× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার হামলায় নিহত ৩৩

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৮:৩৮ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ শহর ক্রামাতোরস্কে দুটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ছোড়া ‘গ্লাইড’ বোমার আঘাতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। ছবি: বিবিসি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ শহর ক্রামাতোরস্কে দুটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ছোড়া ‘গ্লাইড’ বোমার আঘাতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। ছবি: বিবিসি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ শহর ক্রামাতোরস্কে দুটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ছোড়া ‘গ্লাইড’ বোমার আঘাতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

দোনেৎস্কের আঞ্চলিক প্রধান ভাদিম ফিলাশকিন অভিযোগ করে বলেন, সাধারণ যাত্রীদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ হামলা চালানো হয়েছে, যাতে সর্বোচ্চসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। স্থানীয় কৌঁসুলিদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, সড়কের ওপর ক্ষেপণাস্ত্রের আঘাতে পুড়ে যাওয়া বাসের কঙ্কাল, চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ ও নিহতদের মরদেহ।

ক্রামাতোরস্ক সিটি কাউন্সিল এই হামলাকে সাধারণ মানুষের বিরুদ্ধে রুশ বাহিনীর ‘নৃশংস অপরাধ’ বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, রাশিয়া এমন একটি স্থানে আঘাত হেনেছে, যার আশপাশে কোনো ধরনের সামরিক স্থাপনা ছিল না। পরিস্থিতি বিবেচনায় শহরটিতে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হামলার বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনজুড়ে রুশ বিমান হামলার তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের আগস্টের মধ্যেই ইউক্রেনে যত বেসামরিক মানুষ নিহত হয়েছেন, তা বিগত পুরো বছরের মোট নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ক্রামাতোরস্কে হামলার কয়েক ঘণ্টা আগে বুধবার ভোরে কিয়েভের পূর্বাঞ্চলীয় শহর প্রিলুকিতে একটি পাঁচতলা আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে পাঁচ শিশুসহ অন্তত ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশুর বয়স মাত্র এক বছর।

এদিকে রাজধানী কিয়েভেও দিনভর মুহুর্মুহু বিমান হামলার সাইরেন বেজেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, সেখানে চালানো হামলায় ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। হামলার মুখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের নিরাপদ বাঙ্কারে নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বিস্তীর্ণ অংশে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। প্রিলুকির হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই আক্রমণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হিংস্র উদ্দেশ্যের’ প্রমাণ।

যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ ঠেকাতে রাশিয়ার জ্বালানি তেল কোম্পানি, ক্রিপ্টোকারেন্সি এবং কথিত ‘ছায়া নৌবহর’ বা শ্যাডো ফ্লিটের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি পুনর্ব্যক্ত করেন, যুদ্ধে জয় না পাওয়া পর্যন্ত ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাজ্য।

হামলায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের কাছে আকাশ সুরক্ষায় আধুনিক প্রতিরক্ষা প্যাকেজ সরবরাহের তাগিদ দিয়েছেন। মূলত বিশ্বজুড়ে প্রতিরক্ষামূলক ‘ইন্টারসেপ্টর’ ক্ষেপণাস্ত্রের সংকটের কারণে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউক্রেনকে হিমশিম খেতে হচ্ছে।

ইউক্রেনের শিল্পসমৃদ্ধ ডনবাস অঞ্চলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে মরিয়া মস্কো। অঞ্চলটির লুহানস্ক প্রায় পুরোটাই এখন রাশিয়ার দখলে, তবে দোনেৎস্কের প্রায় ২০ শতাংশ এলাকা এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহর দুটি ইউক্রেনের সেই প্রতিরক্ষা বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

যুদ্ধের শুরু থেকেই ক্রামাতোরস্ক ইউক্রেনীয় সেনাদের রসদ সরবরাহের মূল ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে রুশ স্থলবাহিনী শহরের কাছাকাছি অগ্রসর হওয়ায় সম্প্রতি সেখানে দূরপাল্লার ও ডানাযুক্ত ‘গ্লাইড বোমা’র ব্যবহার বহুগুণ বাড়িয়েছে রাশিয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা