× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মার্কিন সেনার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১০:৩০ এএম

মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসান। ছবি: সংগৃহীত

মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফোর্ট হুডে ২০০৯ সালে ১৩ জন নিরস্ত্র সেনাকে গুলি করে হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

৩ ডিসেম্বর টেক্সাসের ফোর্ট হুডে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে ফায়ারিং স্কোয়াডে কোনো মার্কিন সেনার প্রথম মৃত্যুদণ্ড।

মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তকে ‘আধুনিক যুগে নজিরবিহীন’ এবং ‘অনিশ্চিত আইনি পরিস্থিতির’ মধ্যে নেওয়া সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের নিয়ে কাজ করা আইনজীবী জন মিলস।

হেগসেথ বলেন, “মানুষ যাতে এটি দেখতে পারে, তা নিশ্চিত করব। এটি প্রকাশ্যই থাকবে। এ ধরনের কর্মকাণ্ডের গুরুতর পরিণতি রয়েছে- মানুষকে তা বুঝতে হবে।”

২০০৯ সালের ৫ নভেম্বর বিদেশে মোতায়েনের প্রস্তুতি নেওয়া সেনারা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।এ সময় ব্যস্ত চিকিৎসাকেন্দ্রটিতে হামলাটি চালানো হয়। এতে ১৩ জন নিরস্ত্র সেনা মারা যান। মার্কিন সামরিক ঘাঁটিতে যুদ্ধের বাইরে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি।

ভার্জিনিয়ার বাসিন্দা ও মার্কিন সেনাবাহিনীর মনোরোগ বিশেষজ্ঞ হাসান আদালতে স্বীকার করেছিলেন যে তিনিই ওই হামলার বন্দুকধারী। 

২০১৩ সালে সামরিক আদালতে বিচার চলাকালে হাসান ‘যেকোনো ভুলের’ জন্য ক্ষমা চান। তিনি বলেন, আফগানিস্তানে মুসলমান ও তালেবানকে রক্ষা করার বিশ্বাস থেকেই তিনি ওই হামলা চালিয়েছিলেন।

আইনজীবী জন মিলসের ভাষ্য, হাসানের মামলায় আপিল প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তিনি ফেডারেল আদালতে নিজের সাজা ও দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করতে পারেন। সেক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মিলস বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য লাইভস্ট্রিম করার উদ্যোগ ‘ট্রাম্প প্রশাসনের নজর কাড়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়’ এবং এটি কার্যকর হওয়ার সম্ভাবনাও কম। তার মতে, এমন উদ্যোগ ন্যায়বিচারের কোনো বাস্তব প্রতিফলনও ঘটাবে না।

ইয়েল ল স্কুলের ভিজিটিং লেকচারার ইউজিন আর ফিডেলও সিদ্ধান্তটির সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এটি সত্যিই দুঃখজনক সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করা মধ্যযুগীয় ব্যাপার। একটি সমাজ হিসেবে আমরা এর অনেক দূর এগিয়ে গেছি বলে মনে করেছিলাম- অন্তত আজকের আগ পর্যন্ত।’

ফিডেলের মতে, হাসান আইনি লড়াইয়ে গেলে সেই প্রক্রিয়া কয়েক বছর পর্যন্ত চলতে পারে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান মেয়াদের চেয়েও দীর্ঘ হতে পারে।

যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় সাধারণ মানুষের উপস্থিতির ব্যবস্থা রয়েছে। অনেক অঙ্গরাজ্যে সাংবাদিকদের উপস্থিতি বাধ্যতামূলক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিও কয়েকজনকে সাক্ষী হিসেবে আমন্ত্রণ জানাতে পারেন। কোথাও কোথাও সাধারণ নাগরিকদেরও সাক্ষী হিসেবে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক ডেবোরাহ ডেন্নো বলেন, ‘যুক্তরাষ্ট্রে এর আগে কখনো মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য লাইভস্ট্রিম করা হয়নি।’

তার মতে, এমন সম্প্রচার ‘দেশে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় এমন এক ধরনের স্বচ্ছতা আনবে, যা আগে কখনো দেখা যায়নি।’

তবে লাইভ সম্প্রচার নিয়ে বয়সসীমা নির্ধারণ এবং যে অনলাইন প্ল্যাটফর্মে এটি সম্প্রচার করা হবে, সেটির নীতিমালা লঙ্ঘন হবে কি না—এসব গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন ডেন্নো।

এখনো স্পষ্ট নয়, কোন প্ল্যাটফর্মে এই লাইভ সম্প্রচার হবে। বেশিরভাগ বড় সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস বা স্পষ্ট মৃত্যুর দৃশ্য সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ রয়েছে।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ সামরিক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ১৯৬১ সালে। ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক মার্কিন সেনাকে তখন ফাঁসিতে ঝোলানো হয়। অস্ট্রিয়ার ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সাজা হয়েছিল। তৎকালীন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার মৃত্যুদণ্ডের অনুমোদন দিয়েছিলেন। ভুক্তভোগীর পরিবার পরবর্তী প্রেসিডেন্ট জন এফ. কেনেডির কাছে ক্ষমা চাইলেও মৃত্যুদণ্ড কার্যকর ঠেকানো যায়নি।

আর ফায়ারিং স্কোয়াডে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ১৯৪৫ সালের জানুয়ারিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে মার্কিন সেনাবাহিনীর তরুণ সদস্য এডি স্লোভিককে গুলি করে হত্যা করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা