× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে কারাগারে লঙ্কান তরুণকে ছুরিকাঘাত

নিরাপদে ফেরানোর দাবি এমপি রাসামানিকামের

জাহাঙ্গীর সুর

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৬:২৫ পিএম

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ১৬:৩৭ পিএম

শ্রীলঙ্কান প্রবাসী শ্রমিক সিবারাসা আনোজান ও এমপি শানাকিয়ান রাজাপুথিরান রাসামানিকাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীলঙ্কান প্রবাসী শ্রমিক সিবারাসা আনোজান ও এমপি শানাকিয়ান রাজাপুথিরান রাসামানিকাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সামাজিক মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সৌদি আরবে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ২৪ বছর বয়সী এক শ্রীলঙ্কান প্রবাসী শ্রমিক সিবারাসা আনোজানকে কারাগারে ছুরিকাঘাত করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। 

এই ঘটনায় শ্রীলঙ্কাজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আনোজানের মা রাসামানিকাম যোগলক্ষ্মী ছেলের প্রাণভিক্ষা চেয়েছেন। এই সংকটময় পরিস্থিতিতে শ্রীলঙ্কা সরকারের পদক্ষেপের ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার সংসদ সদস্য (এমপি) শানাকিয়ান রাজাপুথিরান রাসামানিকাম। হোয়াটসঅ্যাপে বৃহস্পতিবার তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, কূটনৈতিক সম্পর্ক ঠিক রেখেই সব ধরনের কৌশল কাজে লাগিয়ে আনোজানকে নিরাপদে দেশে ফিরিয়ে আনাতেই হবে। 


ঘটনার সূত্রপাত: গত জুনের শেষের দিকে শ্রীলঙ্কায় হিন্দু তীর্থযাত্রীদের পেছনে এক মুসলিম তরুণের কুকুরকে লাথি মারার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এর জেরে অনলাইনে ধর্মীয় বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে এক ব্যবহারকারী হিন্দু দেবতার অবমাননা করে মন্তব্য করলে, তার জবাবে আনোজান ইসলাম ধর্ম নিয়ে একটি অবমাননাকর মন্তব্য করেন। আনোজান পরে দ্রুত সেই মন্তব্য মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চান। তবে তার আগেই ওই মন্তব্যের স্ক্রিনশট আনোজানের সৌদি নিয়োগকর্তা ও কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়। এর জেরে গত জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোজানের ভাই হামসিদান সিবারাসা বিবিসিকে বলেছেন, সৌদি কর্তৃপক্ষ কিছুই জানত না। শ্রীলঙ্কা থেকে কিছু ব্যক্তি আনোজানের কোম্পানির কাছে ইমেইল পাঠিয়ে অভিযোগ করেন। এর ভিত্তিতেই সৌদি কর্তৃপক্ষ মামলাটি দায়ের করে। 

বিচার প্রক্রিয়া ও মৃত্যুদণ্ড: শুরুতে আল আহসা ফৌজদারি আদালত আনোজানকে সাইবার অপরাধ আইনের অধীনে পাঁচ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানা করেন। আনোজানের পক্ষ থেকে সাজা কমানোর আপিল করা হলেও তা খারিজ হয়ে যায়। এরপর ১৭ সেপ্টেম্বর সৌদি প্রসিকিউটররা মামলাটি সাইবার আইনের বদলে শরিয়া আইনের অধীনে বিচারের জন্য আপিল করেন। আপিল আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে মৃত্যুদণ্ড দেন।

এর মধ্যে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, কারাগারে থাকাকালে সিবারাসা আনোজান একটি হাতাহাতির ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। সৌদি কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তার আঘাতগুলো ছিল নখের আঁচড়ের মতো সামান্য। তবে আনোজানের পরিবার এই দাবি নাকচ করে বলেছে, তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আনোজানের মা রাসামানিকাম যোগলক্ষ্মী বলেছেন, ‘আমার ছেলের ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। দয়া করে তাকে ক্ষমা করুন। ওকে আমাদের কাছে ফিরিয়ে দিন।’

প্রতিদিনের বাংলাদেশকে যা বললেন এমপি রাসামানিকাম: বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে আলাপকালে এই প্রতিবেদককে এমপি শানাকিয়ান রাজাপুথিরান রাসামানিকাম বলেন, ‘আনোজানের আঘাতের বিষয়ে যে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে, আমি সরকারের কাছে তার ব্যাখ্যা এবং আনোজানের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। আমি প্রশ্ন করতে চাই, নথি না পেয়ে থাকলে শ্রীলঙ্কার কর্মকর্তারা কীভাবে নিশ্চিত হলেন যে, সৌদি রাষ্ট্রপক্ষ আনোজানের কঠোর শাস্তির আবেদন করেছেন? সংবেদনশীল মামলার বিবরণ গোপন রাখার বিষয়টি আমি মেনে নিলেও, তাদের যাচাই পদ্ধতি নিয়ে ওঠা যৌক্তিক প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যায় না।’

এই তামিল নেতা আরও বলেন, ‘সরকারের কাছে জবাবদিহি চাইলে করলে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবেÑ এই ধরনের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। আমাদের কেবল একটি অরাজনৈতিক উদ্দেশ্য থাকতে হবে: আইনি, কূটনৈতিক ও ক্ষমার সব ধরনের উপায় কাজে লাগিয়ে আনোজানকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান: মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মৃত্যুদণ্ডাদেশের তীব্র নিন্দা করে তা বাতিলের আহ্বান জানিয়েছে। সংস্থার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক হেবা মোরায়েফ বলেন, ‘সামাজিক মাধ্যমে মত প্রকাশের জন্য মৃত্যুদণ্ড দেওয়াটা সৌদি আরবের ফৌজদারি বিচার ব্যবস্থার চরম স্বেচ্ছাচারিতার প্রমাণ। আমরা অবিলম্বে এই রায় বাতিল করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা