প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২০:৪১ পিএম
১০ বছর নিখোঁজ থাকার পর অবশেষে ঘরে ফিরেছে ১৩ বছর বয়সী পোষা বিড়াল ‘চার্লি’। ছবি: এনডিটিভি
৩০তম জন্মদিনের প্রস্তুতি নিচ্ছিলেন যুক্তরাজ্যের ওয়েলসের তরুণী লুসি রবার্টসন। এমন বিশেষ দিনে জীবনের সবচেয়ে বড় চমকটি যে তার জন্য অপেক্ষা করছিল, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি। জন্মদিনের সকালে এক পশু চিকিৎসকের কাছ থেকে এলো এক অবিশ্বাস্য ফোন—এক দশক আগে হারিয়ে যাওয়া তাদের পোষা বিড়াল ‘চার্লি’কে খুঁজে পাওয়া গেছে!
যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৬ সালের এপ্রিল মাসে মাত্র তিন বছর বয়সে নিখোঁজ হয় চার্লি। লুসি রবার্টসন ও তার বোন হ্যানা ডেভিসের ভীষণ আদরের ছিল বিড়ালটি। চার্লি সাধারণত বাড়ির আশপাশের এলাকায় ঘুরে বেড়াত। কিন্তু হ্যানা যখন নিউব্রিজ থেকে অ্যাবারকার্ন এলাকায় বাসা বদল করেন, তখনই রহস্যজনকভাবে হারিয়ে যায় চার্লি। মাসের পর মাস চারদিকে খুঁজেও বিড়ালটির কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা।
সেই দুঃসহ দিনের স্মৃতিচারণা করে বিবিসি রেডিওকে লুসি বলেন, “সেটা ছিল আমাদের জন্য এক হৃদয়বিদারক ঘটনা। আমরা খুব ভয়ে ছিলাম, কোনো গাড়ি হয়তো ওকে ধাক্কা দিয়েছে কিংবা ও আর বেঁচে নেই। অনেক খোঁজাখুঁজি করেও আমরা ওর সন্ধান পাইনি। আমরা কখনো আশা হারাইনি, কিন্তু একটা সময় হয়তো বাস্তবতা মেনে নিতে হয়েছিল।”
তবে ১০ বছর পর আসা সেই ফোনকলটি দুই বোনকে রীতিমতো চমকে দেয়। চার্লিকে ফিরে পাওয়ার খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে লুসি লেখেন, “আজ সকালে অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেছে। ১০ বছর আগে বাসা বদলানোর পর আমার বোন তার সন্তানতুল্য বিড়ালটিকে হারিয়ে ফেলেছিল। এরপর আর কখনো ওকে পাওয়া যায়নি। আজ সকালে হ্যানার কাছে ফোন আসে যে ১০ বছর পর চার্লির খোঁজ মিলেছে এবং সন্ধ্যায় আমরা ওকে ঘরে ফিরিয়ে আনতে যাচ্ছি।”
জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি বেশ কিছুদিন ধরে চার্লিকে ঝোপঝাড়ের মধ্যে ঘুরে বেড়াতে দেখছিলেন। ভবঘুরে বিড়াল ভেবে তিনি কয়েক সপ্তাহ ধরে নিয়মিত সেটিকে খাবারও দেন। একপর্যায়ে তিনি বিড়ালটিকে স্থানীয় এক পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক চার্লির চামড়ার নিচে থাকা ‘মাইক্রোচিপ’ স্ক্যান করতেই মালিকের যোগাযোগের নম্বর বেরিয়ে আসে। এরপরই চিকিৎসাকেন্দ্র থেকে ফোন দেওয়া হয় হ্যানাকে।
বিড়ালটি পুরো এক দশক ধরে নিখোঁজ ছিল শুনে ওই পশু চিকিৎসকও তাজ্জব বনে যান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দীর্ঘ ১০ বছর বাইরে বাইরে ঘুরে বেড়ালেও চার্লির শরীরে কোনো ধরনের রোগব্যাধি বা আঘাতের চিহ্ন নেই; সে পুরোপুরি সুস্থ রয়েছে। তবে এতগুলো বছর চার্লি কোথায় এবং কীভাবে বেঁচে ছিল, তা দুই বোনের কাছে এখনো এক বড় রহস্য।