‘মাছি মারতে কামান দাগা যায় না’
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২১:০৯ পিএম
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে কড়াকড়ি আরও বাড়াল দিল্লি পুলিশ। ছবি: এনডিটিভি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে কড়াকড়ি আরও বাড়াল দিল্লি পুলিশ। তরুণদের নেতৃত্বাধীন ‘তেলাপোকা জনতা পার্টি’র (সিজেপি) এই কর্মসূচিকে সামনে রেখে মধ্য দিল্লির জনপথ ও কর্তব্যপথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধে টানা ২৪ ঘণ্টার জন্য সব ধরনের মুঠোফোন ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার রাত ১০টা থেকে শুরু হয়ে শনিবার রাত ১০টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দিল্লির ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয় থেকে শুক্রবার সন্ধ্যায় এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও ও এমটিএনএলসহ সব প্রধান টেলিকম অপারেটরকে দেওয়া এক চিঠিতে বলা হয়, ‘টেলিকমিউনিকেশনস রুলস ২০২৪’-এর আওতায় ভারতের স্বরাষ্ট্র সচিবের অনুমোদনে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। জনশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকার সব ধরনের মুঠোফোন ইন্টারনেট পরিষেবা অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‘মাছি মারতে কামান দাগা যায় না’
ইন্টারনেট বন্ধের এই সরকারি সিদ্ধান্ত এমন সময়ে এলো, যার কয়েক ঘণ্টা আগেই দিল্লির গণপরিবহন ব্যবস্থার ওপর বিধিনিষেধ নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। মেট্রো স্টেশন বন্ধ ও দূরপাল্লার ট্রেন বাতিলের বিরুদ্ধে দায়ের করা এক পিটিশনের শুনানিতে শীর্ষ আদালত কড়া মন্তব্য করে বলেন, ‘মাছি মারতে তো কামান দাগা যায় না।’
আদালত মন্তব্য করেন, কোনো কিছু নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া আর সবকিছু পুরোপুরি বন্ধ করে দেওয়ার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। তরুণ ও বয়োবৃদ্ধসহ সব সাধারণ নাগরিকেরই চলাচলের মৌলিক অধিকার রয়েছে।
শুনানিতে বিচারপতিরা আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই নয় যে আপনারা সব ধরনের যোগাযোগ বন্ধ করে মানুষকে কোনো উপায় ছাড়া ফেলে দেবেন।’ এর জবাবে সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে যুক্তি দেখান, প্রতিবাদ করার অধিকার রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের রয়েছে।
প্রভাব পড়বে গুরুত্বপূর্ণ এলাকায়
ইন্টারনেট বন্ধের আওতায় পড়েছে দিল্লির কেন্দ্রস্থলের প্রায় পুরো অংশ। এর মধ্যে রয়েছে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদুয়ারা বাংলা সাহিব, বারাবাখাম্বা রোড, খান মার্কেট, লোধি রোড ও জংপুরা এলাকা।
এর আগে গত জুলাই মাসে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁসের বিরুদ্ধে যন্তরমন্তরে সিজেপির আন্দোলনের সময়েও টানা কয়েক দিন ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে আন্দোলনের তথ্য ও ভিডিও আপলোড করতে তীব্র বাধার মুখে পড়েন তরুণ আন্দোলনকারীরা, এমনকি মূলধারার গণমাধ্যমের সংবাদ পরিবেশনও ব্যাহত হয়। তবে সেবারের বিধিনিষেধ ছিল দেড় কিলোমিটার এলাকাজুড়ে, আর এবার তা বাড়িয়ে চার কিলোমিটার করা হয়েছে।
মেট্রো স্টেশন ও ট্রেন চলাচলেও কড়াকড়ি
ইন্টারনেট স্থগিতের আগেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক পরিবহন নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার রাত ৯টা থেকেই রাজীব চক, নিউ দিল্লি, কেন্দ্রীয় সচিবালয়, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ দিল্লির অন্তত ৫৭টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান ফটক বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে আসার কথা ছিল—এমন অন্তত ৬০টির বেশি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে শনিবারের পূর্বঘোষিত বিক্ষোভ ঘিরে দিল্লির প্রাণকেন্দ্রে কার্যত এক নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হয়েছে।