× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন ভারতের কারাবন্দী অধিকারকর্মী উমর খালিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২২:৩৭ পিএম

ছবি:  উমর খালিদের ফেসবুক

ছবি: উমর খালিদের ফেসবুক

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনের জের ধরে ছয় বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী থাকা অধিকারকর্মী উমর খালিদ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কারে ভূষিত হয়েছেন।

আয়ারল্যান্ডভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ফ্রন্ট লাইন ডিফেন্ডারস’ ডাবলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ঝুঁকিতে থাকা মানবাধিকারকর্মীদের জন্য নির্ধারিত ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যাট রিস্ক’ পুরস্কারজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। ভারতে বিচারাধীন অবস্থায় কারাবন্দী থাকায় উমর খালিদ নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

এ বছর উমর খালিদ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের চারজন অধিকারকর্মী এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন—ইরানের মৃত্যুদণ্ডবিরোধী আন্দোলনের কর্মী আহমদরেজা হায়েরি, অ্যাঙ্গোলার গণতান্ত্রিক অধিকারকর্মী লোরিন্দা ম্যানুয়েল গুভেইয়া, ব্রাজিলের কৃষ্ণাঙ্গ রূপান্তরকামী অধিকারকর্মী আড্ডা ভিক্তোরিয়া কায়েতানো এবং সার্বিয়ার শান্তিকর্মী লিলিয়ানা নেশিচ।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে ও বিরোধীদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী ওই সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত ও শত শত মানুষ আহত হন, যাঁদের বেশিরভাগই ছিলেন মুসলিম।

ওই সহিংসতায় গভীর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর উমর খালিদকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সেই থেকে কোনো প্রকার বিচার ছাড়াই টানা ছয় বছর কারাগারে দিন কাটাচ্ছেন তিনি।

উমর খালিদ ও আরেক অধিকারকর্মী শারজিল ইমামসহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ), অস্ত্র আইন ও দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দেওয়া হয়। দিল্লি পুলিশের দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় নরেন্দ্র মোদি সরকারকে বিশ্বমঞ্চে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে এই সহিংসতা ঘটানো হয়েছিল।

পুরস্কার প্রদানকারী সংস্থা ফ্রন্ট লাইন ডিফেন্ডারস এক বিবৃতিতে বলেছে, উমর খালিদকে এভাবে বছরের পর বছর বিনাবিচারে আটকে রাখা ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমত দলনের এক বৃহত্তর বাস্তবতারই প্রমাণ। সংস্থাটির মতে, ভারতে বর্তমানে সন্ত্রাসবিরোধী কঠোর আইনের যথেচ্ছ ব্যবহার, রাষ্ট্রীয় বয়ান তৈরিতে বাধ্যগত গণমাধ্যমের ভূমিকা এবং দোষী সাব্যস্ত না করেই দীর্ঘমেয়াদে জামিন আটকে রেখে প্রাক-বিচার শাস্তি দেওয়ার এক উদ্বেগজনক ধারা তৈরি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই নীতির কারণে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা মারাত্মক নিপীড়নের শিকার হচ্ছেন। ২০২০ সালে অমরাবতীতে দেওয়া উমর খালিদের যে বক্তব্যকে পুলিশ ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দাবি করে আসছে, তা কোনোভাবেই সহিংসতায় প্ররোচনা ছিল না। বরং সেদিন খালিদ মহাত্মা গান্ধীর অহিংস আদর্শের উদ্ধৃতি দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনেরই আহ্বান জানিয়েছিলেন।

দীর্ঘ কারাবাস সত্ত্বেও বারবার তার জামিনের আবেদন নাকচ হয়েছে। সবশেষ গত ৩০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন তৃতীয়বারের মতো নাকচ করে দেন। আদালত জানান, সুপ্রিম কোর্টের আগের দেওয়া শর্ত ও আইনি বিধিনিষেধের কারণে তাঁরা এই মুহূর্তে জামিন দিতে অপারগ।

এর আগে ভারতের সুপ্রিম কোর্ট এ মামলার অন্য অভিযুক্ত গুলফিশা ফাতিমা, মিরা হায়দার ও শাফিউর রহমানসহ কয়েকজনকে জামিন দিলেও উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন নাকচ করেছিলেন। ফলে দীর্ঘ ছয় বছরের কারাবাস শেষে এখনো কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই মুক্তির প্রহর গুনছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক এই ছাত্রনেতা।

সোর্স: স্ক্রল ডটইন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা