× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৮:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের জলবায়ুর স্বাভাবিক গতিপথকে ওলটপালট করে আরও বিধ্বংসী হয়ে উঠছে আবহাওয়ার বিশেষ পরিস্থিতি ‘এল নিনো’। আগামী ডিসেম্বরের মধ্যে এটি নিজের সবচেয়ে বিপজ্জনক ও চূড়ান্ত শক্তিতে পৌঁছাবে বলে চরম সতর্কতা জারি করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, অন্তত ১৯৫০ সালের পর এটি হতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর একটি।

জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক সংস্থা ‘বিশ্ব আবহাওয়া সংস্থা’ (ডব্লিউএমও) বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানায়। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রাকৃতিক এই পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাবে। মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের সঙ্গে এল নিনোর সংমিশ্রণ বিশ্বজুড়ে তাপমাত্রাকে চরম বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে।

ডব্লিউএমও তাদের মাসিক বৈশ্বিক আবহাওয়া সংক্রান্ত হালনাগাদ তথ্যে জানিয়েছে, ডিসেম্বরে পৌঁছানোর আগে এল নিনো ক্রমাগত আরও শক্তিশালী হতে থাকবে। এর প্রভাবে বিশ্বের বেশির ভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা দেখা দেবে এবং বৃষ্টিপাতের ধারায় বড় ধরনের পরিবর্তন আসবে। এর ফলে কোথাও কোথাও দেখা দেবে ভয়াবহ খরা, আবার কোথাও দেখা দেবে নজিরবিহীন বন্যা।

ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাওলো বলেন, “এল নিনো ইতিমধ্যে দৃঢ়ভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং এটি খুব দ্রুত শক্তি সঞ্চয় করছে। পূর্বাভাস অনুযায়ী, প্রায় শতভাগ সম্ভাবনা রয়েছে যে এই পরিস্থিতি আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হবে। এটি অন্তত ১৯৫০ সালের পর থেকে অন্যতম শক্তিশালী এল নিনো হতে চলেছে।”

সেলেস্তে সাওলো ব্যাখ্যা করে বলেন, এল নিনো পৃথিবীতে নতুন কোনো উত্তাপ তৈরি করে না, বরং মহাসাগরে আগে থেকে জমা হয়ে থাকা তাপকে বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। বর্তমানে মহাসাগরের তাপমাত্রা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি। ফলে সাগরে ছড়িয়ে দেওয়ার মতো তাপের পরিমাণও এখন অনেক বেশি।

বিশ্বের ১৩টি শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক আবহাওয়া কেন্দ্রের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে।

মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পানির উপরিভাগ অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার প্রক্রিয়াকে বলা হয় ‘এল নিনো’। সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পর পর এটি দেখা দেয় এবং ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হয়।

পরিসংখ্যানে দেখা গেছে, এল নিনোর কেন্দ্রস্থল অর্থাৎ মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পানির বাড়তি তাপমাত্রার সূচক গত জুনে ছিল স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর নাগাদ এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশিতে পৌঁছাতে পারে।

যদি তা ঘটে, তবে আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে এটিই হবে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে ২০১৫-১৬ সালের এল নিনোর সময় রেকর্ড ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল।

গত এল নিনোর প্রভাবে ২০২৩ সাল ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত হয়েছিল। আর ২০২৪ সালে এসে প্রাক-শিল্প যুগের (১৮৫০-১৯০০) তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা প্রায় ১ দশমিক ৫৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়ে সর্বকালের উষ্ণতম বছরের রেকর্ড গড়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, এল নিনো সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর আসল উত্তাপের ধাক্কাটি পৃথিবীতে পৌঁছায় আরও পরে। তবে বর্তমান এল নিনোর প্রভাবে এখনই বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে মধ্য আমেরিকার মতো অঞ্চলগুলোতে তীব্র খরার সৃষ্টি হয়েছে, যেখানে পানির অভাবে মরছে পশুপাখি এবং নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ ফসল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা