× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জান্তার সঙ্গে বৈঠক: বদলাচ্ছে ট্রাম্পের মিয়ানমার নীতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২১:১৮ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার এক অভ্যর্থনা অনুষ্ঠানে গার্ড অব অনার পরিদর্শন করছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। ছবি: রয়টার্স

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার এক অভ্যর্থনা অনুষ্ঠানে গার্ড অব অনার পরিদর্শন করছেন মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং। ছবি: রয়টার্স

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের জান্তাকে একঘরে করে রাখার দীর্ঘদিনের মার্কিন নীতি থেকে সরে এসেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির সামরিক সরকারের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে ওয়াশিংটন।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তা ও সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইনটেলিজেন্স অ্যান্ড রিসার্চবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ভ্যান্স এই সরাসরি যোগাযোগের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছেন। গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর মিয়ানমারের রাজধানী নেইপিডোতে গিয়ে অভ্যুত্থানের নেতা ও বর্তমান জান্তাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করেন তিনি। ২০২১ সালের অভ্যুত্থানের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক।

সংশ্লিষ্ট সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাতে জানা গেছে, এই তৎপরতার প্রাথমিক উদ্দেশ্য মিয়ানমারে গড়ে ওঠা সাইবার প্রতারণাকেন্দ্রগুলো বন্ধ করা, যেগুলোর মাধ্যমে প্রতিনিয়ত আমেরিকানদের প্রতারিত করা হচ্ছে। তবে এ যোগাযোগের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বৃহত্তর স্বার্থের পথও উন্মুক্ত হতে পারে, যার মধ্যে মিয়ানমারের বিপুল বিরল খনিজ সম্পদের (রেয়ার-আর্থ মিনারেল) মজুত ব্যবহারের বিষয়ও রয়েছে।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে গণতন্ত্র প্রসারের চিরাচরিত অবস্থানের চেয়ে ‘স্বার্থ ও লেনদেনভিত্তিক’ (ট্রানজ্যাকশনাল) কূটনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান প্রশাসন।

গত ১১ জুন ইয়াঙ্গুন বিমানবন্দর থেকে আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক প্রধান ও মার্কিন ব্যবসায়ী অ্যাডাম ক্যাস্তিলোকে আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ। তার সমর্থকদের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগে তাকে আটক করা হয়েছিল। ক্যাস্তিলোর মুক্তির জন্য হোয়াইট হাউস, জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্র দপ্তর মিয়ানমারের সঙ্গে অনানুষ্ঠানিক (ব্যাক-চ্যানেল) কূটনৈতিক তৎপরতা চালায়।

একটি সূত্রের দাবি, ক্যাস্তিলোর মুক্তির বিনিময়ে মিয়ানমার শুধু একটি শর্তই দিয়েছিল—যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ‘যথাযথ পর্যায়ের আনুষ্ঠানিক যোগাযোগ’ স্থাপন করতে হবে। এরপর ক্যাস্তিলো মুক্তি পান। এই সমঝোতার পথ ধরেই গত জুনে টোকিওতে ভ্যান্সসহ মার্কিন ট্রেজারি, হোমল্যান্ড সিকিউরিটি ও পেন্টাগন কর্মকর্তাদের সঙ্গে মিয়ানমার প্রতিনিধিদের বৈঠক হয়।

এ ছাড়া এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ভ্যান্স মিয়ানমারের গণতন্ত্রকামী বিরোধী দল ও জান্তাবিরোধী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও ভার্চ্যুয়ালি এবং সরাসরি যোগাযোগ রেখেছেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো মিয়ানমারের ভূখণ্ডে চলা সাইবার প্রতারণাকেন্দ্রগুলো বন্ধ করা। এসব কেন্দ্র থেকে ‘রোমান্স ফ্রড’সহ বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে আমেরিকানদের কাছ থেকে শত শত কোটি ডলার হাতিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সরাসরি মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তবে গবেষকদের দাবি, এসব কেন্দ্রের বেশিরভাগই জান্তাপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রণে চলে এবং এর আয়ের ভাগ সামরিক বাহিনীর কাছেও যায়। ফলে জান্তা এ বিষয়ে কতটা কঠোর হবে, তা নিয়ে বড় সংশয় রয়েছে।

পাশাপাশি, বৈদ্যুতিক গাড়ি ও বায়ুবিদ্যুতের টারবাইন তৈরিতে ব্যবহৃত ‘হেভি রেয়ার-আর্থ’ খনিজ নিয়েও আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। খনিজ সরবরাহে চীনের ওপর একক নির্ভরতা কমাতে চায় ওয়াশিংটন। তবে মিয়ানমারের এই খনিগুলোর বেশিরভাগই জান্তাবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায় এবং চীনের স্বার্থ জড়িত থাকায় বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য বেশ জটিল।

২০১৬-১৭ সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্বিচার গণহত্যা ও বিতাড়নের দায়ে মিন অং হ্লাইংয়ের ওপর এখনো যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এমনকি ভ্যান্সের নেইপিডো সফরের দুই সপ্তাহের মাথায় রাখাইন রাজ্যের এক জনাকীর্ণ বাজারে জান্তার বিমান হামলায় ৫০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হন।

এমন পরিস্থিতির মধ্যেও জান্তার সঙ্গে বৈঠকের যৌক্তিকতা তুলে ধরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, “সমস্যা এড়িয়ে গিয়ে সমাধান করা যায় না, বরং মুখোমুখি হয়েই সমাধান করতে হয়।” যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে এমন প্রতিটি বিষয়ে সব পক্ষের সঙ্গেই কথা বলা হবে বলে জানান তিনি।

তবে ট্রাম্প প্রশাসনের এই নীতি পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস। তিনি বলেন, “কংগ্রেসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিন অং হ্লাইংয়ের মতো অপরাধীর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে এই খুনি জান্তাকে আন্তর্জাতিক বৈধতা দিচ্ছেন। এটি আমেরিকার মূল্যবোধ ও স্বার্থের চরম পরিপন্থী।”

অভ্যুত্থানের পর সাবেক বাইডেন প্রশাসন মিয়ানমারের সম্পদ জব্দ এবং বিরোধীদের অহিংস সহায়তা দেওয়ার নীতি নিয়েছিল। তবে ট্রাম্পের বৈদেশিক সহায়তা কাটছাঁটের কারণে বিরোধীদের সহায়তা কর্মসূচিগুলো আগেই বন্ধ হয়ে যায়। এর মধ্যেই মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষে ওয়াশিংটনে প্রভাবশালী মার্কিন মধ্যস্থতাকারীদের দিয়ে লবিং জোরদার করে জান্তা সরকার, যার ফলেই এই নীতি পরিবর্তনের ক্ষেত্র তৈরি হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা