× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কে এই নেহা বোরা

মোদির বিরুদ্ধে রাজপথে ভারতের লড়াকু ‘জেন-জি’ মুখ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:৪৬ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:৫৪ পিএম

সামাজিক মাধ্যমে নেহা বোরা ভারতের ছাত্র-যুবদের আন্দোলনের মুখ বলে আলোচিত হচ্ছেন। ছবি: বিবিসি

সামাজিক মাধ্যমে নেহা বোরা ভারতের ছাত্র-যুবদের আন্দোলনের মুখ বলে আলোচিত হচ্ছেন। ছবি: বিবিসি

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ‘জেন-জি’ (নতুন প্রজন্ম) আন্দোলনকারীরা যখন ফের দিল্লির রাজপথে নামছেন, তখন আন্দোলনের সামনের সারিতে দেখা যাচ্ছে এক চেনা মুখ। তিনি ২৯ বছর বয়সী পিএইচডি গবেষক নেহা বোরা।

নেহা একাধারে নাট্যকর্মী ও অধিকারকর্মী। গত এক দশক ধরে ক্যাম্পাসের রাজনীতিতে পরিচিত বামপন্থী সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ (আইসা) সঙ্গে যুক্ত। গত দুই বছর ধরে তিনি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তবে ব্যক্তিগত সর্বনাম হিসেবে ‘দে/দেম’ (তারা) ব্যবহার করা নেহার পরিচিতি এখন আর কেবল বিশ্ববিদ্যালয় চত্বরেই সীমাবদ্ধ নেই।

ব্যারিকেডে হাসি, পুলিশের টানাটানি

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নারী পুলিশ সদস্যরা নেহাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। তিনি পুলিশের ব্যারিকেডের ওপর উঠে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে স্লোগান দিচ্ছেন এবং একপর্যায়ে তাকে আটক করা হচ্ছে। এমনকি আটকের পর নারী পুলিশদের কোলে চড়ে যাওয়ার সময়ও হাসিমুখে তার স্লোগান দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

এই আলোচনা প্রসঙ্গে নেহা বলেন, “ঘটনাগুলো ক্যামেরার সামনে ঘটেছে বলেই হয়তো কিছুটা ব্যতিক্রমী মনে হচ্ছে। আসলে বামপন্থী ছাত্র আন্দোলনের অন্য সব কর্মীও ঠিক একই কাজ করছেন। স্রেফ ক্যামেরাটি আমার দিকে ছিল বলেই মানুষ ভিন্ন কিছু ভাবছে।”

নেহাকে ঘিরে এই আলোচনা এমন এক সময়ে তৈরি হয়েছে, যখন রাজপথের একের পর এক আন্দোলনে উত্তাল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানা ১২ বছরের শাসনকালের মধ্যে এটিকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে গ্রীষ্মে দিল্লিতে টানা কয়েক সপ্তাহ বিক্ষোভ করে ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)—জেন-জি প্রজন্মের নেতৃত্বে পরিচালিত একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন। তাদের তীব্র আন্দোলনের মুখেই গত জুলাইয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। এর পাশাপাশি নির্বাচনি সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে কংগ্রেসসহ প্রধান বিরোধী দলগুলোও।

শনিবার দিল্লির যন্তরমন্তরে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। ক্ষমতাসীন বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে তারা। সিজেপির সরাসরি সদস্য না হলেও নেহা জানিয়েছেন, তাদের সংগঠন আইসাও গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে শামিল হবে।

অনশন, ৮ কেজি ওজন হ্রাস ও রাজপথের রাজনীতি

উত্তরাখণ্ডে জন্ম নেওয়া নেহার শৈশব কেটেছে ভারতের বিভিন্ন শহরে। তার বাবা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা। দিল্লি বিশ্ববিদ্যালয় ও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে তিনি এখন মর্যাদাপূর্ণ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পিএইচডি গবেষক।

চলতি বছরের জুনে শিক্ষাবিদ ও পরিবেশবিজ্ঞানী সোনম ওয়াংচুক যখন প্রশ্নফাঁসের বিরুদ্ধে অনশন শুরু করেন, তখন নেহাও তার সঙ্গে অনশনে যোগ দেন। টানা অনশনে নিজের শরীর থেকে আট কেজি ওজন ঝরে গেলেও কর্মসূচি থেকে সরেননি তিনি। একপর্যায়ে হাসপাতালে নেওয়ার পরও ভিডিওবার্তায় নেহা বলেছিলেন, “লড়াই অব্যাহত থাকবে। কিছুটা সুস্থ হয়েই অধিকার আদায়ের লড়াইয়ে আমরা আবার রাজপথে ফিরব।”

জুলাইয়ের আন্দোলনের পর নেহা কার্যত ভারতীয় তরুণদের অন্যতম প্রতিনিধি হিসেবে পরিচিতি পান। গণমাধ্যমের আলোচনার পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশে সংবাদ সম্মেলনেও দেখা যায় তাকে।

পরিবারে রাজনৈতিক টানাপোড়েন, মুখে কালির দাগ

মোদির শাসনবিরোধী আন্দোলনের এই লড়াই নেহার ব্যক্তিগত জীবনেও বড় সংকট তৈরি করেছে। নেহা জানান, তার বাবা-মা কট্টর বিজেপি সমর্থক হওয়ায় পরিবারে রাজনৈতিক মতপার্থক্য চরমে পৌঁছেছে।

অন্যদিকে বিজেপি নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় উত্তর প্রদেশে নেহার বিরুদ্ধে দায়ের করা হয়েছে অন্তত তিনটি মামলা। এর আগেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিল আইসা। এমনকি সম্প্রতি ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের এক বিক্ষোভ মিছিলে নেহার মুখে কালি ছুড়ে মারে এক ব্যক্তি। কালিমাখা মুখের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজের অটল অবস্থানের কথা জানান দেন তিনি।

বারবার গ্রেপ্তার আর নানা প্রতিকূলতা নেহাকে রাজপথের এক আপসহীন যোদ্ধায় পরিণত করেছে।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নেহা তার রাজনৈতিক দর্শন স্পষ্ট করে বলেন, “এ দেশের রাজনীতির গতিপথ বরাবরই রাজপথ নির্ধারণ করেছে এবং ভবিষ্যতেও তা–ই হবে। সাম্প্রতিক অতীতের সামাজিক পরিবর্তনগুলোর দিকে তাকালে দেখবেন—সেগুলো পার্লামেন্টে বসে থাকা লোকদের হাত ধরে আসেনি; এসেছে রাজপথের লড়াই থেকেই।”

(বিবিসি ইন্ডিয়ার নারীবিষয়ক সম্পাদক গীতা পান্ডের প্রতিবেদন থেকে অনুবাদ ও সম্পাদনা করেছেন ভূঁইয়া শফি)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা