয়। আদালতের মন্তব্য, ‘মাছি মারতে কামান দাগা যায় না’