নাভেনথাম ‘নাভি’ পিল্লাই।
আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া আইনজীবী ও মানবাধিকারকর্মী নাভেনথাম ‘নাভি’ পিল্লাই।
বাংলাদেশ সময় শুক্রবার বিকাল তিনটায় নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।
জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার পিলাই আন্তর্জাতিক অপরাধ আইন, মানবাধিকার সুরক্ষা ও সংঘাতকালীন যৌন সহিংসতার বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি ১৯৯৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডার বিচারক হিসেবে নিয়োগ পান এবং ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ট্রাইব্যুনালটির সভাপতির দায়িত্ব পালন করেন।
পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হন। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে।
১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্ম পিলাইয়ের। বর্ণবাদী শাসনামলে রাজনৈতিক কর্মীদের আইনি সহায়তা দেওয়ার মধ্য দিয়ে তার মানবাধিকারবিষয়ক কর্মজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়।
১৯৬৭ সালে নাটাল প্রদেশে প্রথম নারী হিসেবে নিজস্ব আইনচর্চা শুরু করেন তিনি। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারক হিসেবে নিয়োগ পান।
রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালনকালে ধর্ষণকে গণহত্যার অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পিল্লাই। তার দীর্ঘ কর্মজীবন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদান রেখেছে।
১৯০১ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া শুরু হয়। ২০২৬ সালে পুরস্কারটির ১২৫ বছর পূর্ণ হলো। এ বছরের পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। আগামী ১০ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা।